সড়কে গর্ত, ঝুঁকি নিয়ে চলাচল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের আনোয়ারার পারকি সৈকত সড়কে সৃষ্টি হয়েছে বড় গর্ত। গাড়ি চলাচল করছে ঝুঁকি নিয়ে। ছবিটি গতকাল দুপুরে তোলা l প্রথম আলো
চট্টগ্রামের আনোয়ারার পারকি সৈকত সড়কে সৃষ্টি হয়েছে বড় গর্ত। গাড়ি চলাচল করছে ঝুঁকি নিয়ে। ছবিটি গতকাল দুপুরে তোলা l প্রথম আলো

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার পারকি সৈকত সড়কের একাংশ ধসে সৃষ্টি হয়েছে বড় গর্ত। সড়কের মাঝখানে এই গর্তের কারণে গাড়ি চলছে ঝুঁকি নিয়ে। গত ৩০ মে ঘূর্ণিঝড় মোরার প্রভাবে সৃষ্ট ঢলে এই অবস্থা হয়। এরপর এটি সংস্কার হয়নি। গত কয়েক দিনের বৃষ্টিতে বেড়েছে গর্তের আকার।

গতকাল মঙ্গলবার দুপুরে দেখা যায়, পাঁচ কিলোমিটারের সড়কটির শুরু সিইউএফএল কলোনি থেকে। শেষে হয়েছে পারকি সৈকতে। সিইউএফএল কলোনি থেকে প্রায় ৩০০ মিটার দূরত্বে বুড়ির জালপুল এলাকায় সৃষ্ট গর্তটি সড়কের বেশির ভাগ অংশজুড়ে। গর্তের উভয় পাশে সতর্কতার জন্য লাল পতাকা পুঁতে দেওয়া হয়েছে। গর্তের চারপাশে ধসে পড়ছে পিচঢালাই। ১২ ফুট প্রস্থের রাস্তার চার থেকে পাঁচ ফুট অংশ দিয়েই চলাচল করছে গাড়ি। ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকলে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা করছেন চলাচলকারীরা।

স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, পারকি সৈকত সড়ক দিয়ে রায়পুর ও বারশত ইউনিয়নের বাসিন্দা চলাচল করেন। দুটি ইউনিয়নের মাছ ব্যবসায়ীদের চট্টগ্রাম শহরে যাতায়াতও এই সড়কের মাধ্যমে। এ ছাড়া পারকি সৈকতগামী পর্যটকেরাও যাতায়াত করেন। চলাচল করে বাস ছাড়া অন্য সব যানবাহন।

পারকি সৈকতে চলাচলকারী অটোরিকশা চালক আলী আহমদ প্রথম আলোকে বলেন, সড়ক ধসে যাওয়ায় গাড়ি নিয়ে ভাঙা অংশ পার হওয়ার সময় ভয়ে থাকি। গর্ত আর সামান্য বড় হলে ট্যাক্সি (অটোরিকশা) চলাচল বন্ধ হয়ে যাবে।

এ ব্যাপারে স্থানীয় বারশত ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এম এ কাইয়ুম শাহ্ প্রথম আলোকে বলেন, পারকি সৈকত সড়কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সড়ক হলেও একটি গর্তের কারণে গাড়ি চলাচল বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। ক্ষতিগ্রস্ত অংশটি দ্রুত সংস্কার করা জরুরি।

জানতে চাইলে আনোয়ারা উপজেলা প্রকৌশলী তসলিমা জাহান প্রথম আলোকে বলেন, পারকি সৈকতের ক্ষতিগ্রস্ত অংশে পাইপ কালভার্ট করার জন্য জরুরি ভিত্তিতে ছয় লাখ টাকার দরপত্র করা হয়েছে। ঠিকাদারকে দ্রুত কাজ শেষ করার তাগিদ দেওয়া হবে।