সড়কে চরে বেড়ায় গরু পথের ওপর কাঁচাবাজার

মিরপুর ১ নম্বর গোলচত্বর থেকে শাহ আলী মাজার পর্যন্ত সড়ক ও ফুটপাতের অধিকাংশই অবৈধ দখল হয়ে গেছে। সড়কজুড়ে কাঁচাবাজার। ফুটপাতে দোকানপাট থাকায় যাত্রীদের ভোগান্তিতে পড়তে হচ্ছে। সড়কের ওপরে সিটি করপোরেশনের ময়লার কনটেইনার থেকে দুর্গন্ধ ছড়িয়ে অসহনীয় অবস্থার সৃষ্টি হয়েছে। সড়কে ছড়িয়ে থাকায় নানা উচ্ছিষ্ট খেতে চরে বেড়ায় গরু।
গত বুধবার দুপুর ১২টার দিকে দেখা যায়, সড়কের ওপরে বিশাল বাজার বসেছে। সারা দিনই সড়কটির শাহ আলী কলেজ মার্কেটের সামনের বেশির ভাগ জায়গা দখল করে রাখেন সবজি ব্যবসায়ীরা। কলেজ মার্কেটের পাশ দিয়ে মাজার রোড থেকে উত্তর বিশিলের দিকে যাওয়া সড়কেও ব্যবসায়ীরা বসছেন। সড়কের এই পাশ দিয়ে পাশাপাশি দুটি রিকশা চলার উপায়ও নেই। ফলে প্রায় সারাক্ষণই দীর্ঘ যানজট লাগছে।
উত্তর বিশিলের বাসিন্দা আল-আমিন বলেন, বাজারটি আগে শুধু সকালে কয়েক ঘণ্টার জন্য বসত। এখন সারা দিনই থাকে সবজির বাজার। আস্তে আস্তে দোকানের সংখ্যা বাড়ছে আর রাস্তার পুরোটাই দখলে চলে যাচ্ছে। এসব দেখার যেন কেউ নেই।
সড়কের মুক্তিযোদ্ধা মার্কেটের সামনের ফুটপাত দখল করে এমনভাবে দোকান বসেছে যে, প্রথম দেখায় মনে হয়, এগুলোও বুঝি বিপণিবিতানেরই অংশ। সড়কের ওপরে ক্রেতা-বিক্রেতার হাঁকডাক, যানজট, ময়লার দুর্গন্ধ—সব মিলিয়ে উচ্চকিত পরিবেশ।
সবজি ব্যবসায়ী কাদের মিয়া বলেন, ‘কয়েক বছর ধরে এখানে ব্যবসা করি। আগের তুলনায় দোকানদারের সংখ্যা অনেক বেড়েছে। অনেকে বসার জায়গা না পাইয়া এখন রাস্তার ওপরেই বসে। পুলিশ আইসা চাপায় দিয়া যায়। কিন্তু তাতেও কাজ হয় না।’
সড়কের অপর পাশে মাজার কো-অপারেটিভ মার্কেটের সামনে থেকে মাজার পর্যন্ত ফুটপাত-সড়ক দখল করে বিভিন্ন মালপত্র রাখছেন সড়কের পাশের দোকানিরা। দেখা যায়, স্টিলের আলমারি, খাট বানানো এবং রং করার কাজও চলছে সড়কের ওপরেই। কাঠের দোকানের সামগ্রী রাখা আছে।
সড়কটি ঢাকা উত্তর সিটি করপোরেশনের ২ নম্বর ওয়ার্ডের মাঝামাঝি জায়গায় পড়েছে। শাহ আলী কলেজ মার্কেটের অংশটি ৮ নম্বর ওয়ার্ডের অন্তর্ভুক্ত। এ বিষয়ে ওয়ার্ড কাউন্সিলর কাজী টিপু সুলতান বলেন, আগে তিন-চার লাইন করে দোকান বসত। এখন এক লাইনের বেশি দোকান বসতে মানা করা হয়েছে। আগের চাইতে অবস্থা সহনীয় হয়েছে। বিকল্প ব্যবস্থা করতে পারলে এসব দোকানিকে এখান থেকে তুলে দেওয়া হবে।
সড়কটিতে যানজট লাগার অন্যতম কারণ ময়লার কনটেইনার। দেখা যায়, সড়কের প্রায় দুই-তৃতীয়াংশজুড়েই ময়লার কনটেইনার রাখা। কনটেইনার উপচে বেশির ভাগ ময়লা সড়কে এসে পড়েছে। ময়লার ওপরে দাঁড়িয়ে তিনটি গরু উচ্ছিষ্ট খাচ্ছে। দুর্গন্ধের কারণে পথচারী-যাত্রীরা নাক চেপে পথ চলছে।
সড়কটির এমন বেহাল অবস্থায় স্থানীয় বাসিন্দারা বিরক্ত। গুদারাঘাট এলাকার বাসিন্দা বলেন, মেয়র পরিষ্কার ঢাকা গড়তে চান। একবার এই রাস্তায় এলে বুঝবেন, অপরিচ্ছন্ন ঢাকা কাকে বলে। দিনের বেলা তো রাস্তায় ময়লা থাকার কথা না। অথচ, এই রাস্তায় সারা দিনই ময়লা থাকে। ইদানীং ময়লায় গরু চরে বেড়াচ্ছে।