সড়কে চামড়ার হাট দুর্গন্ধে অতিষ্ঠ পথচারী
রংপুরের তারাগঞ্জ-কিশোরগঞ্জ সড়ক দখল করে কোরবানির পশুর চামড়ার হাট বসানো হয়েছে। এ কারণে পুরো এলাকায় দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে। নাক-মুখে কাপড় চেপে কোনোভাবে ওই রাস্তায় চলাচল করছে পথচারীরা।
সরেজমিনে গতকাল বৃহস্পতিবার দেখা যায়, তারাগঞ্জ নতুন চৌপথী থেকে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত ৭০০ মিটার রাস্তার দুই পাশে চামড়ার এ হাট বসেছে। এতে ব্যস্ত এ সড়ক দিয়ে চলার জায়গা কমে গেছে। যান চলাচল করছে ধীরগতিতে। আর পথচারীরা নাক-মুখ চেপে চলাচল করছে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, তারাগঞ্জ বাজারের ভেতর দিয়ে যে পাকা সড়কটি নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা সদরে চলে গেছে, সেটি দিয়ে দুই উপজেলার মধ্যে শত শত মানুষ চলাচল করে। প্রতিদিন এ সড়ক দিয়ে তারাগঞ্জ ও/এ উচ্চবিদ্যালয়, তারাগঞ্জ ও/এ বালিকা স্কুল ও কলেজ, তারাগঞ্জ ও/এ ডিগ্রি মহাবিদ্যালয়, তারাগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, তারাগঞ্জ শিশু নিকেতনসহ অন্তত সাতটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা যাতায়াত করে। কিন্তু এ সড়কের ওপরই বসানো হয়েছে কোরবানির পশু চামড়ার হাট। ২৭ সেপ্টেম্বর থেকে এ হাট চলছে।
কুর্শা ইউনিয়নের ইউপি সদস্য তুহিনুর ইসলাম অভিযোগ করেন, রাস্তার ওপর এভাবে চামড়ার হাট বসায় পথচারীদের নানা সমস্যা হচ্ছে।
উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক রিয়াদুন্নবী অভিযোগ করেন, চামড়ার দুর্গন্ধে দিনে রাস্তা দিয়ে হাঁটা যায় না। আশপাশের বাড়িঘরের বাসিন্দারা রাতেও ঘুমাতে পারে না।
তারাগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী আকলিমা খাতুন বলে, ‘ইশকুল যাওয়ার আর অন্য কোনো রাস্তা নাই। নাক-মুখ ঢাকি ওই রাস্তা দিয়া ইশকুল যাবার নাগেছে।’
তারাগঞ্জ ও/এ ফাজিল মাদ্রাসার নবম শ্রেণির শিক্ষার্থী ইকরামুল হক বলে, রাস্তায় চামড়ার হাট বসায় যাতায়াত করতে সমস্যা হচ্ছে।
হাটের ইজারাদার নুরুল ইসলাম বলেন, হাটের ভেতরে চামড়ার, সাইকেল, রিকশার বাজার বসানোর জায়গা নেই। ভাড়া করা জায়গায় এসব পণ্যের হাট চলছে। কোরবানি উপলক্ষে সরবরাহ বেড়ে যাওয়ায় সড়কের ওপর চামড়ার হাট বসানো হয়েছে। সরবরাহ কমে গেলে আর এ হাট থাকবে না।
উপজেলা পরিষদের চেয়ারম্যান আনিছুর রহমান বলেন, রাস্তাটির ওপর যাতে আর চামড়ার হাট বসতে না পারে, সে জন্য ইউএনও ও ওসিকে ব্যবস্থা নিতে বলা হবে।
এ ব্যাপারে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিলুফা সুলতানা মুঠোফোনে বলেন, ‘রাস্তার ওপর চামড়ার হাট বসার কোনো সুযোগ নেই। খোঁজ নিয়ে ব্যবস্থা গ্রহণ করব।’