সড়কে খানাখন্দ, দুর্ভোগে ২৫টি গ্রামের বাসিন্দারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিন বছর ধরে বগুড়ার শেরপুরের খন্দকারটোলা-সাধুবাড়ী সড়কটির সংস্কার হয়নি। বর্তমানে একাধিক স্থানে সড়কের এক পাশ ধসে পড়েছে। এ ছাড়া বিভিন্ন স্থানে খানাখন্দের সৃষ্টি হওয়ায় সড়কটি যান চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। ফলে ব্যাপক দুর্ভোগ পোহাচ্ছেন ২৫টি গ্রামের বাসিন্দারা।
স্থানীয় সূত্রে জানা গেছে, ২৫টি গ্রামের মানুষ ওই সড়কটি দিয়ে উপজেলা সদরে যাতায়াত করেন। সড়কটি বেহাল হওয়ার পর গ্রামবাসী একাধিকবার স্থানীয় সাংসদকে জানালেও কোনো কাজ হয়নি।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের শেরপুর উপজেলা প্রকৌশলীর কার্যালয় থেকে জানা গেছে, সর্বশেষ ২০০৯-১০ অর্থবছরে ওই সড়কের কিছু অংশ সংস্কার (কার্পেটিং) করা হয়। বর্তমানে ওই সড়কটির প্রায় দুই কিলোমিটার অংশ যেভাবে ভেঙে গেছে এবং খানাখন্দে রূপ নিয়েছে তাতে সংস্কার নয়, নতুন করে সড়ক অবকাঠামোর উন্নয়ন করতে হবে। এ ক্ষেত্রে বাড়তি অর্থও ব্যয় করতে হবে।
স্থানীয় বাসিন্দারা জানান, প্রায় ১৫ বছর আগে তিন দফায় অবকাঠামোগত উন্নয়নসহ সড়কটি পাকা করা হয়। এই সড়কটি দিয়ে উপজেলার শাহবন্দেগী, মির্জাপুর ও বিশালপুর ইউনিয়নের কমপক্ষে ২৫টি গ্রামের লোকজন যাতায়াত করেন।
সম্প্রতি সরেজমিনে দেখা গেছে, সড়কের দুই কিলোমিটার অংশে সৃষ্টি হয়েছে অসংখ্য খানাখন্দের। আটটি স্থানে সড়কের এক পাশের অংশ ধসে পড়েছে। সড়কের পাশে কয়েকটি স্থানে গড়ে উঠেছে মাঝারি ধরনের শিল্পকারখানা। শাহবন্দেগী ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মাহমুদুল হাসান বলেন, মাঝারি ধরনের ওই শিল্পকারখানাগুলোর পণ্যবাহী ট্রাক আসা-যাওয়া করায় সড়কটি বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।
সড়কের পাশের ফাঁসিতলা বাজারের ব্যবসায়ী গোলাম মোস্তফা বলেন, সড়ক বেহাল হওয়ায় মানুষের আনাগোনা কমে গেছে। ফলে তাঁদের বেঁচাকেনাও কম।
মুঠোফোনে যোগাযোগ করা হলে স্থানীয় সাংসদ হাবিবর রহমান বলেন, ওই সড়কটি নিয়ে লোকজনের দুর্ভোগ বেড়েছে। তিনি সড়কটি দ্রুত সংস্কারের জন্য উপজেলা প্রকৌশলীকে নির্দেশ দিয়েছেন।
এলজিইডির উপজেলা প্রকৌশলী ওবায়দুল ইসলাম বলেন, যে সড়ক সংস্কার করা হবে তা পরবর্তী চার বছরের মধ্যে পুনরায় সংস্কারের প্রকল্প নেওয়া যাবে না বলে অধিদপ্তরের নির্দেশনা রয়েছে। এ কারণে এত দিন ওই সড়কটি সংস্কার করা সম্ভব হয়নি। তিনি বলেন, সড়কটির স্থায়ী সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে।