সড়কে গর্ত ভরাট করলেন পুলিশ কমিশনার

আবারও ইট দিয়ে সড়কের গর্ত ভরাট করলেন চট্টগ্রাম নগর পুলিশ কমিশনার মো. আবদুল জলিল মণ্ডল। আজ সোমবার দুপুরে পতেঙ্গা থেকে ইপিজেড মোড় পর্যন্ত সড়কের গর্ত ভরাট করা হয়। পুলিশ কমিশনারকে এ কাজে সহায়তা করেন ট্রাফিক বিভাগ (বন্দর)।
এর আগেও গত ২০ আগস্ট চট্টগ্রামের ইপিজেড এলাকা থেকে বারিক বিল্ডিং মোড় পর্যন্ত সড়কের গর্ত ভরাট করেছিলেন পুলিশ কমিশনার।
নগর পুলিশের জনসংযোগ শাখার সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ পতেঙ্গা থানা আয়োজিত ওপেন হাউস ডে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পুলিশ কমিশনার আবদুল জলিল মণ্ডল। অনুষ্ঠানে আসার সময় সড়কে গর্তের কারণে যান চলাচলের অসুবিধার বিষয়টি তাঁর দৃষ্টিগোচর হয়। অনুষ্ঠানে শেষে ফেরার পথে সড়কের গর্ত ভরাটের জন্য গাড়ি থেকে নেমে আসেন। এ সময় যান চলাচলের সুবিধার জন্য পতেঙ্গা থেকে ইপিজেড মোড় পর্যন্ত সড়কের গর্ত ইট দিয়ে ভরাট করে দেওয়া হয়।
সড়কের গর্ত ভরাটের সময় পুলিশ কমিশনার বলেন, ‘এ কাজটি সবার। আমি আমার দায়িত্ববোধ থেকে কাজটি করছি, যাতে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি না হয়।’ পুলিশ কমিশনার এ কাজে ব্যবসায়ী ও বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান।
এ ব্যাপারে জানতে চাইলে ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল কালাম প্রথম আলোকে বলেন, সড়কের গর্ত ভরাটে প্রায় চার ট্রাক ইট ব্যবহার করা হয়।