সড়কে ও পাশে দোকান, পথচারীদের ভোগান্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনা নগরে সড়কের পাশে ও ওপর অবৈধভাবে বসছে দোকান। এতে চরম ভোগান্তিতে পড়ছে পথচারীরা। অভিযোগ উঠেছে, পুলিশ এসব দোকান থেকে প্রতিদিন চাঁদা আদায় করছে।
দোকানদারেরা জানান, তাঁরা নগরের প্রাণকেন্দ্র বাংলাদেশ ব্যাংক মোড় থেকে ডাকবাংলা মোড়, পিকচার প্যালেস মোড় থেকে হুগলি বেকারির মোড়, ডাকবাংলা মোড় থেকে ক্লে সড়ক হয়ে হেলাতলা মোড়, কে ডি ঘোষ রোড, কালীবাড়ি, স্টেশন সড়ক ও পুরোনো লোয়ার যশোর সড়কের দুই পাশের ফুটপাত অবৈধভাবে দখল করে ব্যবসা করছেন। এসব স্থানে বিভিন্ন শ্রেণির হকার, ক্ষুদ্র ব্যবসায়ী, সড়কের পাশের দোকানদার, ফল ব্যবসায়ী, সাইকেলের দোকানদার, হোটেল, চা-পান-সিগারেটের দোকান, আসবাব ব্যবসা ও ওয়ার্কশপ রয়েছে। এ ব্যবসায়ীরা ফুটপাতের জায়গা দখল করে পথচারী চলাচলের রাস্তা একপ্রকার বন্ধ করে রেখেছেন।
ক্লে রোডে, স্যার ইকবাল রোড, স্টেশন রোডের অবস্থা আরও খারাপ। এসব রোডের শুধু ফুটপাত নয়, সড়কের ওপরও মালামাল রেখে ব্যবসা করছেন তাঁরা। এতে যানবাহন ও পথচারী চলাচলে বাধাগ্রস্ত করা হচ্ছে। আর এসব দোকান থেকে পুলিশ প্রতিদিন চাঁদা নিচ্ছে। দোকান ও মালপত্র ভেদে ৫ থেকে ১০ টাকা করে নেওয়া হচ্ছে। প্রতিদিন সন্ধ্যায় এ চাঁদা নেওয়া হয়।
সরেজমিনে গত মঙ্গলবার সন্ধ্যা সাতটার দিকে শপিং কমপ্লেক্সের নিচে একটি ভ্রাম্যমাণ দোকানে দাঁড়িয়ে থেকে দেখা গেছে, সাদাপোশাকে এক পুলিশের লোক এসে পাঁচ টাকা নিলেন ওই দোকানদারের কাছ থেকে। ওই দোকানদারের কাছে জানতে চাইলে তিনি জানান, তিনি পুলিশের লোক। পরে ওই লোকের পিছু নিয়ে সামনে দোকানে গিয়ে দেখা গেল একই চিত্র।
ক্লে রোডের বাসিন্দা শামসুল আলম বলেন, ‘এ দোকানগুলো সড়কের ওপর বসানোর কারণে চরম যানজটের সৃষ্টি হচ্ছে। আমরা চলাচল করতে পারি না। এগুলোকে উচ্ছেদ করার কথা পুলিশের। অথচ তারা টাকা নিয়ে তাদের বৈধতা দিচ্ছে। যারা রক্ষক, তারা এখন ভক্ষক হয়েছে।’
নাম প্রকাশে অনিচ্ছুক এক হকার বলেন, ‘আমাদের ছোট দোকান বলে পুলিশকে পাঁচ টাকা করে দিই। আর যাঁদের বড় দোকান, তাঁরা ১০ টাকা করে দেন। প্রতিদিন সন্ধ্যার সময় পুলিশ এসে টাকা নিয়ে যায়। টাকা না দিলে দোকান বসাতে দেয় না।’
খুলনা নাগরিক ফোরামের চেয়ারপারসন শেখ আবদুল কাইয়ুম বলেন, ‘ফুটপথ ও সড়কের ওপর হকার বসিয়ে প্রশাসন ও সমাজের কিছু বিত্তবান লোক প্রতিদিন তাদের কাছ থেকে চাঁদা নিয়ে তাদের বৈধতা দিচ্ছে। এতে জনসাধারণ চলাচলে চরম ভোগান্তি পোহাচ্ছে। এই চাঁদাবাজি পূজা ও ঈদকে কেন্দ্র করে আরও বেড়ে গেছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার বিশ্বাস বলেন, ‘আমি বলতে পারি, থানার পুলিশ এটি করছে না। ওটা তো ফাঁড়ি পুলিশের আন্ডারে। তারা এটা করতে পারে। আমি যেহেতু সার্বিক চার্জে আছি, সেহেতু আমি খোঁজ নিয়ে দেখি কারা এটা করছে।’