সড়কে ঝরল দুই শিশুর প্রাণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের কুলিয়ারচরে গতকাল মঙ্গলবার সকালে ট্রাকচাপায় লুবাবা আক্তার নামের চার বছরের এক শিশু নিহত হয়েছে। এর আগে গত সোমবার রাতে জামালপুরের সরিষাবাড়ী সিএনজিচালিত অটোরিকশার নিচে চাপা পড়ে শিশু নিশাত নামের আরেক শিশুর মৃত্যু হয়েছে। এদিকে গতকাল দুপুরে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার হাড়িসর্দার বাজার এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি মাইক্রোবাস খাদে পড়ে যায়। এতে ১৩ জন দাখিল পরীক্ষার্থী আহত হয়।

প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:

কিশোরগঞ্জ: গতকাল সকাল পৌনে ১০টার দিকে ভৈরব-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের কুলিয়ারচর উপজেলার তারাকান্দি এলাকায় ট্রাকচাপায় লুবাবার মৃত্যু হয়। সে বাজিতপুর উপজেলার গজারিয়া গ্রামের মো. আবদুল্লাহর মেয়ে। তার নানা বাড়ি কুলিয়ারচরের তারাকান্দি গ্রামে। লুবাবা কয়েক দিন আগে নানা বাড়ি বেড়াতে আসে। গতকাল নানার সঙ্গে হাঁটতে বের হয়। একপর্যায়ে তারাকান্দি এলাকায় সড়ক পার হওয়ার সময় একটি ট্রাক চাপা দিলে দুর্ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

প্রত্যক্ষদর্শী ব্যক্তিদের বরাত দিয়ে ভৈরব হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুল হক বলেন, পরে ট্রাকটি দ্রুতগতিতে পালিয়ে যায়।

সরিষাবাড়ী (জামালপুর): সরিষাবাড়ী উপজেলার গোবিন্দনগর গ্রামের বাচ্চু মিয়ার ছেলে নিশাত মিয়া বাড়ির পাশে রাস্তা পারাপার হচ্ছিল। এ সময় একটি অটোরিকশার নিচে চাপা পড়ে দুর্ঘটনা স্থলেই তার মৃত্যু হয়।

জানতে চাইলে সরিষাবাড়ী থানার ওসি মো. বিল্লাল উদ্দিন বলেন, অভিযোগ না থাকায় কোনো মামলা হয়নি। ময়নাতদন্ত ছাড়াই শিশুটির লাশ দাফন করা হয়েছে।

কুমিল্লা: মাদ্রাসা শিক্ষার্থীরা গতকাল বেলা পৌনে দুইটার দিকে চৌদ্দগ্রাম উপজেলা সদরে পরীক্ষা শেষে মাইক্রোবাসে বাড়ি ফিরছিল। পথে মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে আহত শিক্ষার্থীরা হলো সালমা আক্তার, লিজা আক্তার, এনায়েত উল্লাহ, খুকি বেগম, শাহিন আলম, শাহিনুর আক্তার, আকলিমা আক্তার, শাহিন আলম, শফিউল, ইকবাল হোসেন, গিয়াসউদ্দিন, খাদিজা বেগম ও রোজিনা আক্তার।