সংস্কারের অভাবে মানিকগঞ্জ সদর উপজেলার মানিকগঞ্জ-দীঘি-ডাউটিয়া সড়কটির অধিকাংশ স্থানে কার্পেটিং উঠে গর্তের সৃষ্টি হয়েছে। এতে জেলা সদরে যাতায়াতে ১৫টি গ্রামের লোকজন দুর্ভোগ পোহাচ্ছেন।
এলাকাবাসী এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সূত্রে জানা গেছে, ১৯৯৮ সালে এশিয়া উন্নয়ন ব্যাংকের (এডিবি) অর্থায়নে মানিকগঞ্জ-দীঘি-ডাউটিয়া সড়কটির পাঁচ কিলোমিটার কার্পেটিং করা হয়। এর পর থেকে সংস্কার না করায় ওই সড়কের অধিকাংশ স্থানের কার্পেটিং উঠে যায়। বৃষ্টি ও প্রতিনিয়ত যানবাহন চলাচলের কারণে সড়কটির বিভিন্ন স্থানে গর্তের সৃষ্টি হয়েছে। সড়কটি সংস্কার করা হলে সদর উপজেলার নতুন বসতি, দীঘি, কয়রা, পিতলাই, খরসতাই, চান্দহর, ঘোনা, আলীনগর, গড়পাড়া, ডাউটিয়া এবং ঘিওর উপজেলার বিল্লালাই, বৈকুণ্ঠপুরসহ আরও কয়েকটি গ্রামের মানুষের দুর্ভোগ লাঘব হবে।
সরেজমিনে নতুন বসতি থেকে কয়রা পর্যন্ত প্রায় দুই কিলোমিটার পর্যন্ত দেখা যায়, সড়কের কার্পেটিং উঠে ইটের খোয়া বের হয়ে গেছে। এলাকাবাসী টেম্পো, সিএনজিচালিত অটোরিকশা, হ্যালোবাইক ও রিকশায় চলাচল করছেন। তবে গর্তের কারণে ধীরগতিতে চলাচল করতে হচ্ছে।
কয়রা গ্রামের সামছুল খান বলেন, ‘কয় দিন পর পর ইঞ্জিনিয়াররা আইস্যা রাস্তা মাইপ্যা নিয়া যায়। কিন্তু রাস্তা আর ঠিক হয় না।’
একই গ্রামের কলেজছাত্রী স্বর্ণা আক্তার বলেন, সড়কের বেহাল অবস্থার কারণে যাতায়াত করতে সময় বেশি লাগে।
দীঘি গ্রামের আবদুল জলিল ও পিতলাই গ্রামের বিল্লাল হোসেনসহ আরও কয়েকজন কৃষক জানান, তাঁদের উৎপাদিত বিভিন্ন কৃষিপণ্য বিক্রির জন্য হাটবাজারে নিতে হয়। কিন্তু ভাঙাচোরা সড়কের কারণে অতিরিক্ত পরিবহন ভাড়া গুনতে হচ্ছে তাঁদের।
স্থানীয় দীঘি ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য শামসুল ইসলাম বলেন, সড়কটি সংস্কার করতে বিপুল পরিমাণ অর্থের প্রয়োজন, যা ইউনিয়ন পরিষদের পক্ষে সম্ভব নয়। তা ছাড়া সড়কের কিছু স্থানে গাড়িচালকেরা নিজেরাই ইটের খোয়া ফেলে যাতায়াতের ব্যবস্থা করেন।
সদর উপজেলা এলজিইডির উপসহকারী প্রকৌশলী মোশারফ হোসেন জানান, সড়কটির নতুন বসতি-রোহাদহ পর্যন্ত সাড়ে তিন কিলোমিটার উন্নয়নকাজের জন্য প্রায় ৯৪ লাখ টাকা প্রাক্কলিত ব্যয় নির্ধারণ করা হয়েছে।
উপজেলা প্রকৌশলী মফিজুল ইসলাম বলেন, বরাদ্দ চেয়ে চাহিদাপত্র এলজিইডির সদর দপ্তরে পাঠানো হয়েছে। বরাদ্দ পেলেই সড়কটির উন্নয়নকাজ শুরু করা হবে।