সড়কে ঝরল তরুণীসহ পাঁচজনের প্রাণ

গাজীপুরের জিরানী এলাকায় গতকাল বৃহস্পতিবার দুপুরে যাত্রীবাহী বাসের চাপায় এক নারী পোশাকশ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁর সহকর্মীরা চারটি বাসে অগ্নিসংযোগ করেন। একই দিন গাজীপুরের টঙ্গী ও নরসিংদীর শিবপুরে সড়ক দুর্ঘটনায় আরও চারজন নিহত হন।
গাজীপুরে নিহত তরুণীর নাম মালেকা আক্তার (১৮)। তিনি জিরানীর রেডিয়াল ইন্টারন্যাশনাল লিমিটেড নামে একটি পোশাক কারখানার কর্মী ছিলেন। তাঁর বাড়ি ময়মনসিংহের মুক্তাগাছায়।
প্রত্যক্ষদর্শী, কারখানার শ্রমিক ও পুলিশ সূত্রে জানা গেছে, মালেকা আক্তার গাজীপুর সিটি করপোরেশনের মাধবপুর এলাকার একটি বাড়িতে ভাড়া থাকতেন। গতকাল বেলা একটার দিকে তিনি দুপুরের খাবার খেতে হেঁটে বাড়ি যাচ্ছিলেন। জিরানীর ওয়াপদা বাসস্টেশন এলাকায় ওয়েলকাম পরিবহনের একটি বাস পেছনের দিকে চলার সময় তাঁকে চাপা দেয়। এতে বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তিনি নিহত হন। এ খবর কারখানায় পৌঁছালে মালেকার সহকর্মী ও স্থানীয় লোকজন ওয়েলকাম পরিবহনের চারটি বাসে আগুন ধরিয়ে দেন। এ ছাড়া ওই পরিবহনের দুটিসহ কমপক্ষে ১০-১২টি বাস ভাঙচুর করা হয়। উত্তেজিত শ্রমিকেরা কালিয়াকৈর-নবীনগর সড়কও অবরোধ করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে চারটি বাসের আগুন নিয়ন্ত্রণে আনে। পুলিশ শ্রমিকদের বুঝিয়ে শান্ত করলে বেলা দুইটার দিকে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

জয়দেবপুর থানাধীন চক্রবর্তী পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) হারুন অর রশীদ বলেন, পালিয়ে যাওয়ায় ওই বাসের চালককে ধরা যায়নি। ক্ষতিগ্রস্ত বাসগুলো পুলিশের হেফাজতে রয়েছে।
এদিকে গাজীপুরের টঙ্গী মিলগেট এলাকায় দুপুরে কাভার্ড ভ্যানের চাপায় দুজন নিহত হন। তাঁরা হলেন টঙ্গী মিলগেট এলাকার ভাঙারি ব্যবসায়ী বানু মিয়া (৪৫) ও ঝুট ব্যবসায়ী নূরে আলম (৫০)। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, টঙ্গীর মিলগেটের তালতলা সোনালী রোডের পাশে বসে বানু মিয়া ও নূরে আলম দাবা খেলছিলেন। এ সময় পাশের একটি ওয়ার্কশপ থেকে বের হওয়ার সময় একটি কাভার্ড ভ্যানের পেছনের দিক দুজনের ওপর উঠে যায়। এতে কাভার্ড ভ্যানের চাকায় পিষ্ট হন তাঁরা। আশপাশের লোকজন তাঁদের টঙ্গী ৫০ শয্যা সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন। টঙ্গী মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. মনির হোসেন বলেন, গাড়িটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছেন। এ ঘটনায় মামলা করা হয়েছে।
এ ছাড়া বেলা দুইটায় নরসিংদীর শিবপুরে ঢাকা-সিলেট মহাসড়কে যাত্রীবাহী বাস ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হন। তাঁরা হলেন প্রাইভেট কারের চালক মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার পরশা গ্রামের মামুন খান (৪০) ও নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বাড়ি মজলিশ এলাকার শাহীন মিয়া (৪৫)। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, শিবপুরের কারারচর এলাকায় ঢাকাগামী তিশা পরিবহনের যাত্রীবাহী একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা প্রাইভেট কারটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই প্রাইভেট কারের চালক নিহত হন। নরসিংদী ফায়ার সার্ভিসের একটি দল প্রাইভেট কারের অন্য যাত্রীদের উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে যায়। এ সময় কর্তব্যরত চিকিৎসক শাহীন মিয়াকে মৃত ঘোষণা করেন।
হাইওয়ের ইটাখোলা পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান বলেন, নিহত ব্যক্তিদের লাশ জেলা হাসপাতাল মর্গে রয়েছে। দুর্ঘটনার শিকার বাস ও প্রাইভেট কার পুলিশের হেফাজতে রয়েছে।