সড়কে গাড়ির জট!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফার্মগেট এলাকায় বেলা সাড়ে তিনটার চিত্র ।  প্রথম আলো
ফার্মগেট এলাকায় বেলা সাড়ে তিনটার চিত্র । প্রথম আলো

বেলা ১১টা। গুলিস্তান, জিরো পয়েন্ট ও বঙ্গবন্ধু অ্যাভিনিউ এলাকা বাস, মিনিবাস, প্রাইভেট কার, সিএনজিচালিত অটোরিকশা ও রিকশায় ঠাসা। হকাররা ফুটপাতে পসরা সাজিয়ে বসেছেন। বিকেল পৌনে চারটায় বিজয় সরণির ট্রাফিক সিগন্যালে থেমে আছে বাস, ট্যাক্সিক্যাব, প্রাইভেট কার ও সিএনজিচালিত অটোরিকশা। পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেখানে পুলিশের ট্রাফিক বিভাগের একাধিক সদস্য দায়িত্ব পালন করছেন।
বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোটের ডাকা ৭২ ঘণ্টার অবরোধের শেষ দিন ও সপ্তাহের শেষ দিনে নগরের বিভিন্ন সড়কে যানবাহন ছিল বেশি। বুধবারের চেয়ে গতকাল প্রাইভেট কার ও ট্যক্সিক্যাবের সংখ্যা ছিল উল্লেখযোগ্য। বেলা বাড়ার পর এই সংখ্যা আরও বেড়ে যায়। যানজট দেখা দেয় কয়েকটি সড়কে। রাজধানীর বিভিন্ন স্থানে অধিকাংশ বিপণিবিতান খোলা দেখা যায়।
আড়াইটার দিকে গুলিস্তান, জিরো পয়েন্ট ও বঙ্গবন্ধু অ্যাভিনিউ এলাকায় যানজট দেখা দেয়। পরে কর্তব্যরত ট্রাফিক পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সদরঘাট থেকে মিরপুরগামী বাসের যাত্রী জাকির হোসেন জানান, কয়েক দিন বাসায় আটকে থাকার পর একটি বিশেষ কাজে তিনি মিরপুরে যাচ্ছেন। এ অরাজক পরিস্থিতি মেনে নেওয়া যায় না। তাই গতকাল সাহস করে বেরিয়েছেন।
কর্তব্যরত একজন ট্রাফিক পুলিশ জানান, সপ্তাহের শেষ দিনে অবরোধ কর্মসূচি থাকার পরও কর্মব্যস্ত মানুষ বেরিয়েছেন। তাই রাস্তায় অতিরিক্ত যানবাহন। অবরোধ কর্মসূচিও অনেকটা ঢিলেঢালা।
সকাল সাড়ে নয়টার দিকে পুরান ঢাকার পোস্তগোলা, জুরাইন ও দোলাইর পাড় এলাকায় সিএনজিচালিত অটোরিকশা, পিকআপ, বাস, ট্রাক ও প্রাইভেট কার চলাচল করতে দেখা গেছে। বুড়িগঙ্গা প্রথম সেতুসংলগ্ন পোস্তগোলা থেকে মাওয়ার উদ্দেশে যাত্রী নিয়ে দু-একটি বাস ছেড়ে যেতে দেখা যায়। সকাল সাড়ে নয়টার দিকে পুরান ঢাকার নয়াবাজার, বংশাল, ধোলাইখাল, দোলাইর পাড়ে যানবাহনের চাপ ছিল। এসব এলাকায় বেশির ভাগ বিপণিবিতান খোলা ছিল।
সকাল ১০টার দিকে যাত্রাবাড়ী মোড়ে কিছু যাত্রীবাহী মিনিবাস ও অটোরিকশা চলাচল করতে দেখা যায়। তবে বুধবারের চেয়ে এই এলাকায় যানবাহন কম চলেছে। ১০টার পর যাত্রাবাড়ী সড়কের পাশে তুলাভর্তি একটি রিকশাভ্যানে আগুন দেয় দুর্বৃত্তরা। যাত্রাবাড়ী থানার ওসি রফিকুল ইসলাম বলেন, ভ্যানে আগুন দেওয়া ছাড়া আর কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি এই এলাকায়।
বেলা সোয়া ১১টার দিকে মিরপুর ১ নম্বর গোলচত্বরে বাস, মিনিবাস, সিএনজিচালিত অটোরিকশা ও ট্যাক্সিক্যাবের জটলা দেখা যায়। আশপাশের অন্তত পাঁচটি বিপণিবিতান খোলা ছিল। বেলা সাড়ে ১১টার দিকে গাবতলী বাস টার্মিনালের কাছে খালেক সিটির উল্টো পাশের রাস্তায় বিআরটিসির দ্বিতল বাস, যাত্রীবাহী বাস-মিনিবাস, প্রাইভেট কার, ট্যাক্সিক্যাব ও সিএনজিচালিত অটোরিকশায় জট লেগে যায়। অবশ্য দূরপাল্লার বাসগুলো রাস্তার একাংশ জুড়ে থামিয়ে রাখায় সেখানের সড়ক সংকুচিত হয়ে যায়। সাভার, ধামরাই ও পাটুরিয়ার উদ্দেশে দু-একটি বাস ছেড়ে যেতে এবং আসতে দেখা গেছে। ঢাকার প্রবেশপথ আমিনবাজার ও গাবতলীতে সেতুতে অবরোধ সমর্থকদের কাউকে দেখা যায়নি।
বেসরকারি একটি প্রতিষ্ঠানের কর্মী মাহমুদুর রহমান সাভার থেকে ডি লিংকের একটি বাসে ঢাকায় আসেন। তিনি বলেন, ‘রাজনীতিবিদেরা মুখে খাবার তুলে দেবে না ও পরিবার চালাবে না। তাই ভয়-আতঙ্কের মধ্যেও রুটি ও রুজির জন্য ঢাকায় কর্মস্থলে এসেছি।’ গতকাল গাবতলী, সায়েদাবাদ ও মহাখালী থেকে দূরপাল্লার বাস ছেড়েও যায়নি কিংবা ঢাকায় পৌঁছায়নি। বেলা ১২টার দিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে কিছু বাস ও সিএনজিচালিত অটোরিকশা চলাচল করতে দেখা গেছে। তবে বেশির ভাগ দোকানপাটই বন্ধ ছিল।
ককটেলের আঘাতে আহত: সকাল ১০টার দিকে পুরান ঢাকার অবরোধ সমর্থকদের ছোড়া ককটেলের আঘাতে স্থানীয় দরজি দোকানি আজিম বিশ্বাস (২২) ও মো. সোহাগ (২৬) আহত হন। তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ককটেলের আঘাতে তাঁদের দুজনের পা ঝলসে যায়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বক্তব্য: গতকাল মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, যারা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল, সরকারি সম্পদ ও জানমালের ক্ষতিসহ ধ্বংসাত্মক ঘটনা ঘটানোর চেষ্টা করেছে, তদন্ত করে সেসব চক্রান্তকারীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে নির্দেশ দেওয়া হয়েছে।