সড়কে ছয় মাস ধরে ভ্রাম্যমাণ ট্রান্সফরমার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠাকুরগাঁও শহরের কেন্দ্রীয় বাস টার্মিনালের ব্যস্ততম এলাকায় ভ্রাম্যমাণ ট্রান্সফরমার রেখে ছয় মাস ধরে চলছে ঠাকুরগাঁও-দিনাজপুর মহাসড়কে বিদ্যুৎ সরবরাহের কাজ। এতে ঝুঁকির মধ্যে রয়েছে ওই মহাসড়ক এলাকা দিয়ে চলাচলকারী কিন্ডারগার্টেনের শিশু শিক্ষার্থীসহ পথচারীরা।

বিদ্যুৎ বিভাগ জানায়, কোনো এলাকার ট্রান্সফরমার বিকল হলে মেরামতকালীন দুই চাকার ট্রলির ওপর স্থাপিত ভ্রাম্যমাণ ট্রান্সফরমার বসিয়ে ওই এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখা হয়। সাধারণত এক দিনের বেশি এ ভ্রাম্যমাণ ট্রান্সফরমার রাখা হয় না। আসল ট্রান্সফরমারটি মেরামত হয়ে গেলেই সেটি আবার লাগিয়ে ভ্রাম্যমাণটি সরিয়ে ফেলা হয়।

মহাসড়কের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকার ট্রান্সফরমারটি ছয় মাস আগে বিকল হয়ে যায়। পরে সেটি সরিয়ে ভ্রাম্যমাণটি বসিয়ে বিদ্যুৎ সরবরাহ সচল করা হয়। ১০ ডিসেম্বর সকালে ওই এলাকায় গিয়ে দেখা যায়, মহাসড়কের পাশেই ট্রলির ওপর লোহার খাঁচার বেষ্টনীতে ভ্রাম্যমাণ ট্রান্সফরমারটি রাখা। তাতে উন্মুক্তভাবে বৈদ্যুতিক সংযোগ দেওয়া। ট্রান্সফরমারের পাশেই শহরের কেন্দ্রীয় বাস ট্রার্মিনাল, ইকরা হলিহার্ট স্কুল ও সোনালী শৈশব বিদ্যানিকেতন নামে দুটি কিন্ডারগার্টেনসহ রেস্তোরাঁ ও দোকানপাট রয়েছে। এ ছাড়া ওই পথ দিয়ে আমানুতুল্লাহ ইসলামি একাডেমির শিক্ষার্থীরাও চলাচল করে। পথচারীরা তো আছেই।

ট্রান্সফরমারের পশ্চিম পাশের তুলার দোকানি আইনাল হক বলেন, ‘দুই মাস আগে পাশের পঞ্চগড়ের তেঁতুলিয়ায় একটি ট্রান্সফরমার বিস্ফোরিত হয়ে দুজন মারা যায়। রাস্তা ঘেঁষে রাখা এখানকার ট্রান্সফরমারটি দেখে আমার খালি সেই কথা মনে পড়ে। এখানে কখন যে কার কপালে বিপদ নামে আল্লায় জানে।’

সোনালী বিদ্যানিকেতনের পঞ্চম শ্রেণীর এক শিক্ষার্থীর অভিভাবক রকিবুল ইসলাম বলেন, ‘বাচ্চা নিয়ে আমি নিজেও এ পথে যাই। সব সময়ই ভয়ে ভয়ে থাকি। বিদ্যুৎ বিভাগের লোকজনকে আমরা অনেকেই এটা সরিয়ে নিতে একাধিকবার অনুরোধ করেছি।’

ঠাকুরগাঁওয়ের বিদ্যুৎ উন্নয়ন বিতরণ (বিউবি) বিভাগের নির্বাহী প্রকৌশলী নুরুল ইসলাম জানান, ভ্রাম্যমাণ ট্রান্সফরমার সাধারণত মূল ট্রান্সফরমার মেরামতের সময়ের জন্য ব্যবহার করা হয়। ওই এলাকার বিকল ট্রান্সফরমারটি মেরামতের জন্য কারখানায় পাঠানো হয়েছে। এখন নতুন কোনো ট্রান্সফরমারও হাতে নেই।