সড়কে ছাড়ানো হচ্ছে পাটের আঁশ ঘটছে দুর্ঘটনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শরীয়তপুরের বিভিন্ন সড়কের ওপর পাটের আঁশ ছাড়ানোর কাজ করছেন কৃষকেরা। সড়কগুলোতে যানবাহনের চাপ বেশি থাকায় এবং গাড়ির গতি বেপরোয়া হওয়ায় প্রায়ই দুর্ঘটনা ঘটছে। এতে পাটের আঁশ ছাড়ানোর কাজে নিয়োজিত শ্রমিক ও শিশুরা প্রাণ হারাচ্ছে। স্থানীয় সূত্র জানায়, এখন চলছে পাট উৎপাদনের মৌসুম। কৃষকেরা উঁচু জায়গা না থাকায় সড়কের ওপর পাটের আঁশ ছড়ানোর কাজ করছেন। শরীয়তপুরের সড়কগুলো সরু হওয়ায় বেপরোয়া গতির গাড়ি পাট ছাড়ানোর কাজে নিয়োজিত শ্রমিকদের চাপা দিচ্ছে। গত তিন বছরে এ রকম দুর্ঘটনায় শরীয়তপুরের বিভিন্ন স্থানে ২০ ব্যক্তি মারা গেছে। ভেদরগঞ্জ-সখীপুর সড়কে ২২ জুলাই পাটের আঁশ ছাড়ানোর কাজ করছিলেন কোড়ালতলী গ্রামের মনুমিয়া সরদার (৫০)। মোটরসাইকেলের চাপায় তিনি মারা যান। মনুমিয়া সরদারের ভাই শুকুর আলী সরদার বলেন, ‘আমাদের নিচু জমি বর্ষা মৌসুমে পানিতে তলিয়ে যায়। বাধ্য হয়ে সড়কের ওপর পাটের আঁশ ছাড়ানোর কাজ করি। জাজিরা-নড়িয়া সড়কে পাটের আঁশ ছাড়ানোর কাজ করছিলেন বিলাসপুর গ্রামের রহিমা বেগম। সঙ্গে ছিল শিশুপুত্র জাহিদ (১০)। গত ৬ জুলাই বেপরোয়া গতির বাস শিশুটিকে চাপা দিলে ঘটনাস্থলেই সে মারা যায়। রহিমা বেগম বলেন, ‘আমরা গরিব মানুষ। বাড়তি আয়ের জন্য পুরুষদের পাশাপাশি আমরাও পাটের আঁশ ছাড়ানোর কাজ করছি। বাড়ির কাছাকাছি উঁচু জায়গা না থাকায় বাধ্য হয়ে সড়কের ওপর পাট ছাড়ানোর কাজ করতে হয়।’ শরীয়তপুর কৃষি সমপ্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মনছুর রহমান বলেন, ব্যস্ততম সড়কের ওপর পাটের আঁশ না ছাড়ানোর জন্য কৃষকদের অনুরোধ করা হয়। মাঠ পর্যায়ের কৃষি কর্মকর্তারা কৃষকদের এ বিষয়ে সব সময় তাগিদ দিয়ে থাকেন। তারপরও কৃষকেরা এ কাজগুলো করে দুর্ঘটনার শিকার হন।