সড়কে গাছ ফেলে নেতা কর্মীরা থাকেন বাড়িতে
হরতাল-অবরোধের ঘোষণা হলেই পাবনা-ঢাকা মহাসড়কের বিভিন্ন স্থানে গাছ কেটে ফেলে রাখেন ১৮-দলীয় জোটের নেতা-কর্মীরা। পরে নেতা-কর্মীরা রাস্তায় না থেকে বাড়িতে থাকলেও ঘণ্টার পর ঘণ্টা সেই সড়কে যান চলাচল বন্ধ থাকছে। ভোগান্তিতে পড়ছে লোকজন।
এ ছাড়া হরতাল-অবরোধের নামে গত কয়েক মাসে মহাসড়কের ২৫ কিলোমিটার এলাকার দেড় শতাধিক মূল্যবান বৃক্ষ নিধন করা হয়েছে বলে এলাকাবাসী দাবি করেছেন।
স্থানীয় ব্যক্তিদের দাবি, লুটপাটের জন্য একটি চক্র হরতাল-অবরোধের নামে গাছ কাটছে। পরে কর্মসূচি শেষে সেগুলো লুটপাট হচ্ছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আগে কখনোই সড়কের গাছ কেটে অবরোধ করা হয়নি। এ বছরই এ ধরনের ঘটনা ঘটছে। হরতাল বা অবরোধের ঘোষণা হলেই নির্বিচারে সড়কের গাছ কাটা হচ্ছে। এমন ঘটনা সবচেয়ে বেশি ঘটছে পাবনা সদর উপজেলার রাজাপুর থেকে আতাইকুলা পর্যন্ত পাবনা-ঢাকা মহাসড়কের ২৫ কিলোমিটার এলাকায়। হরতাল বা অবরোধ ঘোষণার প্রথম সকালেই গাছ কেটে সড়ক অবরোধ করছেন নেতা-কর্মীরা। এরপর তাঁদের আর মাঠে থাকতে হচ্ছে না। গাছের কারণেই ঘণ্টার পর ঘণ্টা সেই সড়ক দিয়ে যান চলাচল বন্ধ থাকছে। ফলে জরুরি প্রয়োজনে অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস ও সংবাদপত্রের যানবাহনও চলাচল করতে পারছে না।
গত শনিবার সরেজমিনে দেখা যায়, ওই মহাসড়কের রাজাপুর এলাকায় ইটের স্তূপ দিয়ে সড়ক আটকানো। কোনোমতে তা ডিঙ্গিয়ে এগুতেই দেখা যায়, কয়েকটি তাজা কড়ইগাছ পড়ে আছে মহাসড়কে। সড়কের দুই পাশ থেকে গাছ কেটে আটকে দেওয়া হয়েছে ওই মহাসড়কের অনেক জায়গা।
মহাসড়কের পার্শ্ববর্তী বাঙ্গাবাড়িয়া গ্রামের আফাজ উদ্দিন জানান, মহাসড়কটির ওই ২৫ কিলোমিটর এলাকার দুই পাশের গ্রামগুলো বিএনপি ও জামায়াত-শিবির অধ্যুষিত। ফলে বিরোধী দলের কোনো কর্মসূচি ঘোষণা হলে জেলার কোথাও কিছু না ঘটলেও এই সড়কটি বন্ধ হয়ে যায়। অনেক সময় অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আসতে দেরি করেন।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী হানিফুল ইসলাম বলেন, ‘একের পর এক গাছ কাটার ঘটনায় আমরাও কষ্ট পাই। পুলিশের চোখ ফাঁকি দিয়ে কাজটি করা হয়।