সড়কে খানাখন্দ, লাখো মানুষের ভোগান্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টানা কয়েক দিনের বৃষ্টিতে সিলেট নগরের শতাধিক এলাকার সড়কে খানাখন্দের তৈরি হয়েছে। এতে এসব সড়ক দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করছেন স্থানীয় লোকজন। খানাখন্দে গাড়ির চাকা পড়ে প্রায়ই ঘটছে দুর্ঘটনা।
সরেজমিনে দেখা গেছে, নগরের নাইওরপুল, মীরাবাজার, শিবগঞ্জ, টিলাগড়, পাঠানটোলা, সুবিদবাজার, আম্বরখানা, ইলেকট্রিক সাপ্লাই, মদিনা মার্কেট, বনকলাপাড়া, কাজিরবাজার, কালীঘাট, লালদীঘিরপার, কাষ্ঠঘর, সোবহানীঘাট, উপশহর, শেখঘাট, শাহী ঈদগাহ, কুমারপাড়া, রায়নগর, সেনপাড়া, বালুচর, ভার্থখলা, ধোপাদীঘিরপার, আখালিয়াসহ শতাধিক এলাকার সড়কগুলোতে ছোট-বড় অনেক খানাখন্দের সৃষ্টি হয়েছে।
স্থানীয় লোকজন জানান, গত অর্থবছরে এসব এলাকার প্রায় প্রতিটি সড়কের সংস্কার ও পুনর্নির্মাণের কাজ হয়েছিল। কাজ চলাকালে স্থানীয় লোকজন সড়কে নিম্নমানের কাজের অভিযোগ তুলেছিলেন। সে সময় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঠিকাদারদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। ওই সময় সঠিকভাবে কাজ না করায় এখন সামান্য বৃষ্টিতেই এসব সড়ক ভেঙে যান চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।
মীরাবাজার এলাকার ব্যবসায়ী মোহাম্মদ কিবরিয়া বলেন, ‘গত অর্থবছরে নগরের গুরুত্বপূর্ণ নাইওরপুল থেকে টিলাগড় সড়কের কাজ সম্পন্ন হয়েছিল। সে সময় এলাকাবাসী সওজ কর্তৃপক্ষের কাছে নিম্নমানের কাজের অভিযোগ করেছিলেন। কিন্তু এলাকাবাসীর অভিযোগটি পাত্তা না দেওয়ায় এখন সামান্য বৃষ্টিতেই পুরো সড়ক ভেঙেচুরে গেছে।’
সড়কগুলো ঘুরে দেখা গেছে, খানাখন্দে বৃষ্টির পানি জমে সড়কগুলোর অবস্থা আরও করুণ হয়েছে। এসব খানাখন্দে রিকশা কিংবা সিএনজির চাকা আটকে গিয়ে প্রতিদিনই দুর্ঘটনা ঘটছে।
স্থানীয় লোকজন জানান, সড়কগুলো দেখভালের দায়িত্বে নিয়োজিত সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কয়েক দিন ধরে বেহাল সড়কের কিছু গর্তে ইটের টুকরো ফেলে সংস্কারের চেষ্টা করেছে। এতে অবস্থার আরও অবনতি হচ্ছে।
কারণ, এসব ইটের টুকরো ট্রাক বা বড় যানবাহনের চাকায় লেগে ছিটকে সড়কের ভালো অংশে এসে পড়ছে। এতে সড়কের মোটামুটি ভালো অংশগুলোতে ইটের টুকরো ছড়ানো-ছিটানো থাকায় সে অংশ দিয়েও যানবাহন চলাচলে প্রতিবন্ধকতার সৃষ্টি হচ্ছে।
সড়ক ও জনপথ বিভাগ (সওজ) সিলেটের নির্বাহী প্রকৌশলী আবু এহতেশাম রাশেদ বলেন, ‘নিম্নমানের কাজের কারণে কোনো সড়কই নষ্ট হয়নি। আসলে যে সড়কে যে ধরনের কাজ করার কথা ছিল, সেটা প্রয়োজনীয় অর্থের অভাবে আমরা করতে পারিনি। এগুলো পুনর্নির্মাণ করার প্রয়োজন ছিল, অথচ আমরা পুনঃসংস্কার করেছি। তাই বছর ঘুরতে না ঘুরতেই সড়কগুলো নষ্ট হয়ে পড়ছে।’
নির্বাহী প্রকৌশলী আরও বলেন, ‘বৃষ্টির কারণে সিলেট নগরের যেসব সড়ক নষ্ট হয়েছে, সেগুলো এই বর্ষা মৌসুমে বিটুমিন দিয়ে সংস্কার করা সম্ভব হবে না। তাই জরুরি ভিত্তিতে ইটের খোয়া ফেলে কোনোরকম সড়কগুলো চলাচলের উপযোগী করে রাখা হচ্ছে। যদি ইটের খোয়া ফেলা না হয় তাহলে খানাখন্দগুলো আরও বড় হয়ে যাবে। এতে সড়কগুলো একেবারে যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে।’
সিলেট সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব বলেন, বৃষ্টির মৌসুম শুরু হওয়ার আগে সিটি করপোরেশন কর্তৃপক্ষ একাধিক সড়ক সংস্কার করেছে। বৃষ্টির মৌসুম শেষ হওয়ার পরপরই সড়ক সংস্কারের কাজ শুরু হবে।