সড়কে গাছ ফেলে ২৯টি গরুসহ ট্রাক ছিনতাই
সাতক্ষীরায় সড়কের ওপর গাছ ফেলে ২৯টি গরুসহ একটি ট্রাক ছিনতাই করেছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার ভোরে সদর উপজেলার সীমান্তবর্তী শিকড়ি এলাকায় এ ঘটনা ঘটে।কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাহেরামাঝি গ্রামের গরু ব্যবসায়ী শরিফুল ইসলাম বলেন, তাঁর লোকজন ট্রাকে ২৯টি গরু নিয়ে ঢাকার গাবতলীতে যাচ্ছিল। গতকাল ভোরে সাতক্ষীরা সদর উপজেলার কদমতলা-বৈকারী সড়কের শিকড়ি মাঠের কাছে পৌঁছালে ১০-১২ জনের একদল ছিনতাইকারী সড়কের ওপর গাছ ফেলে ট্রাকটি আটক করে। এরপর তারা ট্রাকের চালক আবদুর রশিদ, চালকের সহকারী মিলন হোসেন এবং আক্তারুল হোসেন ও আনোয়ার হোসেন নামের দুই রাখালকে বেধড়ক মারধর করে একটি গাছের সঙ্গে বেঁধে রাখে এবং গরুসহ ট্রাকটি নিয়ে পালিয়ে যায়।সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মো. ইব্রাহিম বলেন, এ ঘটনায় গরু ব্যবসায়ী শরিফুল ইসলাম বাদী হয়ে মামলা করেছেন। হাত-পা বাঁধা অবস্থায় সকালে চারজনকে উদ্ধার করা হয়েছে। সাতক্ষীরার পুলিশ সুপার (এসপি) মো. আসাদুজ্জামান বলেন, গরু ও ট্রাক উদ্ধারের জন্য পুলিশের একাধিক দল মাঠে কাজ করছে।