সড়কে চাঁদাবাজির অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাইওয়ে পুলিশের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ তুলে ও এর প্রতিবাদে গতকাল বিকেলে পঞ্চগড়-ঢাকা মহাসড়কের জেমজুট এলাকা অবরোধ করেন বাস-মিনিবাস ও ট্রাকের চালকেরা। এ সময় হাইওয়ে পুলিশের গাড়িসহ সদস্যদের ঘেরাও করে রাখেন তাঁরা। পরে সন্ধ্যার দিকে পঞ্চগড় সদর থানা থেকে অতিরিক্ত পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।চালকেরা অভিযোগ করেন, গত শুক্রবার বিকেলে ভজনপুর হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এএসআই) খন্দকার হেলাল উদ্দিনের নেতৃত্বে একটি টহল দল বাস-ট্রাকসহ সব ধরনের গাড়িতে চাঁদাবাজি শুরু করে। একবার চাঁদা দিয়ে আসা বাস-ট্রাককে আবারও চাঁদার জন্য আটক করা হয়। ক্ষুব্ধ হয়ে বাস-মিনিবাস ও ট্রাকচালকেরা মহাসড়কে এলোপাতাড়ি বাস-ট্রাক ফেলে রেখে অবরোধ করেন। এ সময় পুলিশের চাঁদাবাজির বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিয়ে টহলরত হাইওয়ে পুলিশ সদস্যদের ঘেরাও করে রাখেন চালকেরা। পরে সন্ধ্যা সাতটার দিকে বাস-মিনিবাস শ্রমিক ও ট্রাক শ্রমিক ইউনিয়নের নেতারা এবং অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) কাজী আকতারুল আলম ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। ট্রাকচালক খোরশেদ আলম জানান, পঞ্চগড় থেকে পাথরভর্তি ট্রাক নিয়ে যশোর যেতে শুধু হাইওয়ে পুলিশকেই এক হাজার ৪০০ টাকা চাঁদা দিতে হয়। এএসআই খন্দকার হেলাল উদ্দিন জানান, ত্রুটিপূর্ণ কাগজপত্রের জন্য একটি ট্রাককে আটক করলে চালকেরা মহাসড়ক অবরোধ করেন।