সড়কে আবার খানাখন্দ, মানুষের চরম ভোগান্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনার ফুলতলা-শাহপুর সড়কটিতে মানুষের ভোগান্তি কমাতে সড়ক ও জনপথ (সওজ) বিভাগ প্রায় আট মাসের ব্যবধানে দুই দফায় সংস্কারকাজ করেছে। তবে মানুষের ভোগান্তি কমেনি। বরং আগের তুলনায় বেড়েছে।
এলাকাবাসী জানান, ফুলতলা থেকে শাহপুর পর্যন্ত সড়কটির দৈর্ঘ্য ১৭ কিলোমিটার। দীর্ঘদিন সংস্কারের অভাবে সড়কটি চলাচল অনুপযোগী হয়ে পড়েছিল। এলাকাবাসীর অভিযোগের পরিপ্রেক্ষিতে গত বছরের মে ও জুন মাসে সড়কটির সংস্কারের উদ্যোগ নেয় সওজ। সড়কটির মাঝে ছোট-বড় গর্তগুলোকে পাথরের খোয়া ও পিচ মিশিয়ে ভরাট করা হয়। কিন্তু সংস্কারকাজ শেষ হতে না হতেই পিচ উঠে খোয়া বেরিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়। তাই দ্বিতীয় দফায় সড়কটির সংস্কারের সিদ্ধান্ত নেয় সওজ। ২ ফেব্রুয়ারি থেকে এ সংস্কার কাজ শুরু হয়।
সরেজমিনে দেখা গেছে, ২ ফেব্রুয়ারি গর্তের ওপর দেওয়া দেওয়া পিচ ও বালুর অস্তিত্ব পাওয়া যায়নি। সড়কজুড়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। গর্ত এড়িয়ে যানবাহন চলতে গিয়ে অনেক সময় সড়কের বাইরে চলে যাচ্ছে। ওই সড়কে নিয়মিত ভ্যান চালান আলকা ফুলতলার মনির হোসেন। তিনি বলেন, ‘কয়েক দিন আগে সড়ক ঠিক করে গেল। এর মধ্যি সব শেষ। ভ্যানের চাকা গর্তের মধ্যি পড়ে প্রায় উল্টে যাওয়ার মতো হয়। শুধু শুধু এই লোক দেখানো কাজ করা হয়েছে।’
প্রায় প্রতিদিন ফুলতলা থেকে বরুণা যাতায়াত করেন একটি বেসরকারি ব্যাংকের কর্মকর্তা মাজহারুল আনোয়ার। তিনি বলেন, প্রতিদিন এই খানাখন্দে ভর্তি সড়ক দিয়ে সকালে গেলে বিকেলে আর ফিরে আসতে মন চায় না। সারা শরীর ব্যথা হয়ে যায়। ফুলতলার ব্যবসায়ী কাদের হোসেন বলেন, রাস্তা খারাপের কারণে মালপত্র আনতে গেলে বেশি খরচ পড়ে। লাভও কম হয়।
সওজ খুলনা কার্যালয় সূত্রে জানা গেছে, ২০০৯ সালের ১ জানুয়ারি ফুলতলা, শাহপুর, মিকশিমিল ও ডুমুরিয়া সড়ক সংস্কারের জন্য একটি প্রকল্প নেওয়া হয়। ২৮ দশমিক ৭৯ কিলোমিটার সড়কের সংস্কারকাজ শেষ হয় গত বছরের ৩০ সেপ্টম্বর। এ প্রকল্পের আওতায় ফুলতলা-শাহপুর সড়কের জন্য আলাদা কোনো বরাদ্দ ছিল না।
সওজ খুলনার নির্বাহী প্রকৌশলী শেখ আবদুল আলী বলেন, ফুলতলা থেকে শাহপুর পর্যন্ত সড়কটি সংস্কার নয়, রুটিন ওয়ার্কের কাজ ছিল। এর জন্য কোনো প্রকল্প বা বরাদ্দ ছিল না। নৈমিত্তিক কাজের অংশ হিসেবে এটা করা হয়েছে। সংস্কারকাজের পর সড়কের বালু ও পিচ উঠে যাওয়া প্রসঙ্গে তিনি বলেন, সড়কের যেসব জায়গায় নতুন করে বড় গর্তের সৃষ্টি হয়েছিল, শুধু সেসব স্থানে আবার পিচ-বালু দিয়ে ভরাট করা হয়েছে। তাই সেগুলো উঠে যেতে পারে। তিনি আরও বলেন, সম্প্রতি জেলা সড়কের অধীনে ফুলতলা, শাহপুর, মিকশিমিল ও ডুমুরিয়া সড়ক সংস্কারের কাজ শেষ হয়েছে। এবার সড়কটিকে ভালোভাবে মেরামতের জন্য নতুন প্রকল্প নেওয়া হবে।