সড়কে খানাখন্দ, দুর্ভোগে মানুষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শেরপুর শহরের কলেজ রোড থেকে মুরাদপুর পর্যন্ত সড়কটির এ ছবি সম্প্রতি পূর্ণতলা এলাকা থেকে তোলা l ছবি: প্রথম আলো
শেরপুর শহরের কলেজ রোড থেকে মুরাদপুর পর্যন্ত সড়কটির এ ছবি সম্প্রতি পূর্ণতলা এলাকা থেকে তোলা l ছবি: প্রথম আলো

বগুড়ার শেরপুর উপজেলায় ছয়টি পাকা সড়কের পিচ ও পাথর উঠে সড়কে তৈরি হয়েছে খানাখন্দ। এতে সড়কগুলো দিয়ে চলাচল করা দুরূহ হয়ে গেছে। সড়কের এ অবস্থায় দুর্ভোগ পোহাচ্ছে উপজেলার অন্তত ২০০ গ্রামের মানুষ।
সড়কগুলো দেখভালকারী উপজেলা প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) কার্যালয়ের তথ্য মতে, ওই ছয়টি সড়কের ১২ দশমিক ৭৪৫ কিলোমিটার অংশ মেরামতের তালিকা করা হয়েছে। সড়কগুলো উপজেলা শহর ও ঢাকা-বগুড়া মহাসড়কের সঙ্গে যুক্ত। এ সড়কগুলো ‘উপজেলা ও ইউনিয়ন’ সড়কের তালিকায় অন্তর্ভুক্ত। সড়কগুলো মেরামতে সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে প্রায় সাড়ে চার কোটি টাকা।
সড়কগুলো হলো উপজেলার মহিপুর মহাসড়ক থেকে রানীরহাট জিসি রোড, শেরুয়া থেকে ভবানীপুর ইউপি সড়ক, শহরের মহাসড়কের কলেজ রোড থেকে মুরাদপুর, কুসুম্বী ইউপি থেকে জামুন্না হাট, খামারকান্দি থেকে পারভবানীপুর বাজার এবং উপজেলার কলতাপাড়া থেকে জেলার শাজাহানপুর থানার আমরুল পর্যন্ত। উপজেলার গাড়িদহ, শাহবন্দেগী, মির্জাপুর, সীমাবাড়ী, কুসুম্বী, খামারকান্দি ইউনিয়নের মধ্য দিয়ে গেছে এসব সড়ক।
সড়কগুলোর সংশ্লিষ্ট ইউপির চেয়ারম্যানরা বলেন, জেলার পার্শ্ববর্তী শাজাহানপুর, ধুনট, নন্দীগ্রাম, সিরাজগঞ্জের রায়গঞ্জ ও তাড়াশ উপজেলা এবং শেরপুর উপজেলার প্রায় ২০০ গ্রামের মানুষ এ সড়কগুলো দিয়ে যাতায়াত করে। চলাচলকারী বেশির ভাগ মানুষই কৃষির সঙ্গে জড়িত। কৃষকেরা তাঁদের উৎপাদিত পণ্য এ সড়কগুলো দিয়েই উপজেলা শহরের বিভিন্ন হাট-বাজারে নিয়ে যান।
সরেজমিনে ২১ ও ২২ নভেম্বর দেখা যায়, ওই সব সড়কে পিচ-পাথর উঠে তৈরি হয়েছে অসংখ্য ছোট-বড় গর্ত। ধসে যাচ্ছে সড়কগুলোর অবকাঠামো। এসব সড়ক-সংলগ্ন এলাকাগুলোর অন্তত ২০ জন বাসিন্দা বলেন, সড়কের পাশ দিয়ে পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা না থাকায় এগুলো মেরামতের পর ছয় মাসও টেকেনি। প্রতিবছর বর্ষায় বৃষ্টির পানি সড়কের ওপর জমে তৈরি হয় জলাবদ্ধতা।
কুসুম্বী ইউপির চেয়ারম্যান শাহ আলম বলেন, ওই সড়কগুলো দিয়ে আশপাশের অন্তত ২০০ গ্রামের মানুষ চলাচল করে। এসব মানুষের দুর্ভোগের কথা গত দুই বছরে ইউপি চেয়ারম্যানরা একাধিকবার উপজেলা সমন্বয় কমিটির সভায় তুলে ধরেছেন।
উপজেলা প্রকৌশলী ওবায়দুল ইসলাম বলেন, দুই বছর ধরে তিনি তাঁর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে এসব সড়ক মেরামতের প্রয়োজনীয়তার কথা লিখিতভাবে জানিয়ে আসছেন। কিন্তু সড়কগুলো মেরামতে এখনো অনুমোদন পাওয়া যায়নি।
এ প্রসঙ্গে স্থানীয় সাংসদ (শেরপুর-ধুনট উপজেলা) হাবিবর রহমান বলেন, স্থানীয় সরকার মন্ত্রণালয়ে যোগাযোগ করে তিনি ওই সড়কগুলো দ্রুত মেরামতের উদ্যোগ নেবেন।