সড়কে গর্ত, ভোগান্তি ২৩ গ্রামের মানুষের
কার্পেটিং উঠে গিয়ে বগুড়ার শেরপুর-নন্দীগ্রাম সড়কে অসংখ্য গর্তের সৃষ্টি হয়েছে। সড়কটি সংস্কার না করায় ২৩ গ্রামের মানুষ দুর্ভোগ পোহাচ্ছে। সড়কটি ব্যবহার করতে না পারায় অন্য সড়ক দিয়ে শেরপুর থেকে বগুড়া হয়ে নন্দীগ্রাম যেতে বেশি সময় লাগছে যাত্রীদের।এলাকাবাসী সূত্রে জানা গেছে, সড়কটি দেখভালের দায়িত্বে রয়েছে সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তর। সড়কটির দৈর্ঘ্য ১৫ কিলোমিটার। প্রায় চার মাস এর কিছু স্থানে সংস্কার করা হয়েছিল। কিন্তু এক মাসের মধ্যে কার্পেটিং উঠে গিয়ে গর্তের সৃষ্টি হয়েছে। এতে শেরপুর উপজেলার দুবলাগাড়ী, হঠাৎপাড়া, চকপোতা, বাগড়া, কেল্লা, পোষী, জামুর, বানিয়া, গোন্দইল, আমইন, দারুগ্রাম, বেলঘরিয়া, সোহাগীপাড়া, কাশিপাড়া, খুরতা, বংশধর, তেঁতুলিয়া, পানিসারা এবং নন্দীগ্রাম উপজেলার চ্যামনাপাড়া, বীরপলী, সরিষাবাদ, বুরইল, কদমকুড়ি ও কৈগাড়ী গ্রামের লোকজনের সমস্যা হচ্ছে।সরেজমিনে গিয়ে দেখা গেছে, ওই সড়কের দুবলাগাড়ী, চকপোতা, বাগড়া, কেল্লা, বীরপলী, বুরইল ও কদমকুড়ি এলাকায় অসংখ্য ছোট-বড় গর্তের সৃষ্টি হয়েছে। সড়ক দিয়ে চলাচলের সময় গর্তের মধ্যে পড়ে যানবাহন বিকল হয়ে পড়ছে। এতে সৃষ্টি হচ্ছে যানজট।স্থানীয় হাফিজার রহমান জানান, এ সড়ক দিয়ে শেরপুর থেকে নন্দীগ্রাম যেতে ১৫ কিলোমিটার অতিক্রম করতে হয়। কিন্তু এর অবস্থা খারাপ হওয়া এখন ভিন্ন একটি সড়ক দিয়ে শেরপুর থেকে নন্দীগ্রাম যেতে ৫০ কিলোমিটার অতিক্রম করতে হচ্ছে। এতে অতিরিক্ত সময় ও টাকা ব্যয় হচ্ছে।ব্যাটারিচালিত অটোরিকশার চালক মো. মাফু জানান, অন্য গাড়িকে সাইড (পাশ কাটাতে) দিতে গিয়ে তাঁদের মতো ছোট গাড়ি গর্তের মধ্যে উল্টে পড়ে যায়। এতে আয় করা টাকা সিংহভাগই গাড়ি মেরামত করতে শেষ হয়ে যায়।সড়কের দুবলাগাড়ী বাজার এলাকার খবির উদ্দিন ও জীবন শর্মা জানান, প্রায় চার মাস আগে এই সড়কের কিছু স্থানে সওজের লোকজন ঠিকাদার দিয়ে সংস্কার করে। কিন্তু সংস্কারের প্রায় এক মাস পর কার্পেটিং উঠে যায়।বগুড়া সওজের উপসহকারী প্রকৌশলী মেহেদী হাসান বলেন, বৃষ্টির কারণে সড়কে জলাবদ্ধতার সৃষ্টি হওয়ায় কার্পেটিং উঠে গেছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।কুসুম্বী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শাহ আলম পান্না জানান, তিনি দ্রুত সড়কটি সংস্কারের জন্য সওজের বগুড়া কার্যালয়ের কর্মকর্তাদের সঙ্গে একাধিকবার যোগাযোগ করেছেন। কিন্তু তাতে কোনো কাজ হয়নি।বগুড়ার সওজের উপবিভাগীয় প্রকৌশলী হামিদুল ইসলাম জানান, তাঁরা সড়কের বাজার এলাকাগুলোয় ড্রেনেজব্যবস্থার উন্নয়ন ও খানাখন্দ ভরাট করার পরিকল্পনা হাতে নিয়েছেন।