সড়কে ঝরল দুই শিক্ষার্থীর প্রাণ
যশোর সদর উপজেলার পাঁচবাড়িয়া এলাকায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই শিক্ষার্থী প্রাণ হারিয়েছেন। গতকাল মঙ্গলবার দুপুরে যশোর-মাগুরা মহাসড়কে পাঁচবাড়িয়া আমতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এর আগে সোমবার সন্ধ্যায় নড়াইলের কালিয়ায় সড়ক দুর্ঘটনায় আরেক মোটরসাইকেল আরোহী নিহত হন।
যশোর শহরে নিহত শিক্ষার্থীরা হলেন মিরাজ হোসেন (২২) ও শান্তা খাতুন (২০)। মিরাজ যশোর শহরের বেসরকারি কারিগরি প্রতিষ্ঠান মুসলিম এইডে পড়ছিলেন। তিনি যশোর সদরের বাহাদুরপুর গ্রামের মিজানুর রহমানের ছেলে। শান্তা খাতুন যশোর সরকারি সিটি কলেজের বাংলা বিভাগের প্রথম বর্ষের ছাত্রী। তিনি ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারোবাজারের মশিহাটি গ্রামের শহর আলীর মেয়ে। দুজনের বিয়ে ঠিক হয়েছিল।
প্রত্যক্ষদর্শীরা বলেন, মিরাজ হোসেন ও শান্তা খাতুন মোটরসাইকেলে করে যশোর শহর থেকে খাজুরার দিকে যাচ্ছিলেন। পাঁচবাড়িয়া আমতলা এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি বাস তাঁদের চাপা দেয়। এ সময় স্থানীয় লোকজন তাঁদের যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
নড়াইলের কালিয়ায় নিহত ব্যক্তির নাম বাবু মোল্যা (৪০)। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বাবু মোল্যা ভাড়ায়চালিত একটি মোটরসাইকেলে করে খুলনার তেরখাদা এলাকা থেকে ছেড়ে আসেন। কালিয়া উপজেলার বড়নাল-ইলিয়াছাবাদ ইউনিয়নের মাথাভাঙ্গা কবরস্থানের কাছে বিপরীত দিক থেকে আসা একটি ইঞ্জিনচালিত ভ্যানকে পাশ দিতে গিয়ে মোটরসাইকেলটি এর চাকার নিচে পড়ে যায়। এতে চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী বাবু মোল্যা মারা যান। তাঁর বাড়ি তেরখাদার ধুশোহাটি গ্রামে।