সড়কে কাদা, প্রতিবাদে ধানের চারা রোপণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কাদা জমা সড়কে আমন ধানের চারা রোপণ করছেন ক্ষুব্ধ এলাকাবাসী। ছবি: কল্যাণ প্রসূন
কাদা জমা সড়কে আমন ধানের চারা রোপণ করছেন ক্ষুব্ধ এলাকাবাসী। ছবি: কল্যাণ প্রসূন

বর্ষায় হাঁটু পরিমাণ কাদা জমে আছে সড়কে। এই সড়কের কাদা মাড়িয়েই দুই গ্রামের অন্তত দেড় হাজার মানুষ প্রতিদিন চলাচল করতে বাধ্য হন। স্থানীয়রা সড়কটি সংস্কারে কয়েকবার আবেদন জানালেও তা কার্যকর হয়নি। এর প্রতিবাদে সড়কটির বিভিন্ন স্থানে আমন ধানের চারা রোপণ করে বিক্ষোভ জানিয়েছেন ক্ষুব্ধ এলাকাবাসীরা।
আজ রোববার সকালে উপজেলার জয়চণ্ডী ইউনিয়নের পূর্ব রঙ্গিরকুল-কাটাউনি সড়কে ৫০ থেকে ৬০ জন স্থানীয় লোক আমন ধানের চারা রোপণ করেন।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, ওই রাস্তা দিয়ে পূর্ব রঙ্গিরকুল ও কাটাউনি গ্রামের অন্তত দেড় হাজার মানুষ চলাচল করে। প্রায় ১২ ফুট চওড়া এ রাস্তাটির দৈর্ঘ্য দেড় কিলোমিটার। ওই রাস্তার পাশে একটি বিনোদন পার্ক ও রাবার উৎপাদন কারখানা রয়েছে। প্রতিদিন এ রাস্তা দিয়ে কাটাউনি গ্রামের শতাধিক শিক্ষার্থী বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে আসা-যাওয়া করে। বর্ষা মৌসুমে সামান্য বৃষ্টিতে রাস্তাটি কর্দমাক্ত হয়ে পড়ে। এ সময় যান চলাচলও বন্ধ হয়ে যায়। এতে দুর্ভোগ পোহাতে হয় স্থানীয়দের।

কাটাউনি গ্রামের বাসিন্দা আলমগীর হোসেন বলেন, ‘বৃষ্টি দিলে রাস্তায় আটা (হাঁটা) যায় না। কাদাপানিতে ভরি যায়। রাস্তায় আটা যখন যায় না, তা অইলে ধানখেত অউক (হোক) !’

একই গ্রামের ব্যবসায়ী আবদুল গফ্ফার চৌধুরী ও আবদুল কুদ্দুছসহ বেশ কয়েকজনের অভিযোগ, রাস্তাটির দুর্দশার কথা তুলে ধরে এটি পাকা করার দাবিতে স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান, সাংসদসহ সরকারের সংশ্লিষ্ট দপ্তরে একাধিকবার লিখিত আবেদন করা হয়েছে। কিন্তু, এ ব্যাপারে কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না। তাই, এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে ধানের চারা রোপণ করেছেন।

এ বিষয়ে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও জয়চণ্ডী ইউপির চেয়ারম্যান কমর উদ্দিন আহমদের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) কুলাউড়া কার্যালয়ের প্রকৌশলী আবুল হোসেন মোবাইল ফোনে বলেন, উপজেলার বিভিন্ন কাচা রাস্তা পাকাকরণের ব্যাপারে তাঁরা সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে একটি তালিকা পাঠিয়েছেন। এটি এখনো অনুমোদন হয়নি। পূর্ব রঙ্গিরকুল-কাটাউনি রাস্তাটি ওই তালিকায় আছে কি-না সেটা তিনি মনে করতে পারছেন না বলে জানান।

জয়চণ্ডী ইউনিয়নের বাসিন্দা ও মৌলভীবাজার-২ আসনের সাংসদ মো. আবদুল মতিন বলেন, রাস্তাটির দুর্দশার কথা তাঁর জানা আছে। রাস্তাটি পাকাকরণের ব্যাপারে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।