সড়কে খানাখন্দ, ভোগান্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের গফরগাঁও উপজেলার ভাষাশহীদ আবদুল জব্বার সড়কটি বেহাল হয়ে আছে। ২১ ফেব্রুয়ারির আগে সড়কটি দুশ্চিন্তায় ফেলে দিয়েছে ভাষাপ্রেমী মানুষের। কারণ, এ সড়ক দিয়েই গফরগাঁও কেন্দ্রীয় শহীদ মিনারে যেতে হয়।
গফরগাঁও উপজেলা প্রশাসন ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গফরগাঁও কেন্দ্রীয় শহীদ মিনার আবদুল জব্বারের বাড়িতে অবস্থিত হওয়ায় ২১ ফেব্রুয়ারি ওই বাড়িতে অনেক মানুষের সমাগম ঘটে। বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে যায় মানুষ। এ বছর সড়কটি বেহাল হওয়ায় তারা ভোগান্তির আশঙ্কা করছে।
স্থানীয় সূত্র জানায়, এ সড়ক দিয়ে উপজেলার পাঁচুয়া, খারুয়া, মোকন্দ, লাউতৈল, ভারইল, মুখীসহ প্রায় ১০টি গ্রামের মানুষ নিয়মিত চলাচল করে। এ ছাড়া শহীদ আবদুল জব্বারের পৈতৃক বাড়িতে রয়েছে আবদুল জব্বার স্মৃতি জাদুঘর ও গ্রন্থাগার। সড়কটি বেহাল হওয়ায় ওই জাদুঘর ও গ্রন্থাগারে যাওয়ার আগ্রহ হারাচ্ছে মানুষ।
সম্প্রতি সরেজমিনে দেখা যায়, ভারইল মোড় থেকে আবদুল জব্বারনগরে অবস্থিত ভাষাশহীদ আবদুল জব্বার স্মৃতি জাদুঘর পর্যন্ত প্রায় তিন কিলোমিটার সড়কের বেশির ভাগ স্থানেই কার্পেটিং উঠে তা চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। সরু সড়কটি দিয়ে হেলেদুলে চলছে রিকশা ও ইজিবাইকের মতো যানবাহন। এলাকার বাসিন্দা কবীর হোসেন বলেন, ‘ভাষাশহীদ আবদুল জব্বারের স্মৃতিবিজড়িত এ সড়কটির এখন আমাদের জন্য দুঃখের কারণ হয়ে দাঁড়িয়েছে। সড়কটি সংস্কার করা উচিত। সামনেই ২১ ফেব্রুয়ারি। ওই দিনে শহীদ জব্বারের বাড়িতে উপজেলা সদর থেকে অনেকেই শ্রদ্ধা জানাতে আসবেন।’
ভাষাশহীদ আবদুল জব্বার স্মৃতি জাদুঘর ও গ্রন্থাগারের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কায়সারুজ্জামান বলেন, ২১ ফেব্রুয়ারির আগে ভাষাপ্রেমী মানুষের কথা ভেবে সড়কটির সংস্কার করা উচিত।
গফরগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিদ্ধার্থ শংকর কুণ্ডু বলেন, সড়কটি স্থায়ীভাবে সংস্কারের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তবে ২১ ফেব্রুয়ারি উদ্যাপনের কথা মাথায় রেখে উপজেলা প্রশাসনের উদ্যোগে ও অর্থায়নে সড়কটি অস্থায়ী মেরামত করা হবে।