সড়কে খানাখন্দ, দুর্ভোগে ৫৫ গ্রামের মানুষ
বগুড়ার শেরপুরে মির্জাপুর ও সীমাবাড়ী হাটের মুখে পানিনিষ্কাশনের ব্যবস্থা না করেই করা হয়েছে পাকা সড়ক। ফলে সড়কের ওপর তৈরি হয়েছে জলাবদ্ধতা। জমে থাকা পানিতে পিচ-পাথর উঠে কাদা ও খানাখন্দে ভরে গেছে রাস্তা। এতে সড়কটি দিয়ে চলাচলকারী ৫৫ গ্রামের মানুষ দুর্ভোগে পড়েছে। এ দুর্ভোগ চলছে তিন বছর ধরে।
উপজেলা প্রকৌশলী কার্যালয় (এলজিইডি) সূত্রে জানা গেছে, মির্জাপুর এলাকার এই সড়কটি ‘ইউনিয়ন সড়ক’ ও সীমাবাড়ী এলাকায় সড়কটি ‘উপজেলা সড়ক’-এর অন্তর্ভুক্ত। দুটি সড়কই তিন বছর আগে সংস্কার করা হয়েছে।
অথচ ১১ জুলাই সরেজমিনে দেখা যায়, সড়কে পানিনিষ্কাশনে কোনো নালা না থাকায় সড়কের ওপর জলাবদ্ধতা তৈরি হয়েছে। এতে মির্জাপুর ও সীমাবাড়ীর পোস্ট অফিস মোড়ের হাটসংলগ্ন মুখে ওই দুটি সড়কের কমপক্ষে তিন শ মিটার অংশ ছোট-বড় খানাখন্দ ও কাদায় ভরে গেছে। স্থানীয় চার ব্যক্তি বলেন, রাস্তা দুটি প্রায় তিন বছর আগে সংস্কার করা হয় ঠিকই। কিন্তু ওই সংস্কারকাজ তিন মাসও টেকেনি। তারপর থেকে খানাখন্দে দুর্ভোগ বেড়েছেই চলেছে।
সংশ্লিষ্ট মির্জাপুর ও সীমাবাড়ী ইউপি চেয়ারম্যান বলেন, সড়কের ওই ক্ষতিগ্রস্ত অংশ সংস্কারের মতো তাঁদের দপ্তরে তহবিল নেই। সড়ক দুটির পাশে পানিনিষ্কাশনের নালা করাসহ পাকা অংশ সংস্কারের জন্য তাঁরা উপজেলা প্রকৌশলীর দপ্তরে একাধিকবার জানিয়েছেন। দ্রুত সংস্কার না করায় হাটে চলাচল করা লোকজনসহ সড়কটি দিয়ে চলাচলকারী ৫০ গ্রামের মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে।
সীমাবাড়ী এলাকার মো. নাসিম বলেন, সীমাবাড়ী এলাকার এই সড়ক দিয়ে তাঁদের ইউনিয়নের ১৫টি গ্রামসহ পার্শ্ববর্তী বগুড়ার ধুনট ও সিরাজগঞ্জের কাজীপুর উপজেলায় যাতায়াত করে মানুষ। রাস্তাটি দিয়ে চলাচল করে বিভিন্ন ধরনের যানবাহন।
অপরদিকে উপজেলার সুঘাট ইউপির সাতাড়া গ্রামের ব্যবসায়ী আসলাম হোসেন বলেন, মির্জাপুর হাটসংলগ্ন সড়কের ওপর দিয়ে সুঘাট ইউনিয়নের ৩৫টিসহ মির্জাপুর ইউনিয়নের পাঁচ গ্রামের মানুষ যাতায়াত করে।
সীমাবাড়ীর আমজাদ হোসেন বলেন, সড়কটি পার্শ্ববর্তী বাসাবাড়ির চেয়ে নিচু। একটু বৃষ্টি হলে এবং পাশে অবস্থিত বিভিন্ন বাড়ির পানি এসে জমা হয় সড়কের ওপর। এতে বছরের লম্বা একটি সময় সড়কটি পানিতে জলাবদ্ধ হয়ে থাকে।
উপজেলা প্রকৌশলী (এলজিইডি) ওবায়দুল ইসলাম বলেন, তাঁদের মন্ত্রণালয়ের নীতিমালা অনুযায়ী সড়ক সংস্কারের চার বছর পর পুনরায় ওই সড়ক সংস্কারের নির্দেশনা রয়েছে। তাই এখনই ওই দুটি সড়ক সংস্কার করা সম্ভব নয়। নির্দিষ্ট সময় পার হওয়ার পর সংস্কারের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।