সড়কে জমে থাকে বৃষ্টির পানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পানিনিষ্কাশনের ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই ঠাকুরগাঁও শহরের বিভিন্ন সড়কের পাশে পানি জমে থাকছে। ছবিটি রোববার শহরের গোবিন্দনগর সবজি আড়ত এলাকা থেকে তোলা l প্রথম আলো
পানিনিষ্কাশনের ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই ঠাকুরগাঁও শহরের বিভিন্ন সড়কের পাশে পানি জমে থাকছে। ছবিটি রোববার শহরের গোবিন্দনগর সবজি আড়ত এলাকা থেকে তোলা l প্রথম আলো

পানি নিষ্কাশনের পথ না থাকায় অল্প বৃষ্টিতেই ঠাকুরগাঁও শহরের বিভিন্ন সড়কের দুই পাশে পানি জমছে। দোকানপাট গড়ে তোলার সময় মালিকেরা সড়কের দুই পাশ মাটি দিয়ে ভরাট করেন। এ কারণে বৃষ্টির পানি বের হতে পারে না।

গত শুক্রবার রাতে শহরে ঘণ্টাখানেক বৃষ্টি হয়। আর গত রোববার শহরের বিভিন্ন এলাকায় গিয়ে দেখা যায়, সড়কের দুই পাশে পানি জমা। পঞ্চগড়-ঠাকুরগাঁও-দিনাজপুর মহাসড়কের পুরোনো বাসস্ট্যান্ড এলাকা ও পুরোনো বাসস্ট্যান্ড থেকে ঠাকুরগাঁও রোড পর্যন্ত সড়কের বলাকা সিনেমা হল, চৌরাস্তা, জজ আদালতের সামনের সড়ক, আর্ট গ্যালারি মোড়, গোবিন্দনগর ও ঠাকুরগাঁও স্টেশন সড়কের কোথাও দুই পাশে, আবার কোথাও এক পাশে পানি জমে আছে। কোথাও পানি ও কাদা দুটোই আছে। পথচারীদের ওই কাদাপানি মাড়িয়ে চলাচল করতে হচ্ছে।

এলাকাবাসী বলেন, সড়কের দুই পাশে দোকানপাট করলে মালিকেরা দোকানের সামনে মাটি ফেলেন। এতে সড়কগুলো নিচু হয়ে যায়। তাই পানি আর পয়োনিষ্কাশন নালা দিয়ে বের হতে পারে না।

বঙ্গবন্ধু সড়কের ব্যবসায়ী ফয়জুল হক বলেন, পানি বের হওয়ার পথ না থাকায় সামান্য বৃষ্টিতে সড়কে পানি জমে থাকে। এতে জমে থাকা কাদাপানি মাড়িয়ে অনেক ক্রেতা দোকানে আসতে চান না।

শহরের সড়কগুলো ঘুরে দেখা যায়, সড়কের এক পাশে পয়োনিষ্কাশনের নালা আছে। কিন্তু মাটির স্তূপ থাকায় পানি বের হয় না।

গোবিন্দনগরের কাঁচামাল ব্যবসায়ী জাহাঙ্গীর আলম বলেন, একবার সামান্য বৃষ্টি হলেই তিন থেকে চার দিন রাস্তার ওপর পানি জমে থাকে। কাদাপানিতে কৃষক ও ক্রেতাদের ভোগান্তি হচ্ছে।

সড়ক ও জনপথ (সওজ) ঠাকুরগাঁও কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মো. জাহাঙ্গীর আলম বলেন, কার্যকর পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টি হলেই শহরের অনেক সড়কের পাশে পানি জমে থাকে। বিটুমিনের তৈরি সড়কে দীর্ঘ সময় পানি জমে থাকলে তা নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা থাকে। সড়কে পানি যেন জমে না থাকে, সে জন্য ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে ঠাকুরগাঁও পৌরসভার মেয়র মির্জা ফয়সল আমীন বলেন, বৃষ্টির পর সড়কের পানি সহজে নিষ্কাশনের জন্য উদ্যোগ নেওয়া হচ্ছে।