সড়কে এসআইয়ের স্ত্রীসহ পাঁচজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় মেঘনা সেতুর ওপর গত শুক্রবার রাতে কাভার্ড ভ্যানের ধাক্কায় লেগুনার যাত্রী পুলিশ কর্মকর্তার অন্তঃসত্ত্বা স্ত্রীসহ দুজন নিহত হয়েছেন। গতকাল শনিবার নরসিংদী ও নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় শিশুসহ আরও তিনজন নিহত হন।
প্রথম আলোর প্রতিনিধিদের পাঠানো খবর:
মুন্সিগঞ্জ: গজারিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ি সূত্রে জানা যায়, শুক্রবার রাত আটটার দিকে নারায়ণগঞ্জের কাঁচপুর থেকে লেগুনায় করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক হয়ে গজারিয়ার ভবেরচরের দিকে যাচ্ছিলেন পুলিশের উপপরিদর্শক (এসআই) নেপাল রায় ও তাঁর অন্তঃসত্ত্বা স্ত্রী শিল্পী রায় (২৯)। সড়কের মেঘনা সেতুর ওপর একটি কাভার্ড ভ্যান লেগুনাটিকে পেছন থেকে ধাক্কা দিলে এটি দুমড়ে-মুচড়ে যায়। এতে নেপাল রায়, শিল্পী রায় ও লেগুনার চালক শাহনেওয়াজ (৫০) আহত হন। গুরুতর আহত অবস্থায় তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিল্পী রায় ও শাহনেওয়াজকে মৃত ঘোষণা করেন।
গজারিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির সার্জেন্ট কামরুজ্জামান বলেন, নেপাল রায় কুমিল্লা জেলায় কর্মরত আছেন। এ ঘটনায় গজারিয়া থানায় মামলা করা হয়েছে।
নরসিংদী: পুলিশ ও স্থানীয় ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা যায়, ঘোড়াশাল থেকে ছেড়ে আসা সিএনজিচালিত একটি অটোরিকশা নগর পাঁচদোনা এলাকায় এলে মালবোঝাই ট্রাকের সঙ্গে এর মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলে অটোরিকশার যাত্রী রুহুল আমিন (৪০) ও অজ্ঞাতনামা (৫৫) একজন নিহত হন। আহত হন অটোরিকশার চালক রুবেল মিয়া। রুহুল আমিন মনোহরদী উপজেলার হাতিরদিয়া এলাকার আহাদ খানের ছেলে।
নরসিংদী সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) আমিরুল হক বলেন, বেলা ১১টার দিকে দুজনকে মৃত ও একজনকে গুরুতর আহত অবস্থায় জরুরি বিভাগে নিয়ে আসা হয়। আহত রুবেলকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে।
নারায়ণগঞ্জ: সদর উপজেলার ফতুল্লায় ব্যাটারিচালিত অটোরিকশার চাপায় গতকাল খাদিজা আক্তার (৫) নামের এক শিশু নিহত হয়। খাদিজা মুসলিমনগর এলাকার অরেজ আলীর মেয়ে। ফতুল্লা মডেল থানার এসআই গোলাম মোস্তফা বলেন, সকাল ১০টার দিকে মুসলিমনগর কবরস্থান সড়ক পার হওয়ার সময় অটোরিকশার চাপায় ঘটনাস্থলেই খাদিজা নিহত হয়।