সিটি করপোরেশন নির্বাচন শেষ হয়েছে দুই বছর। অনেক স্থানে উন্নয়ন হয়েছে। আবার কোথাও কিছুই হয়নি। এলাকার সমস্যা, সম্ভাবনা, অভাব-অভিযোগ, সুবিধা-অসুবিধা নিয়ে ওয়ার্ডের চালচিত্র
প্রায় প্রতিটি সড়ক-অলিগলিতে ছড়িয়ে থাকে ময়লা-আবর্জনা। গাড়ি চললে ওড়ে ধুলাবালু। তখন নাক চেপে চলতে হয় পথচারীদের। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ২৯ নম্বর ওয়ার্ডের চিত্র এটি। এ ছাড়া ওয়ার্ডে বিভিন্ন সড়ক দখল করে গড়ে উঠেছে দোকানপাট। আবাসিক ভবনে গড়ে তোলা হয়েছে ছোটখাটো কারখানা। আছে মশার উপদ্রব। অলিগলিতে বিক্রি হয় মাদক।
গতকাল বুধবার ওয়ার্ডের বিভিন্ন এলাকা ঘুরে ও সাধারণ মানুষের সঙ্গে কথা বলে জানা গেছে এসব সমস্যার কথা।
ইসলামবাগ, শায়েস্তা খান রোড, রহমতগঞ্জ লেন, হাজী রহিম বকস লেন, ওয়াটার ওয়ার্কস রোড, হাজী কালু রোড, গণি মিঞার হাট, ফড়িয়াপট্টি এলাকা নিয়ে এই ওয়ার্ড গঠিত।
দেখা যায়, ওয়াটার ওয়ার্কস রোডের দুপাশের বিভিন্ন স্থানে গড়ে তোলা হয়েছে অর্ধশতাধিক অস্থায়ী দোকানপাট। এসব দোকান ও বাসাবাড়ির ময়লা-আবর্জনা সড়কে ছড়িয়ে আছে। এর মধ্যে পলিথিন ও প্লাস্টিক-জাতীয় আবর্জনা বেশি। সড়কে যানচলাচল করলেই উড়ছে ধুলাবালু। সড়কের দুপাশের নালায়ও আবর্জনা জমে থাকতে দেখা যায়। ইসলামবাগ, রহমতগঞ্জ লেন, হাজী রহিম বকস লেন, হাজী কালু রোড, গণি মিঞার হাট, ফড়িয়াপট্টি এলাকা ঘুরেও একই ধরনের চিত্র দেখা গেছে। এর মধ্যে গাবতলী-সদরঘাট বেড়িবাঁধ সড়ক ও বুড়িগঙ্গা নদীর পাড়ে আবর্জনার স্তূপ বেশি।
ইসলামবাগের সারোয়ার আলম বলেন, সিটি করপোরেশনের পর্যাপ্ত ওয়েস্ট বিন না থাকায় যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলছে মানুষ। বৃষ্টিতে তা সড়কে ছড়িয়ে যায়। পরে আবর্জনা শুকিয়ে সেগুলো ওড়ে। তিনি বলেন, গত বছর ওয়ার্ডের প্রায় প্রতিটি সড়ক ও গলিতে নির্দিষ্ট দূরত্বে ওয়েস্ট বিন বসিয়েছিল সিটি করপোরেশন। কিন্তু কয়েক মাসের মধ্যে সেগুলোর অধিকাংশই চুরি হয়ে গেছে। যে কয়টি আছে, তা-ও ভাঙা। এ ছাড়া এসব এলাকার রাস্তাঘাট নিয়মিত পরিষ্কার করেন না ডিএসসিসির পরিচ্ছন্নতাকর্মীরা।
ডিএসসিসির এই ওয়ার্ডে তিনটি কমিউনিটি সেন্টার ছিল। এর মধ্যে ২০০৫ সাল থেকে শায়েস্তা খান কমিউনিটি সেন্টার ব্যবহৃত হচ্ছে র্যাব-১০-এর কার্যালয় হিসেবে। তার পর থেকে সেখানে সামাজিক-সাংস্কৃতিক অনুষ্ঠান বন্ধ। সাত বছর আগে পুনর্নির্মাণের জন্য ভাঙা হয় জরাজীর্ণ ইসলামবাগ কমিউনিটি সেন্টার। কিন্তু তা আর নির্মাণ করা হয়নি। চারপাশে দেয়ালঘেরা কমিউনিটি সেন্টারের জায়গায় বিভিন্ন কারখানার প্লাস্টিক রিসাইক্লিং করা হচ্ছে। চালু আছে কেবল জামাল সরদার কমিউনিটি সেন্টারটি। তবে সেখানে অনুষ্ঠান করার সুযোগ পাওয়া অনেক কঠিন বলে জানিয়েছেন বাসিন্দারা।
রহমতগঞ্জের বাসিন্দা সালাউদ্দিন আহমেদ বলেন, এই এলাকার মানুষের সংখ্যা বিবেচনা করে তিনটি কমিউনিটি সেন্টার নির্মাণ করেছিল সিটি করপোরেশন। কিন্তু চালু আছে মাত্র একটি। এতে মহল্লার মানুষ সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠান করতে পারছেন না।
ডিএসসিসির ওই ওয়ার্ডের প্রায় প্রতিটি বাড়ির নিচতলায় বিভিন্ন ধরনের কারখানা গড়ে উঠেছে। এর মধ্যে পলিথিন ও প্লাস্টিক রিসাইক্লিংয়ের কারখানা বেশি। স্থানীয় লোকজনের ভাষায়, ওয়ার্ডটি একটি মিনি শিল্পনগরী। কারণ, সারা দেশ থেকে সংগ্রহ করা ব্যবহৃত পলিথিন ও প্লাস্টিক এখানে রিসাইক্লিং করা হয়। এসব কারখানা থেকে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা আছে।
ওয়ার্ডে মশার উপদ্রব আছে বলে অভিযোগ করেছেন বাসিন্দারা। কালু রোডের বাসিন্দা আসাদুজ্জামান বলেন, গত মে মাস থেকে নগরে চিকুনগুনিয়া ছড়িয়ে পড়ার পর থেকে নিয়মিত মশার ওষুধ ছিটানো হয়। কিন্তু তারপরও রাতে মশা কামড়ায়। তাই এসব ওষুধের মান সঠিকভাবে পরীক্ষা করা দরকার।
ওয়ার্ডে মাদকসেবীদের দৌরাত্ম্য বেড়েছে বলে অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের অভিযোগ, এই ওয়ার্ডে হাত বাড়ালেই মাদক পাওয়া যায়। দিনের বেলায়ও প্রকাশ্যে মাদক বিক্রি করতে দেখা যায়। রাতে মাদকসেবীরা চুরি-ছিনতাইয়ে নেমে পড়ে।