সড়কের বিভিন্ন স্থানে খানাখন্দ। কিছুটা দেবে গেছে সড়কের এক পাশ। এই চিত্র নোয়াখালী-ফেনী মহাসড়কের।
গত শনিবার সরেজমিনে মহাসড়কের নোয়াখালীর বেগমগঞ্জের চৌমুহনী চৌরাস্তা থেকে সেনবাগ উপজেলার সেবারহাট বাজার পর্যন্ত এলাকা ঘুরে এই চিত্র দেখা যায়।
সরেজমিনে দেখা যায়, সড়কের চৌমুহনী বাজার, জমিদারহাট, ছমিরমুন্সীরহাট ও সেবারহাট বাজার এলাকার অবস্থা সবচেয়ে বেশি খারাপ। বিটুমিন আর কার্পেটিং উঠে অনেক স্থানে ছোট-বড় গর্তের সৃষ্টি হয়েছে। এতে যানবাহন চলাচলে সমস্যা হচ্ছে। ভোগান্তি পোহাতে হচ্ছে পথচারীদের।
ছমিরমুন্সীরহাট বাজারের ব্যবসায়ী জসিম উদ্দিন বলেন, সড়ক ও জনপথ বিভাগের লোকজন মাঝেমধ্যে এসে গর্তের মধ্যে ইটের খোয়া আর বালু দিয়ে যান। দু-এক দিন পরই যা আবার আগের অবস্থায় ফিরে যায়। তিনি বলেন, সড়কে খানাখন্দের কারণে যানবাহনের স্বাভাবিক চলাচল মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে।
সেবারহাট বাজারের সিএনজিচালিত অটোরিকশার মালিক মো. হাছান জানান, খানাখন্দ দিয়ে গাড়ি চালানোর কারণে তাঁর অটোরিকশায় ঘন ঘন যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। যে কারণে তাঁকে রক্ষণাবেক্ষণ খাতে বাড়তি টাকা খরচ করতে হয়। এতে মাস শেষে লাভের কিছুই থাকে না।
সড়ক ও জনপথ বিভাগের নোয়াখালী কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী জাহেদ হোসেন প্রথম আলোকে বলেন, মহাসড়কের নোয়াখালী অংশের সংস্কারের জন্য উদ্যোগ নেওয়া হয়েছে।
এক প্রশ্নের জবাবে জাহেদ হোসেন বলেন, যানবাহন চলাচলের সুবিধার্থে বিভিন্ন স্থানে সৃষ্টি হওয়া গর্তে ইট, বালু ও পাথর ফেলে ভরাট করে দেওয়া হচ্ছে। যাতে যানবাহনের স্বাভাবিক চলাচল ব্যাহত না হয়। তিনি বলেন, সড়কের যেসব স্থানে দেবে গেছে, তা মেরামত করে দেওয়ার জন্য সংশ্লিষ্ট ঠিকাদারকে নির্দেশ দেওয়া হয়েছে।