সড়কে খানাখন্দ, জনদুর্ভোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের হাটহাজারীর চৌধুরীহাট এলাকায় চলছে সড়ক সম্প্রসারণের কাজ। এতে প্রায়ই সেখানে যানজটের সৃষ্টি হয়। ছবিটি গতকাল বেলা ১১টার দিকে তুলেছেন জুয়েল শীল
চট্টগ্রামের হাটহাজারীর চৌধুরীহাট এলাকায় চলছে সড়ক সম্প্রসারণের কাজ। এতে প্রায়ই সেখানে যানজটের সৃষ্টি হয়। ছবিটি গতকাল বেলা ১১টার দিকে তুলেছেন জুয়েল শীল

চট্টগ্রাম থেকে রাঙামাটি ও খাগড়াছড়ি যেতে হয় হাটহাজারী উপজেলার ওপর দিয়ে। অক্সিজেন এলাকা থেকে হাটহাজারী সড়কের শুরু। ওখান থেকে ছেড়ে যায় দূরপাল্লার বাস। ওই অক্সিজেন মোড়ে সড়কে বড় বড় গর্ত। এরপর মদনহাট থেকে হাটহাজারী পর্যন্ত সড়কটি খানাখন্দে ভরা। এতে দুর্ভোগ পোহাতে হচ্ছে যাত্রীদের।
একইভাবে চট্টগ্রাম-কাপ্তাইসহ বিভিন্ন উপজেলার সড়কের অবস্থাও নাজুক। তবে বর্ষা মৌসুমের চেয়ে বর্তমানে চট্টগ্রামের সড়কের অবস্থা অনেকটা ভালো বলে দাবি সড়ক ও জনপথ (সওজ) বিভাগের। সওজের দাবি, বর্ষায় যেখানে ৫৩০ কিলোমিটার সড়কের ৫০ কিলোমিটার ভাঙাচোরা ছিল, এখন তা কমে ২০ কিলোমিটারে এসে দাঁড়িয়েছে।
সূত্র জানায়, চট্টগ্রাম-ঢাকা মহাসড়কের বাইরে চট্টগ্রাম সড়ক ও জনপদ বিভাগের অধীনে ৫৩০ কিলোমিটার সড়ক আছে। দুই পার্বত্য জেলা এবং উত্তর চট্টগ্রামের বিভিন্ন উপজেলা সড়ক এর আওতাধীন। এর মধ্যে বর্তমানে সবচেয়ে নাজুক অবস্থায় আছে চট্টগ্রাম-হাটহাজারী এবং চট্টগ্রাম-কাপ্তাই সড়ক। রাঙামাটি ও খাগড়াছড়ি ছাড়াও এই সড়ক দিয়ে ফটিকছড়ি ও রাউজান উপজেলায় যাতায়াত করা যায়।
সরেজমিনে দেখা যায়, হাটাহাজারী সড়কের মদনহাট এলাকা থেকে হাটাহাজারী সদর পর্যন্ত ছোট-বড় গর্ত। সবচেয়ে বেশি নাজুক অবস্থা দেখা গেছে হাটহাজারী বাসস্ট্যান্ড এবং থানা এলাকায়। সেখানে সড়কে বড় বড় গর্ত।
বাসস্ট্যান্ডে দাঁড়ানো সিএনজিচালিত অটোরিকশার চালক মো. আবদুর রশিদ বলেন, ‘ভাঙাচোরা আর যানজটের কারণে গাড়ি চালাতে ইচ্ছা করে না। চারদিকে গর্ত। তাই বসে আছি।’
হাটহাজারী সড়ক সম্প্রসারণের কাজ চলছে এখন। এ কারণে সড়কের চৌধুরীহাট এলাকায় এখন নিত্য যানজট দেখা দেয়। এ ছাড়া হাটহাজারী সদর এলাকায় ১১ মাইল এলাকায় একটি একমুখী বেইলি সেতু আছে। ওই বেইলি সেতুর কারণে সেখানে যানজট হয়।
এ বিষয়ে জানতে চাইলে সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. রাশেদুল আলম বলেন, ‘সড়কটি মেরামতের কাজ চলছে। আশা করি, কিছুদিনের মধ্যে হয়ে যাবে। এ ছাড়া আমাদের চট্টগ্রাম-কাপ্তাই সড়ক, বারৈয়ারহাট এবং বহদ্দারহাট সড়কের কাজ বাকি আছে। এগুলোর টেন্ডার হয়ে গেছে। ঈদের পরই কাজ শুরু হবে।’ তিনি বলেন, ‘কাপ্তাই সড়কটি খারাপ হয়েছে ওয়াসার খোঁড়াখুঁড়ির কারণে। তাঁরা কিছুটা মেরামত করেছেন।’
সরেজমিনে দেখা যায়, চট্টগ্রাম-কাপ্তাই সড়কের ২২ কিলোমিটার অংশে ওয়াসার নতুন পানি শোধনাগার প্রকল্পের পাইপলাইন বসানোর কাজ চলছে। পাইপের বেশির ভাগ কাজ শেষ হলেও কিছু কিছু অংশে এখনো কাজ চলছে। তবে কাজ শেষ হওয়ার দীর্ঘদিন পরও সড়ক মেরামত করা হচ্ছে না বলে অভিযোগ রয়েছে।
সওজ সূত্র জানায়, সড়কটির তিন কিলোমিটার অংশ খারাপ। এর মধ্যে নোয়াপাড়া বাজার, মিয়ারবাজার গাঁটা, শান্তিরহাট, গোচারা বাজার এলাকা খুবই নাজুক হয়ে পড়েছে। পাইপলাইনের কারণে কয়েকটি স্থানে রাস্তা সংকুচিত হয়ে পড়েছে। এসব জায়গায় একমুখী যান চলাচল করছে। অনেক স্থানে সড়ক দেবে গেছে।
এই সড়ক দিয়ে কাপ্তাই ছাড়াও রাঙামাটি, রাঙ্গুনিয়া ও রাউজান যাওয়া যায়। এই সড়কে নিত্য চলাচলকারী একাধিক ব্যক্তি বলেন, সড়কের কয়েকটি স্থানে অবস্থা খুবই খারাপ। ওয়াসার খোঁড়াখুঁড়ির কারণে ভালো অংশটিও এখন নষ্ট হয়ে গেছে। এতে প্রতিদিন চলাচলে মারাত্মক সমস্যা হয়।
ওয়াসার নির্বাহী প্রকৌশলী নজরুল ইসলাম বলেন, ‘বর্ষার কারণে মেরামতকাজ করতে না পারলেও এখন সড়ক মেরামতের কাজ অনেক দূর এগিয়েছে। আশা করি, মেরামত দ্রুত শেষ হয়ে যাবে।’