সড়কে আবারও প্রতিরোধক কাঁটা
রাজধানীর রাস্তায় আবার বেসছে উল্টো পথে গাড়ি চলাচল প্রতিরোধক কাঁটা। এবার বসানো হয়েছে ক্যাপ্টেন মনসুর আলী সরণির মহানগর পুলিশ সদর দপ্তরের সামনে। গতকাল শনিবার সকাল থেকে তা কার্যকর হয়।
মহানগর পুলিশের জনসংযোগ শাখা থেকে বলা হয়, মহানগর পুলিশের ট্রাফিক বিভাগ ‘প্রতিরোধ’ নামে এ আধুনিক যন্ত্রটি সংযোজন করেছে। এই যন্ত্র উল্টো দিকে চলা গাড়িকে স্বয়ংক্রিয়ভাবে প্রতিরোধ করবে। কেউ উল্টো পথে গাড়ি চালাতে গেলে চাকা ছিদ্র হয়ে যাবে। সোজা দিক থেকে আসা গাড়ির চাকা এর ওপর চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে তা নিচু হয়ে গাড়িকে চলে যেতে দেবে। এ ব্যবস্থায় পথচারীদের চলাচল আরও নিরাপদ হবে। এতে ট্রাফিক আইন আরও কার্যকরভাবে প্রয়োগ করা যাবে।
পুিলশের কর্মকর্তারা জানান, রাজধানীর অনেক রাস্তায় যানবাহন চালকেরা উল্টো পথে চলাচল করেন। এতে করে ওই সব রাস্তায় যানজটের পাশাপাশি নানা ধরনের দুর্ঘটনা ঘটে। এসব প্রতিেরাধের জন্য এই যন্ত্র বসানো হচ্ছে। রাজধানীর আর কোনো রাস্তায় যন্ত্র বসানো হবে কি–না জানতে চাইলে পুলিশ কর্মকর্তারা বলেন, এটা পরীক্ষামূলকভাবে বসানো হয়েছে। এটি কার্যকর হলে প্রয়োজনে আরও অনেক সড়কে এই যন্ত্র বসানো হবে।
এর আগে গত ২৩ মে হেয়ার রোডের রাষ্ট্রীয় অতিথি ভবন সুগন্ধার পাশে উল্টো পথে গাড়ি চলাচলরোধক যন্ত্র বসানো হয়েছিল। কিছুদিন পর এর কাঁটাগুলো ভেঙে যায়। এরপর যন্ত্রটি তুলে নেওয়া হয়। গতকাল সকালে বসানো যন্ত্রের কয়েকটি কাঁটাও দুপুরের দিকে নষ্ট হয়ে যায়।