সড়কে চাঁদাবাজি, খাদ্যশস্য পরিবহন বন্ধ করে দিলেন ঠিকাদারেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়ির দীঘিনালার তিন সরকারি খাদ্যগুদামে ১০ দিন ধরে খাদ্যশস্য আনা বন্ধ রয়েছে। সড়কে সন্ত্রাসীদের চাঁদাবাজি, খাদ্যবোঝাই ট্রাকের চালকদের মারধর ও কাগজপত্র ছিনিয়ে নেওয়ার কারণে পরিবহন ঠিকাদারেরা খাদ্যশস্য পরিবহন বন্ধ করে দেন। এতে গম-সংকট দেখা দেওয়ায় ১৫টি গুচ্ছগ্রামের মধ্যে ১১টিতেই রেশন বিতরণ করা সম্ভব হচ্ছে না।
উপজেলা প্রশাসনের কর্মকর্তারা বলেন, দীঘিনালার ১৫টি গুচ্ছগ্রামের ৪ হাজার ১৮৪টি রেশন কার্ডধারীর অনুকূলে জুলাই, আগস্ট ও সেপ্টেম্বর মাসের রেশন বিতরণের জন্য ৬১৬ দশমিক ৩০৩ মেট্রিক টন গম ও ৪১৫ দশমিক ২৪৪ মেট্রিক টন চাল বরাদ্দ হয়। দীঘিনালার তিনটি গুদামে চালের মজুত থাকলেও গমের মজুত না থাকায় শুধু চারটি গুচ্ছগ্রামে রেশন বিতরণ করা হচ্ছে।
উপজেলা প্রশাসন সূত্র জানায়, পথে পথে সন্ত্রাসীদের হয়রানির কারণে খাদ্যগুদামগুলোতে খাদ্যশস্য পরিবহন বন্ধ থাকায় গমের সংকট দেখা দেয়। চাল ও গম একত্রে বিতরণের জন্য জেলা প্রশাসকের নির্দেশনা থাকায় গম না আসা পর্যন্ত ১১টি গুচ্ছগ্রামে রেশন বিতরণ করা সম্ভব হচ্ছে না।
দীঘিনালা (সদর) খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা তপন কান্তি ত্রিপুরা বলেন, সাড়ে তিন শ মেট্রিক টন গমের চাহিদা থাকলেও গুদামে গম আছে ১৫৭ মেট্রিক টন। ২৭ অক্টোবর চট্টগ্রাম নগর থেকে থেকে ৪০০ মেট্রিক টন গম আসার কথা ছিল। কিন্তু ঠিকাদারেরা গম পরিবহন বন্ধ করে দেওয়ায় গুদামে এখন গমের সংকট দেখা দিয়েছে।
মেরুং খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা শৈলেন্দ্র লাল চাকমা বলেন, ২৫৯ মেট্রিক টন গমের চাহিদা থাকলেও গুদামে এখন এক টনও নেই। গত ২৭ অক্টোবর চট্টগ্রাম থেকে ২০০ মেট্রিক টন গম আসার কথা ছিল। কিন্তু পরিবহন ঠিকাদার খাদ্যশস্য পরিবহন বন্ধ রাখায় এক টন গমও আসেনি।
বাবুছড়া খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা চিন্তামুনি তালুকদার বলেন, তাঁর গুদামে ৪৪ মেট্রিক টন গম আসার কথা ছিল। ৬ নভেম্বর ১১ মেট্রিক টন গমবোঝাই একটি ট্রাক আসার পথে খাগড়াছড়ি-দীঘিনালা সড়কে সন্ত্রাসীরা গমের কাগজপত্র (ইনভয়েস) ছিনতাই করে নিয়ে যায়। এতে তিনি গমগুলো গ্রহণ করতে পারছেন না। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) লিখিতভাবে জানানো হয়েছে।
চট্টগ্রাম থেকে খাদ্য পরিবহনের দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার আবদুর রহিম ও পঙ্কজ সাহা বলেন, তাঁরা খাদ্যশস্য পরিবহন বন্ধ করতে বাধ্য হয়েছেন। চাঁদার জন্য খাগড়াছড়ি-দীঘিনালা সড়কের বিভিন্ন স্থানে খাদ্যবোঝাই গাড়ি থামিয়ে চালককে মারধর করা হয়। এ ছাড়া গাড়ির ও খাদ্যশস্য-সংক্রান্ত কাগজপত্রও ছিনতাই করে নিয়ে যায় সন্ত্রাসীরা। ২ নভেম্বর একটি গাড়ির চালককে মারধর করে কাগজপত্র ছিনতাই করে নিয়ে যাওয়া হয়। ৬ নভেম্বর বাবুছড়া গুদামের একটি গাড়ির কাগজপত্র নিয়ে গেছে সন্ত্রাসীরা। সন্ত্রাসীদের এসব কর্মকাণ্ডের কারণে তাঁরা ২৬ অক্টোবর থেকে খাদ্য পরিবহন বন্ধ রেখেছেন।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক জ্ঞানেন্দু চাকমা বলেন, দীঘিনালার তিনটি গুদামে গম-সংকট ও খাদ্যশস্য পরিবহনের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানো হয়েছে।
ইউএনও শহীদ হোসেন চৌধুরী বলেন, খাদ্যশস্য পরিবহন বন্ধ ও গম-সংকটের বিষয়টি জেলা প্রশাসককে জানানো হয়েছে। খাদ্য বিভাগের পক্ষ থেকেও বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হচ্ছে। তিনি বলেন, গুদামে গম-সংকট থাকার কারণে ১৫টি গুচ্ছগ্রামের মধ্যে মাত্র চারটি গুচ্ছগ্রামে রেশন বিতরণ করা সম্ভব হচ্ছে। চাল ও গম একত্রে বিতরণের জন্য জেলা প্রশাসকের নির্দেশনা থাকায় ১১টি গুচ্ছগ্রামে রেশন বিতরণ করা সম্ভব হচ্ছে না।