সড়কে গাড়ির পাল্লা অস্ট্রেলিয়ায় দুই বাংলাদেশি নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অস্ট্রেলিয়ার সিডনিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি দুই ছাত্র নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন অপর এক বাংলাদেশি ছাত্র। আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় সেন্ট জর্জ হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়েছে।
সিডনির দক্ষিণ-পশ্চিমের বেলমোরের ক্যানটারবারি সড়কে গতকাল বুধবার স্থানীয় সময় ভোর পৌনে চারটার দিকে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে প্রাইভেট কারটি চূর্ণবিচূর্ণ হয়ে যায়। সড়কে পাল্লা দিয়ে গাড়ি চালানোর কারণেই দুর্ঘটনাটি ঘটেছে বলে পুলিশের ধারণা। হতাহত ওই তিন বাংলাদেশির সবার বয়স ২০ বছরের কাছাকাছি।
অস্ট্রেলিয়ার ডেইলি টেলিগ্রাফ-এর প্রতিবেদনে নিহত ওই দুই ছাত্রের নাম ফাহিম রহমান ও সাকলায়েন উৎস বলে উল্লেখ করা হয়েছে। ফাহিম গাড়িটি চালাচ্ছিলেন।
প্রতিবেদনে বলা হয়, সিসিটিভির ফুটেজে দেখা গেছে, টয়োটা গাড়িটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে বিধ্বস্ত হওয়ার আগে সেটি পাশাপাশি আরেকটি গাড়ির সঙ্গে চলছিল। বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লাগার পর গাড়িটি প্রায় দুই খণ্ড হয়ে যায়। দুর্ঘটনার পর ওই গাড়িটির সঙ্গে পাশাপাশি চলা সাদা রঙের নিশান স্কাইলাইন গাড়িটিকে পুলিশ জব্দ করেছে। স্কাইলাইনটি চালাচ্ছিলেন হতাহত ওই ছাত্রদেরই বন্ধু আহসানুল ফখরু। তিনি সড়কে রেসিংয়ের অভিযোগ অস্বীকার করেছেন।
ফখরু দাবি করে বলেন, ‘আমি ঘণ্টায় ৬০ অথবা ৭০ কিলোমিটার গতিতে গাড়িটি চালাচ্ছিলাম। সে (অনিক) কত গতিতে গাড়ি চালাচ্ছিল, তা আমি জানি না। আমার ধারণা, সে ওই গাড়িটি নিয়ে কোনো সমস্যায় পড়েছিল। সে কোনো কারণবশত নিয়ন্ত্রণ হারায়। তার গাড়িটি আমার পেছনে ছিল। সেকেন্ডের মধ্যে আমি সংঘর্ষের শব্দ শুনতে পাই।’
তবে পুলিশ বলছে, স্পষ্টতই বেপরোয়া গতিই এ দুর্ঘটনার অন্যতম কারণ। তদন্তের জন্য ফখরুর গাড়িটি জব্দ করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে।