
নড়াইল সদর উপজেলার তুলারামপুর-শেখহাটি সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত ও ফাটল তৈরি হয়েছে। এতে নড়াইল ও যশোরের তিনটি ইউনিয়নের ২৪টি গ্রামের প্রায় ৩৫ হাজার মানুষ যাতায়াতে ভোগান্তির শিকার হচ্ছে।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) নড়াইল কার্যালয় সূত্রে জানা গেছে, ২০০২ সালে সড়কটি সংস্কার করা হয়। এরপর অর্থ বরাদ্দ না পাওয়ায় সড়ক সংস্কারে কোনো উদ্যোগ নেওয়া হয়নি। ফলে সড়কটি যান চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।
গত শুক্রবার (৮ জানুয়ারি) সরেজমিন দেখা যায়, উপজেলার তুলারামপুর বাসস্ট্যান্ড থেকে শেখহাটি বাজার পর্যন্ত ১৮ কিলোমিটার দীর্ঘ সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত ও ফাটল রয়েছে। এ ছাড়া বিভিন্ন স্থানে কার্পেটিং উঠে সড়কটি বেহাল হয়ে পড়েছে। শেখহাটি ইউনিয়নের মান্দিয়া এলাকায় কয়েকটি বড় গর্ত দেখা গেছে। দুর্ঘটনা এড়াতে এলাকার মানুষ বাঁশের খুঁটিতে লাল কাপড় বেঁধে গর্তের ভেতরে পুঁতে রেখেছে। বাকলি গ্রামের খালের ওপর নির্মিত সেতুটির মাঝখানে দেড় বছর আগে ভেঙে রড বেরিয়ে পড়েছে। পথচারীদের সতর্ক করতে এলাকাবাসী এখানেও বাঁশে লাল কাপড় বেঁধে টাঙিয়ে দিয়েছেন। সেতুটির ভাঙা স্থানে কাঠ বিছিয়ে ঝুঁকি নিয়ে এলাকার লোকজন চলাচল করছেন।
বাকলি সেতু-সংলগ্ন এলাকার বাসিন্দা কবিতা বিশ্বাস বলেন, প্রায়ই সেতুতে দুর্ঘটনা ঘটছে। গত ১০ ডিসেম্বর রাতে দুটি ব্যক্তি মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় গর্তে পড়ে আহত হন। তাঁদের মধ্যে একজনের বাঁ হাত ভেঙে যায়।
নছিমনচালক নির্মল দাস বলেন, ‘বাকলি পোলডা যহোন ভালো ছেলো, আর মান্দে (মান্দিয়া) গিরামের রাস্তায় যহোন গত্তো ছেলো না তহোন শিখাটিরতে জিলার বাজারে যাতি সুময় লাকতো ৩০-৪০ মিনিট। এহোন এ রাস্তা ভাঙে গেছে। গাড়ি চালানো যায় না। জিলার বাজারে যাতি গিলি ভাঙ্গুরা হয়ে ঘুরে যাতি হচ্ছে। এতে দেড় থেকে দুই ঘণ্টা সময় লাগতিছে। সন্ধ্যার পর এই রাস্তায় গাড়ি চালানু যায় না।’
শেখহাটি ইউনিয়নের গুয়োখোলা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক তাপস কুমার বিশ্বাসসহ এলাকার কয়েকজন বাসিন্দা সূত্রে জানা গেছে, কম সময়ে জেলা শহরের সঙ্গে যোগাযোগের একমাত্র মাধ্যম এই সড়ক। এই সড়ক দিয়ে শেখহাটি ইউনিয়নের শেখহাটি, শেখপাড়া, কাইজিদয়া, তপনভাগ, হাতিয়ারা, গুয়োখোলা, বাকলি, মান্দিয়া, মান্দিয়ার চর, নগরদিয়া; তুলারামপুর ইউনিয়নের তুলারামপুর, চর তুলারামপুর, মালিয়াট, পেরুলী, গাবতলা, চাঁচড়া এবং যশোরের বাঘারপাড়ার বসুন্দিয়া ইউনিয়নের বাকড়ি, সদুল্লাপুর, গাইদগাছি, ঘোড়ানাছ, কমলাপুর, দোগাছি, বিটাবল্লা ও পশ্চিম আফরা গ্রামের লোকজন চলাচল করেন। আগে এই সড়ক দিয়ে এসব গ্রামের বাসিন্দারা ফসল ও শাকসবজি ট্রাকে করে বিভিন্ন স্থানে নিয়ে যেতেন। এখন সড়ক খারাপ থাকায় উৎপাদিত পণ্য বেশি ভাড়া দিয়ে ভ্যান, নছিমন-করিমনে করে বিকল্প পথ বাঘারপাড়ার ভাঙ্গুরা হয়ে নিয়ে যেতে হচ্ছে বিভিন্ন স্থানে।
শেখহাটি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মাসুম গাজী বলেন, ভাঙা সড়ক ও সেতুর কারণে নড়াইল ও যশোরের ওই ২৪ গ্রামের মানুষ দুর্ভোগ পোহাচ্ছে। সড়কটি সংস্কারের জন্য অনেকবার এলজিইডির নড়াইল কার্যালয়ে আবেদন করা হয়েছে। কিন্তু কোনো কাজ হয়নি।
এলজিইডি নড়াইলের নির্বাহী প্রকৌশলী মোতালেব বিশ্বাস বলেন, সড়ক পরিদর্শন করা হয়েছে। বাকলি গ্রামের ভাঙা সেতুটির নির্মাণকাজ চলছে। সড়ক সংস্কারে প্রয়োজনীয় অর্থ বরাদ্দের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে। অর্থ বরাদ্দ পাওয়া গেলে কাজ শুরু করা হবে।