সড়কে ঝরল পাঁচজনের প্রাণ
বাসের ধাক্কায় গতকাল মঙ্গলবার যশোরের ঝিকরগাছায় যাত্রীবাহী মোটরসাইকেলের দুই আরোহী এবং বাগেরহাটে রিকশার এক যাত্রী নিহত হয়েছেন। একই দিন গাছের সঙ্গে ধাক্কা লেগে সাতক্ষীরার তালায় ব্যক্তিগত গাড়ির চালক এবং ঝিনাইদহ সদর উপজেলায় মোটরসাইকেলের চালক প্রাণ হারিয়েছেন।
ঝিকরগাছায় নিহত দুজন হলেন মনিরামপুর উপজেলার পাঁচপোতা গ্রামের আবদুর রাজ্জাক (৭২) ও মহাদেবপুর গ্রামের তৌহিদুজ্জামান রিপন (২৫)। বাগেরহাটে মারা যান আজিম সিকদার (৩০)। তাঁর বাড়ি কচুয়া উপজেলার বারইখালী গ্রামে। তালায় নিহত ব্যক্তির নাম সাইদুর রহমান (৪০)। তিনি সাতক্ষীরা শহরের উত্তর কাটিয়া মিলবাজার এলাকার বাসিন্দা। ঝিনাইদহে প্রাণ হারান বানিয়াকান্দর গ্রামের বাবলুর রহমান (৩০)।
আমাদের নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
যশোর: হাসপাতাল ও পুলিশ সূত্র জানায়, আবদুর রাজ্জাক ও তৌহিদুজ্জামান মোটরসাইকেলে করে যশোর-বেনাপোল আঞ্চলিক মহাসড়ক ধরে ঝিকরগাছা থেকে যশোরের দিকে যাচ্ছিলেন। বেলা ১১টার দিকে লাউজানি এলাকায় বিপরীত দিক থেকে আসা দেশ ট্রাভেলস পরিবহনের যাত্রীবাহী একটি বাস মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই আবদুর রাজ্জাক এবং যশোর জেনারেল হাসপাতালে নেওয়ার পর তৌহিদুজ্জামান মারা যান।
নাভারন হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আফজাল হোসেন বলেন, বাসের চালক পালিয়ে গেছেন। বাস ও মোটরসাইকেল থানায় রয়েছে।
বাগেরহাট: বাগেরহাট ট্রাফিক বিভাগের এসআই ইমরান হোসেন বলেন, আজিম সিকদারসহ চারজন বাগেরহাট আদালতের সামনে দিয়ে রিকশায় করে যাচ্ছিলেন। সকাল পৌনে নয়টার দিকে বাগেরহাট বাসস্ট্যান্ড থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে ওই রিকশা ও একটি ব্যাটারিচালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে আজিমসহ রিকশার আরোহী চারজন আহত হন। তাঁদের বাগেরহাট সদর হাসপাতালে নেওয়া হলে আজিম সিকদারকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। বাসটি আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছেন। আজিম আনসারের সদস্য ছিলেন।
সাতক্ষীরা: তালার পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিবুল ইসলাম বলেন, সকাল ১০টার দিকে পাটকেলঘাটার চারাবটতলা এলাকায় খুলনা থেকে সাতক্ষীরাগামী একটি ব্যক্তিগত গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছের সঙ্গে ধাক্কা লেগে দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই চালক সাইদুর মারা যান। এ সময় একই এলাকার আলমগীর হোসেন ও ইমরান হোসেন আহত হন। তাঁদের সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঝিনাইদহ: এলাকাবাসী সূত্র জানায়, ঝিনাইদহ-গান্না সড়কের বাড়ি বাথান এলাকায় সাদাপোশাকের কয়েকজন মোটরসাইকেলের কাগজপত্র পরীক্ষা করছিলেন। বেলা তিনটার দিকে ওই পথ ধরে বাবলুর রহমান ঝিনাইদহ শহরের দিকে যাচ্ছিলেন। পুলিশ মনে করে তিনি মোটরসাইকেলটি ঘুরিয়ে ফিরে যাওয়ার চেষ্টা করেন। একপর্যায়ে ধাওয়া খেয়ে রাস্তার পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা খেয়ে গর্তে পড়ে যান তিনি। পথচারীরা উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ঝিনাইদহ সদর থানার ওসি হরেন্দ্রনাথ সরকার বলেন, ‘দুর্ঘটনায় একজনের নিহতের খবর পেয়েছি। তবে ওই স্থানে কোনো পুলিশ ছিল না। রাস্তায় পুলিশের তল্লাশি ছিল না।’