সড়কে খানাখন্দ, দুর্ভোগে লক্ষাধিক মানুষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জ সদর উপজেলার ডলুরা এলাকা থেকে জেলা শহর পর্যন্ত ১০ কিলোমিটার সড়কের মধ্যে ৪ কিলোমিটারের অবস্থাই খারাপ। দীর্ঘদিন সংস্কার না করায় সড়কের এই অংশের পিচ উঠে গিয়ে খানাখন্দের সৃষ্টি হয়েছে। এতে উপজেলার তিনটি ইউনিয়নের লক্ষাধিক লোক ভোগান্তিতে রয়েছে।
স্থানীয় ব্যক্তিরা বলেছেন, এই সড়ক দিয়ে সদর উপজেলার জাহাঙ্গীরনগর, রঙ্গারচর ও সুরমা ইউনিয়নের লোকজন জেলা শহরে যাতায়াত করে। সড়কের সুরমা ইউনিয়নের সুরমা নদীর হালুয়ার ঘাট বাজার থেকে বেরিগাঁও এলাকা পর্যন্ত প্রায় চার কিলোমিটার সাত বছর ধরে বেহাল। ২০০৯ সালে সর্বশেষ এই সড়কে সংস্কারকাজ হয়েছিল।
জাহাঙ্গীরনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. মুকসেদ আলী বলেন, এলাকার তিনটি ইউনিয়নের লক্ষাধিক মানুষের জেলা সদরে যাতায়াতের প্রধান সড়ক এটি। ইউনিয়নের ডলুরা এলাকায় সীমান্ত হাট, মুক্তিযুদ্ধের ৪৮ শহীদের সমাধি ও একটি স্মৃতিসৌধ রয়েছে। এ কারণে সীমান্তবর্তী এই এলাকায় অনেকে বেড়াতে আসেন। কিন্তু সড়কে ভোগান্তির কারণে এখন মানুষের যাতায়াত কমে গেছে। দুর্ভোগ পোহাতে হচ্ছে সবজি ব্যবসায়ীদেরও। ওই সড়ক দিয়ে সীমান্ত এলাকার ব্যবসায়ীরা জেলা শহরে প্রতিদিন সবজি নিয়ে যান।
সম্প্রতি সরেজমিনে দেখা গেছে, হালুয়ার ঘাট বাজার থেকে বেরিগাঁও পর্যন্ত প্রায় চার কিলোমিটারের অনেক স্থানে পিচ উঠে গিয়ে অসংখ্য গর্তের সৃষ্টি হয়েছে। এর মধ্য দিয়েই ইজিবাইক, মোটরসাইকেল ও লেগুনায় চলাচল করে মানুষ।
স্থানীয় লোকজন বলেন, হালুয়ার ঘাট বাজারের ভেতরে ভাঙাচোরা সড়কের গর্তে পানি জমে থাকে সব সময়। ডলুরা যেতে আগে ২০ মিনিট লাগত; এখন লাগছে এক ঘণ্টা।
সুরমা ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য খসরু মিয়া বলেন, ‘সড়কটি সংস্কারের জন্য আমরা বারবার কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেও কোনো ফল পাইনি।’
ইজিবাইকচালক আবদুল আলী বলেন, ‘সড়কের যে অবস্থা, প্রতিদিনই গাড়ির নাট-বল্টু ঢিলা হয়ে যায়। এই সড়কে তো মানুষ নিরুপায় হয়ে চলাচল করছে। এত খারাপ রাস্তা এলাকায় আর নেই।’ সড়কের পাশের বেলাবরহাটি গ্রামের বাসিন্দা আশিক মিয়া বলেন, সাত বছর আগে সড়কে একবার কাজ হয়েছিল। সেই কাজ এক বছরও টেকেনি।
সুনামগঞ্জ-৪ আসনের (সদর ও বিশ্বম্ভরপুর উপজেলা) সাংসদ পীর ফজলুর রহমান মিসবাহ বলেন, ‘এই সড়ক নিয়ে আমি একাধিকবার এলজিইডির জেলা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলীর সঙ্গে কথা বলেছি। সর্বশেষ তাঁরা যে সংস্কার প্রস্তাব পাঠিয়েছেন, সেটির সঙ্গে আমার ডিও লেটার রয়েছে। এরপরও আমি এলজিইডির প্রধান প্রকৌশলীর সঙ্গে এ নিয়ে কথা বলব।’
এ ব্যাপারে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) সুনামগঞ্জ কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মো. ইকবাল আহমদ বলেছেন, সুনামগঞ্জ-ডলুরা সড়কের ছয় কিলোমিটার সংস্কারের জন্য একটি প্রকল্প নেওয়া হয়েছে। বরাদ্দ পাওয়া গেলে এ বছরই কাজ হবে।