সড়কে ঝরল তিন প্রাণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোর সদর উপজেলার পদ্মবিলা এলাকায় যশোর-খুলনা মহাসড়কে গতকাল মঙ্গলবার ট্যাংকলরির চাপায় দুই স্কুলছাত্র প্রাণ হারিয়েছে। একই দিন ফরিদপুরের মধুখালীর ব্রাহ্মণকান্দা বাজারের কাছে ঢাকা-খুলনা মহাসড়কে বাসের ধাক্কায় এক গরু ব্যবসায়ী নিহত হয়েছেন।
যশোরে নিহত দুজন হলো চাউলিয়া গ্রামের আবদুল্লাহ শেখের ছেলে হিমেল (১৩) ও জিরাট গ্রামের লুৎফর রহমানের ছেলে সাকিল (১৪)। তারা সদর উপজেলার রূপদিয়া ওয়েলফেয়ার একাডেমিতে পড়ত। মধুখালীতে নিহত ব্যবসায়ী হলেন মহিউদ্দিন মহে (৫০)। তাঁর বাড়ি মধুখালী উপজেলার পাইকপাড়া গ্রামে।
পুলিশ ও স্থানীয় বাসিন্দা সূত্র জানায়, হিমেল, সাকিল ও একই বিদ্যালয়ের সাইদ একটি মোটরসাইকেলে করে গতকাল বিকেলে যশোর শহরের দিকে আসছিল। পদ্মবিলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্যাংকলরি তাদের চাপা দেয়। এ সময় ঘটনাস্থলেই সাকিল নিহত হয়। গুরুতর আহত অবস্থায় হিমেল ও সাইদকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে কিছুক্ষণ পর হিমেল মারা যায়। সাইদকে ঢাকায় পাঠানো হয়েছে। চালক পালিয়ে গেছেন। মামলার প্রস্তুতি চলছে।
মধুখালী থানা-পুলিশ ও এলাকাবাসী জানান, মহিউদ্দিন গতকাল বেলা দেড়টার দিকে নছিমনে করে গরু নিয়ে ফরিদপুর শহরের টেপাখোলা হাটে যাচ্ছিলেন। মহাসড়কের ব্রাহ্মণকান্দা বাজারের কাছে পেছন দিক থেকে একটি যাত্রীবাহী বাস নছিমনটিকে ধাক্কা দেয়। এতে মহিউদ্দিন আহত হন। স্থানীয় ব্যক্তিরা উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।