ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন: ওয়ার্ড নম্বর ৪, বাসাবো ও মাদারটেক
সড়কে খোঁড়াখুঁড়ি ধুলাবালি যানজট
>সিটি করপোরেশন নির্বাচন শেষ হয়েছে প্রায় দেড় বছর হলো। এই সময়ে রাজধানীর অনেক স্থানেই লেগেছে উন্নয়নের ছোঁয়া। আবার কোথাও এখনো কোনো কাজই হয়নি। নির্বাচিত কাউন্সিলররাই বা কী করছেন? আবার নতুন করে যেসব এলাকা অন্তর্ভুক্ত হয়েছে, সেসব এলাকায় হাতই দেয়নি দুটি করপোরেশন। এ নিয়ে ভোটারদের মধ্যে আছে নানা ক্ষোভ-আক্ষেপ। এলাকার সমস্যা, সম্ভাবনা, অভাব-অভিযোগ, সুবিধা-অসুবিধা নিয়ে নিয়মিত প্রকাশিত হবে ওয়ার্ডের চালচিত্র
বাসাবো ও মাদারটেকের অধিকাংশ সড়কে খোঁড়াখুঁড়ি চলছে৷ এতে মহল্লার ভাঙাচোরা সড়কে তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে। বাতাসে উড়ছে ধুলাবালি। এই দুটি এলাকার অধিকাংশ সড়কে সড়কবাতি নেই। সন্ধ্যার পর মহল্লার অলিগলিতে অবাধে চলে মাদক সেবন ও ব্যবসা। কোনো ব্যবস্থা নিচ্ছে না কর্তৃপক্ষ।
তা ছাড়া এই এলাকায় ব্যাটারিচালিত অবৈধ অটোরিকশা চলছে প্রচুর। খেলাধুলার উপযোগী মাঠ না থাকা, যাতায়াতে বাস বা লেগুনার ব্যবস্থা না থাকা, মশার উপদ্রব, সড়কে ময়লা-আবর্জনা ছড়িয়ে থাকা, ফুটপাত না থাকা, ঝুঁকিপূর্ণ বিদ্যুতের খুঁটিসহ নানা সমস্যা রয়েছে।
গত মঙ্গলবার এই দুটি এলাকা ঘুরে এবং স্থানীয় মানুষের সঙ্গে কথা বলে এ চিত্র দেখা গেছে৷ এলাকা দুটি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) চার নম্বর ওয়ার্ডের আওতাধীন। উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম ও মধ্য বাসাবো এবং মাদারটেক, ছায়াবীথি, পদ্মকানন, ওয়াসা রোড, মদিনা সড়ক, পাটোয়ারী গলি, এলাহীবাগ, শরিফবাগ, সরকারপাড়া, শান্তিপাড়া, পাবনা গলি, বাগানবাড়ি, নতুনপাড়া, আদর্শপাড়া ও সিলেটি গলি নিয়ে এই ওয়ার্ড গঠিত। প্রায় ৫৭ হাজার ভোটার। দুই লক্ষাধিক লোকের বাস।
সরেজমিনে দেখা যায়, মাদারটেক টেম্পোস্ট্যান্ড, দক্ষিণ ও পশ্চিম মাদারটেক, পশ্চিম বাসাবো, পদ্মকানন, এলাহীবাগে সড়ক খোঁড়াখুঁড়ি করছে ঢাকা ওয়াসা৷ এর মধ্যে দক্ষিণ মাদারটেক থেকে টেম্পোস্ট্যান্ড পর্যন্ত সড়কে লেগে আছে তীব্র যানজট। বাতাসে উড়ছে ধুলাবালি। নাক-মুখ ঢেকে চলাচল করছে পথচারীরা। সড়কের দুপাশের বাসাবাড়ির দরজা-জানালা ও দেয়ালে ধুলাবালির কয়েক স্তর আবরণ পড়েছে। তা ছাড়া ওই এলাকার প্রায় সব সড়কে চলছে অবৈধ ব্যাটারিচালিত অটোরিকশা।
