সড়কে ও প্রবাসীর বাড়িতে ডাকাতি, ১৫ জন আহত
ঢাকা-মতলব সড়কে গত বৃহস্পতিবার রাতে একটি যাত্রীবাহী বাসে ডাকাতি হয়েছে। একই রাতে নিকলী-করিমগঞ্জ সড়কের করিমগঞ্জ থেকে একদল ডাকাত তিনটি মোটরসাইকেলসহ কয়েক লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে। চাঁদপুরের ফরিদগঞ্জে গত শুক্রবার রাতে দুই প্রবাসীর বাড়িতে ডাকাতি হয়েছে। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর;দাউদকান্দি (কুমিল্লা): ঢাকা থেকে মতলব যাওয়ার পথে বৃহস্পতিবার রাতে একটি যাত্রীবাহী বাসে ডাকাতি হয়েছে। মেঘনা সেতু অতিক্রম করার পর যাত্রীবেশী একদল ডাকাত বাসটির নিয়ন্ত্রণ নেয়। এ সময় ডাকাতেরা যাত্রীদের কাছ থেকে মোবাইল ফোনের সেট, নগদ টাকাসহ কয়েক লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এ সময় ডাকাতেরা বাসচালক ও ১০ যাত্রীকে কুপিয়ে আহত করে। রাত পৌনে ১০টায় চালক বাসটি নিয়ে দাউদকান্দি টোল প্লাজায় পৌঁছায়। এর আগে ডাকাত দল মহাসড়কের মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার দড়িবাউশিয়া এলাকায় নেমে যায়। আহতদের মধ্যে মতলবের কদমতলীর ইব্রাহিম (২২) নামে এক যাত্রীকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে। নিকলী (কিশোরগঞ্জ): নিকলী-করিমগঞ্জ সড়কের করিমগঞ্জের ললীর বাঁধের কাছে গত বৃহস্পতিবার রাতে ডাকাতি হয়েছে। এ সময় ডাকাতেরা তিনটি মোটরসাইকেল, মোবাইল ফোনের ছয়টি সেট ও ৫০ হাজার টাকা লুট করে নিয়ে যায়। ডাকাতদের হামলায় আনোয়ার (৩৫), নাজিম উদ্দিন (২৫), আইয়ুব আলীসহ (৩৮) চারজন আহত হন। ফরিদগঞ্জ (চাঁদপুর): উপজেলার পশ্চিম আলানিয়া গ্রামের বাসিন্দা প্রবাসী মুনছুর আহাম্মেদ চৌধুরী ও মিলন মিয়ার বাড়িতে গত শুক্রবার রাতে ডাকাতি হয়েছে। ডাকাতেরা ওই দুই বাড়ি থেকে ১৫ ভরি স্বর্ণালংকার ও নগদ তিন লাখ টাকা লুট করে নিয়ে যায়। এ সময় ডাকাতেরা সাহেবগঞ্জ গ্রামের হানিফসহ দুজনের বাড়িতে ঢুকলেও সেখান থেকে কিছু নিতে পারেনি।