সড়কে গর্ত, ভোগান্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংস্কার না করায় মৌলভীবাজারের রাজনগর উপজেলার বালাগঞ্জ খেয়াঘাট-কালারবাজার সড়কের বিভিন্ন স্থানে ছোট-বড় অসংখ্য গর্তের সৃষ্টি হয়েছে। এতে এ সড়ক দিয়ে চলাচল করতে গিয়ে স্থানীয় লোকজন দুর্ভোগ পোহাচ্ছে। সড়কটির দুরবস্থার কারণে স্থানীয় লোকজন ১২ কিলোমিটারের জায়গায় ৩৫ কিলোমিটার ঘুরে সিলেট যাচ্ছে।
৪ জুলাই সরেজমিনে দেখা গেছে, বালাগঞ্জ খেয়াঘাট থেকে কালারবাজারের দিকে যেতে সড়কের প্রায় আধা কিলোমিটার জায়গা মোটামুটি ভালো। সড়কের তোলাপুর এলাকা থেকে অনেক গর্তের সৃষ্টি হয়েছে। পিচ ও খোয়া উঠে এসব গর্তের সৃষ্টি হয়েছে। বৃষ্টি হওয়ায় গর্তে পানি জমে আছে। মাঝেমধ্যে সিএনজিচালিত অটোরিকশা ও ছোট ট্রাক ঝুঁকি নিয়ে চলছে। অটোরিকশার নিচের অংশ মাটির সঙ্গে লেগে যাচ্ছে। এ অবস্থা সড়কটির কালারবাজার পর্যন্ত। অটোরিকশাচালক পিনু মিয়া বলেন, ‘ভাঙা থাকায় আমি এ রাস্তায় যাই না।’
স্থানীয় কয়েকজন বাসিন্দা বলেন, এ সড়ক দিয়ে সদর উপজেলার একাটুনা এবং রাজনগরের ফতেহপুর ও উত্তরভাগ ইউনিয়নের মানুষ চলাচল করে। এক যুগ ধরে সড়কের প্রায় ১২ কিলোমিটার অংশে সংস্কারের ছোঁয়া লাগেনি। দীর্ঘদিন ধরে সড়কটির বিভিন্ন স্থানে একটু একটু করে পিচ ও খোয়া উঠতে শুরু করেছে। তিন বছর ধরে সড়ক বেহাল হয়ে পড়েছে। সড়কটির অসংখ্য স্থানে তৈরি হয়েছে ছোট-বড় গর্তের। কোনো কোনো গর্ত ১০-১৫ ফুটের বেশি লম্বা। গাড়ির যন্ত্রপাতি ভেঙেচুরে যায় বলে সাধারণত কোনো চালক এ সড়কে যেতে চান না। স্থানীয় মানুষ নিরুপায় হলে দ্বিগুণ ভাড়া দিয়ে যাতায়াত করেন।
বালাগঞ্জ খেয়াঘাট বাজারের ব্যবসায়ী নোমানুর রশীদ বলেন, এ রাস্তা দিয়ে যোগাযোগ নেই বললেই চলে। খেয়াঘাট এলাকার কোনো রোগী নিয়ে সিলেট যেতে হলে ১২ কিলোমিটারের জায়গায় রাজনগর হয়ে ৩৫ কিলোমিটার ঘুরে সিলেট যেতে হয়।
উত্তরভাগ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. জিতু মিয়া বলেন, ‘খুবই খারাপ অবস্থা রাস্তার। রাস্তায় অসংখ্য গর্তের সৃষ্টি হয়েছে। গর্তে পড়ে গাড়ি ভাঙছে। ছাত্রছাত্রী হেঁটে স্কুলে যেতে পারে না, এমন অবস্থা। অসুস্থ রোগীদের নিয়ে যাওয়ার অবস্থা নেই। শুনছি রাস্তার কাজের দরপত্র হচ্ছে। কিন্তু কবে কাজ হবে, জানি না।’
রাজনগর উপজেলা প্রকৌশলী মো. রুবায়েত জামান বলেন, রাস্তা সংস্কারের জন্য গত ২২ জুন দরপত্র আহ্বানের বিষয়টি প্রক্রিয়াধীন।