শহীদ আলাউদ্দিন পার্ক মাঠটি খেলাধুলার অনুপযোগী। মাঠটি বাসাবো তরুণ সংঘ খেলার মাঠে হিসেবে পরিচিত। মাঠের ভেতর বালু ও ইট-পাথর ছড়িয়ে রয়েছে। মাঠের দক্ষিণ-পশ্চিম কোণে সড়কের ওপর রয়েছে একটি ডাস্টবিন। সড়কজুড়ে ময়লা ছড়িয়ে রয়েছে। এই মাঠ-সংলগ্ন রয়েছে বাসাবো বালুর মাঠ। এই মাঠেও প্রায় একই চিত্র দেখা গেছে৷ সড়কে ধুলাবালির কারণে নাক-মুখ ঢেকে দক্ষিণ মাদারটেক থেকে উত্তর মাদারটেকে হেঁটে যাচ্ছিলেন পথচারী তাজুল ইসলাম। তিনি বলেন, সড়কের দুপাশে খোঁড়াখুঁড়ি করে বালু ও মাটি সড়কের ওপরই রাখা হয়৷ এতে যানবাহন চললেই বাতাসে ধুলাবালি ওড়ে। মহল্লাবাসীকে দুর্ভোগ পোহাতে হচ্ছে।
দক্ষিণ বাসাবোর স্থানীয় বাসিন্দা ও সামাজিক সংগঠন আলোকিত সবুজবাগের আহ্বায়ক মনির হোসেন বলেন, দীর্ঘদিন ধরে সংস্কার না করায় আলাউদ্দিন পার্ক মাঠটি খেলাধুলার অনুপযোগী হয়ে রয়েছে। এতে শিশু-কিশোরেরা খেলাধুলা থেকে বঞ্চিত হচ্ছে৷ অবিলম্বে মাঠটি সংস্কার করা দরকার। এ ছাড়া সব শ্রেণির মানুষের জন্য বালুর মাঠটি সবুজ বলয় হিসেবে গড়ে তুলতে হবে।
মধ্য মাদারটেকের বাসিন্দা আমজাদ আলী বলেন, তাঁর এলাকার অধিকাংশ সড়কে সড়কবাতি নেই। সন্ধ্যার পর গলির সড়কে মাদকসেবী ও বিক্রেতাদের আড্ডা বসে। রাত বাড়ার সঙ্গে সঙ্গে তাদের দৌরাত্ম্য বেড়ে যায়। তারা ছিনতাইসহ বিভিন্ন অপরাধে জড়াচ্ছে। কিন্তু কোনো ব্যবস্থা নিচ্ছে না পুলিশ।

সড়ক বড় করে বাস চলাচলের ব্যবস্থা করতে হবে
এই এলাকার কাউন্সিলর নির্বাচিত হয়েছেন বিএনপি-সমর্থিত প্রার্থী গোলাম হোসেন। এলাকার বিভিন্ন বিষয়ে প্রথম আলোর সঙ্গে কথা বলেছেন তিনি। সড়কে খোঁড়াখুঁড়ির বিষয়ে গোলাম হোসেন বলেন, গত দেড় বছরে তাঁর ওয়ার্ডের ৪০ শতাংশের বেশি সড়ক সংস্কার করা হয়েছে। কিন্তু ওয়াসাসহ বিভিন্ন প্রতিষ্ঠানের খোঁড়াখুঁড়ির কারণে সেই সড়কে গর্তের সৃষ্টি হয়েছে। এতে যান চলাচল বাধাগ্রস্ত হচ্ছে। খেলার মাঠ সংস্কারের বিষয়ে তিনি বলেন, ইতিমধ্যে আলাউদ্দিন পার্ক মাঠ সংস্কারে নকশা চূড়ান্ত করেছে ডিএসসিসি। শিগগিরই সংস্কারকাজ শুরু হবে।
সড়কবাতি ও মাদকের বিষয়ে কাউন্সিলর বলেন, সঠিকভাবে রক্ষণাবেক্ষণের অভাবে সড়কের অনেক বাতি নষ্ট হয়ে গেছে। এতে মাদকসেবীদের দৌরাত্ম্যও বেড়েছে। মাঝেমধ্যে পুলিশ কিছু মাদকসেবীকে ধরলেও আড়ালে থেকে যাচ্ছে এর সঙ্গে জড়িত ব্যবসায়ীরা।
কাউন্সিলর বলেন, এই এলাকার ৮০ শতাংশ লোক নিম্ন আয়ের৷ এলাকার সড়কগুলো বড় করে বাস চলাচলের ব্যবস্থা করতে সরকারকে উদ্যোগ নিতে হবে৷