সড়কে উপচে পড়া ময়লার কনটেইনার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আধুনিক বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে পরিচ্ছন্ন নগরী গড়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন ঢাকা দক্ষিণের মেয়র সাঈদ খোকন। মেয়র নির্বাচনের প্রায় দুই বছর হতে চললেও সড়ক থেকে সরেনি ময়লার কনটেইনার। ফলে সড়ক সরু হয়ে বাধাগ্রস্ত হচ্ছে যান চলাচল। আর ময়লার দুর্গন্ধে ভোগান্তিতে পড়তে হচ্ছে পথচারী ও যাত্রীদের।

 ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) কর্মকর্তারা বলছেন, আগের চেয়ে বর্জ্য ব্যবস্থাপনায় বেশ উন্নতি হয়েছে। বাসাবাড়ি থেকে সংগ্রহ করা ময়লা রাখার জন্য দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় বেশ কিছু সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন বা এসটিএসের নির্মাণকাজ চলছে, এগুলোর কাজ শেষ হলে সড়কে ময়লা থাকবে না।

গত কয়েক দিন দয়াগঞ্জ, সদরঘাট, বাহাদুর শাহ পার্ক, ধানমন্ডি, ডিস্টিলারি রোডসহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, এসটিএস না থাকায় সড়কের ওপরেই রাখা হয়েছে ময়লার কনটেইনার৷ বাসাবাড়ির সংগ্রহ করা বর্জ্য এসব কনটেইনারে ফেলা হচ্ছে। সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীরা দিনের বেলায় এসব ময়লা সরানোর কাজ করছেন। বর্জ্য ঘাঁটাঘাঁটি করায় তা সড়কে ছড়িয়ে পড়ছে। বাতাসে দুর্গন্ধ ছড়াচ্ছে।

সড়কে ময়লার কনটেইনার থাকায় ভোগান্তিতে পড়ছেন এলাকার বাসিন্দারা। দয়াগঞ্জ এলাকার বাসিন্দা কামাল হোসেন বলেন, ‘দুই বছরে কোনো পরিবর্তন দেখিনি। আগে সড়কে ময়লা ছড়িয়ে থাকত, এখনো তাই থাকে। সারা দিনই সিটি করপোরেশনের লোকজন ময়লা ঘাঁটাঘাঁটি করে।’

ডিএসসিসির ঘোষণা অনুযায়ী দিনে উৎপাদিত বর্জ্য সন্ধ্যা সাতটার পর বাসাবাড়ি ও কলকারখানা থেকে সংগ্রহ করার কথা। কিন্তু বাস্তবে তা হয় না। দেখা যায়, সারা দিনই সড়কে রাখা কনটেইনারে ময়লা ফেলা হয়। পরিচ্ছন্নতাকর্মীরা ময়লা ঘাঁটাঘাঁটি করে পুনর্ব্যবহারযোগ্য পণ্য সংগ্রহ করেন। এতে বাতাসে দুর্গন্ধ বেশি ছড়ায়।

ডিএসসিসি সূত্রে জানা যায়, ২০১৬ সালে প্রায় সাড়ে চার কোটি টাকা ব্যয়ে সড়কের পাশে প্রায় সাড়ে ৫ হাজার ময়লা ফেলার পাত্র (ওয়েস্ট বিন) স্থাপন করা হয়। তবে ডিএসসিসির এই উদ্যোগে জনগণ তেমন সাড়া দেয়নি। এর মধ্যে কয়েক শ পাত্র চুরি হয়ে গেছে।

বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, ফুটপাতে থাকা এসব পাত্র পথচারীরা ব্যবহার করছে না। অধিকাংশ পাত্র খালি। পাত্রের নিচে ও আশপাশে ছড়িয়ে আছে ময়লা-আবর্জনা। কিছু পাত্রে কয়েক দিনের পুরোনো বর্জ্য জমে আছে।

বেশ ঢাকঢোল পিটিয়ে ২০১৬ সালকে ‘পরিচ্ছন্ন বছর’ ঘোষণা করেছিলেন ডিএসসিসি মেয়র। বর্জ্য ব্যবস্থাপনা ও পরিচ্ছন্ন নগর গড়তে সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা ছাড়াই ২০১৫ সালের ২৩ ডিসেম্বর এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দিয়েছিলেন তিনি।

ডিএসসিসি ২০১৬ সালে আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা পদ্ধতি চালু, ১০০টি আধুনিক গণশৌচাগার নির্মাণ, অনুমতি ছাড়া ব্যানার-ফেস্টুন লাগানো নিষিদ্ধ, এলইডি বাতি লাগানো, দখলমুক্ত সড়ক নিশ্চিত করা, পরিচ্ছন্নতাবিষয়ক অভিযোগ গ্রহণের জন্য হটলাইন খোলার ঘোষণা দেয়। এর মধ্যে শুধু ব্যানার, পোস্টার নিয়ন্ত্রণ, প্রধান সড়কসহ কয়েকটি এলাকায় এলইডি বাতি লাগাতে সক্ষম হয়েছে ডিএসসিসি।