সড়কে গরুর হাট, ভোগান্তি
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা সদরে রাস্তার ওপর গরুর হাট এবং সবজির বাজার থাকায় যানবাহন চলাচল ও পথচারীদের হাঁটাচলায় দুর্ভোগে পড়তে হচ্ছে। রাস্তার দুই পাশেই গরুর হাট বসায় ওই সড়কে অতিমাত্রায় যানজট সৃষ্টি হয়। এতে ওই সড়কে দুর্ঘটনাও বেড়েছে।
স্থানীয় ব্যক্তিরা জানান, ময়মনসিংহ-কিশোরগঞ্জের প্রায় ৬৪ কিলোমিটার দীর্ঘ মহাসড়কের বিভিন্ন স্থানে প্রায় প্রতিদিনই গরু-ছাগল, ধান-পাটসহ নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন দ্রব্যের হাট বসে। এ কারণে যানজটের পাশাপাশি সড়ক দুর্ঘটনা বাড়ছে। মহাসড়কের সাহেব কাচারী, কলতাপাড়া, রামগোপালপুর, ঈশ্বরগঞ্জ, হারুয়া, লক্ষ্মীগঞ্জ, মাইজবাগ, কানুরামপুর, নান্দাইল, নান্দাইল চৌরাস্তা, মুশুল্লী ও পাথরঘাটায় প্রতিনিয়তই হাট বসে। ঈশ্বরগঞ্জ পৌরসভা নিয়ন্ত্রিত গরুর হাটটি মহাসড়কসংলগ্ন চরহোসেনপুর আবাসিক এলাকায় থাকায় স্থানীয়দের চলাচলে ভোগান্তিতে পড়তে হয়।
চরহোসেনপুর বাজারের বাসিন্দা রুহুল আমিন জানান, সপ্তাহের সোমবার গরুর হাটের দিন ঘরে বন্দী থাকতে হয়। এতে স্কুল ও কলেজে পড়ুয়া ছেলেমেয়েদের কষ্ট আরও বেশি।
রুহুল আমিন আরও জানান, হাটবারের দিন শিক্ষার্থীদের স্কুল-কলেজে যাওয়া বন্ধ রাখতে হয়। রোগীদের হাসপাতালে নিয়ে যেতেও দুর্ভোগের শেষ থাকে না। গরুর বাজারটি অন্য স্থানে সরানোর জন্য বারবার কর্তৃপক্ষের কাছে আবেদন করেও কোনো কাজ হচ্ছে না।
ওই এলাকার শিক্ষার্থী পারিসা বেগম জানায়, হাটবারের দিন স্কুলে যাওয়া বন্ধ রাখতে হয়। বাসচালক হাদিস মিয়া বলেন, সোম ও শুক্রবার ঈশ্বরগঞ্জ বাজার পাড়ি দিতেই ২৫-৩০ মিনিট লাগে
ঈশ্বরগঞ্জ পরিবহন শ্রমিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম জানান, রাস্তার ওপর গরুর হাট ও সবজির বাজার বসায় দুর্ঘটনা বেড়েছে।
পৌরসভার মেয়র হাবিবুর রহমান বলেন, শিগিগরই হাট স্থানান্তরের ব্যবস্থা করা হবে।