সড়কে ঝরল তিন ভাইবোনের প্রাণ
ছোট্ট দুই ভাইবোনকে মাদ্রাসা থেকে বাড়িতে পৌঁছে দেওয়া হলো না বড় ভাইয়ের। দ্রুতগামী বাসচাপায় প্রাণ গেল তিনজনেরই।
গতকাল সোমবার দুপুরে ঢাকা-রংপুর মহাসড়কের দর্শনা মোড়ে এ মর্মন্তুদ ঘটনা ঘটে। ক্ষুব্ধ এলাকাবাসী সড়ক অবরোধ করেন। কিন্তু প্রাণের টুকরো হারিয়ে কিছুতেই শান্ত হতে পারছেন না তিনজনের মা-বাবা। বাকরুদ্ধ তাদের স্বজনেরাও।
নিহত তিনজন হলো শরিফুল ইসলাম (১৩), আবদুস সালাম (৮) ও দিশা (৬)। এদের মধ্যে শরিফুল ও সালাম আপন ভাই। আর দিশা তাদের মামাতো বোন।
দর্শনা সূত্রাপুর এলাকার অটোরিকশাচালক আবদুল মোমিনের ছেলে শরিফুল ও সালাম। আর দিশা ক্ষুদ্র ব্যবসায়ী শফিকুল ইসলামের মেয়ে। দুটি পরিবার পাশাপাশি থাকে।
দর্শনা বিনোদপুর বালাপাড়া হাফিজিয়া মাদ্রাসায় পড়াশোনা করত দিশা ও সালাম। আর শরিফুল পড়ত বাড়ির পাশে বায়তুল মোকাররম দাখিল মাদ্রাসায়, সপ্তম শ্রেণিতে। শরিফুল প্রায়ই তার ছোট ভাইবোনকে বাইসাইকেলে করে মাদ্রাসায় আনা-নেওয়া করত।
নিহত ব্যক্তিদের পরিবার, প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, গতকালও দিশা ও সালামকে আনতে তাদের মাদ্রাসায় যায় শরিফুল। দুই ভাইবোনকে সাইকেলে তুলে বাড়ি ফিরছিল সে। পথে বেলা তিনটার দিকে ঢাকা-রংপুর মহাসড়কে দর্শনা মোড়ের পাশে দর্শনা সূত্রাপুর এলাকায় একটি দ্রুতগামী বাস তাদের পেছন থেকে চাপা দেয়। যাত্রীবাহী বাসটি ঢাকা থেকে দিনাজপুর যাচ্ছিল। বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই দিশা মারা যায়। শরিফুল মারা যায় হাসপাতালে নেওয়ার পথে। গুরুতর আহত সালামকে ভর্তি করা হয়েছিল রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে রাত সাড়ে সাতটার দিকে তারও মৃত্যু হয়।
এ ঘটনার পর বিক্ষুব্ধ হয়ে ওঠেন এলাকাবাসী। তাঁরা ঢাকা-রংপুর মহাসড়ক এক ঘণ্টা অবরোধ করে রাখেন। এ সময় সড়কের দুই দিকে কয়েক শ গাড়ি আটকা পড়ে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
দর্শনা সূত্রাপুর এলাকার বাসিন্দা আজিজার রহমান বলেন, এটি গুরুত্বপূর্ণ মোড়। কিন্তু বাসগুলো চলে দ্রুতগতিতে। এই মোড়ে গাড়ি একটু সতর্ক হয়ে চালালে এমন দুর্ঘটনা ঘটত না। দুই ছেলেকে হারিয়ে পাগলপ্রায় শরিফুল ও সালামের মা-বাবা। তাদের মা সখিনা বেগম আহাজারি করে বলছিলেন, ‘বাবা রে, তোরা এমন করিয়া মোর বুক খালি করি গেইনেন।’
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ার্ড মাস্টার আসাদুজ্জামান বলেন, সালামের মাথা থেঁতলে গিয়েছিল। তার প্রচুর রক্তক্ষরণ হয়েছে। অনেক চেষ্টার পরও তাকে বাঁচানো গেল না। দুই ভাইয়ের লাশ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে তিনজনের লাশের ময়নাতদন্ত হচ্ছে না বলে জানিয়েছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম। রাত সাড়ে আটটায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত তিনজনের দাফন সম্পন্ন হয়নি।