সড়কে ঝরল মা-ছেলেসহ পাঁচ প্রাণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জে গত বুধ ও গতকাল বৃহস্পতিবার পৃথক সড়ক দুর্ঘটনায় মা-ছেলেসহ পাঁচজন নিহত হয়েছেন। এর মধ্যে বুধবার রাতে ছেলের ব্যক্তিগত গাড়িতে চড়ে যাওয়ার সময় ট্রাকের সঙ্গে সংঘর্ষে মা ও ছেলে নিহত হয়েছেন। আহত হয়েছেন বাবা। এদিকে গতকাল বৃহস্পতিবার দুপুরে ট্রাকের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেলচালক নিহত ও এক আরোহী গুরুতর আহত হয়েছেন। এ ছাড়া চাঁপাইনবাবগঞ্জে গতকাল পৃথক সড়ক দুর্ঘটনায় গৃহবধূসহ দুজন নিহত হয়েছেন।
রাজশাহী: নিহত মা ও ছেলের নাম যথাক্রমে জেবুননেছা (৬৫) ও জহুরুল ইসলাম (৪৬)। আহত বাবার নাম মোখলেসুর রহমান (৭০)। তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে গতকাল নিহত মোটরসাইকেলচালকের নাম পলাশ আহমেদ (২৫)।
পবা থানার এসআই মিজানুর রহমান বলেন, বুধবার চাঁপাইনবাবগঞ্জে জহুরুলের ফুফু মারা যান। মা-বাবাকে নিয়ে তিনি সেখান গিয়েছিলেন। বুধবার রাতেই জহুরুল তাঁর বাবা-মাকে নিয়ে ব্যক্তিগত গাড়ি চালিয়ে রাজশাহী ফিরছিলেন। রাত সোয়া আটটার দিকে পবা উপজেলার মুরারীপুর এলাকায় একটি ট্রাকের সঙ্গে তাঁর গাড়ির সংঘর্ষ হয়। এতে দুর্ঘটনাস্থলেই জহুরুলের মৃত্যু হয়। তাঁর মা জেবুননেছা ও বাবা মোখলেসুর গুরুতর আহত হন। পরে তাঁদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে জেবুননেছা মারা যান।
এদিকে নগরের শাহমখদুম থানার বিমানবন্দর এলাকার রাজশাহী-নওগাঁ সড়কে ট্রাকচাপায় মোটরসাইকেলচালক পলাশ আহমেদ নিহত হয়েছেন। গতকাল বেলা দুইটার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ সময় মোটরসাইকেল আরোহী নিপু হোসেন (২৫) আহত হন।
চাঁপাইনবাবগঞ্জ: গোমস্তাপুর উপজেলার বড় দাদপুর এলাকায় গতকাল সকাল সাড়ে ১০টার দিকে ট্রাকচাপায় শুকতারা বেগম (৩৬) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন। আহত হয়েছেন তাঁর স্বামী আব্দুর রশিদ।
গোমস্তাপুর থানার ওসি খন্দকার গোলাম মোর্ত্তুজা বলেন, সকালে শুকতারা তাঁর স্বামীর সঙ্গে মোটরসাইকেলে করে রাজশাহীর গোদাগাড়ী যাচ্ছিলেন। পথে ট্রাকচাপায় তিনি নিহত হন।
অন্যদিকে সকাল সাড়ে ছয়টার দিকে চাঁপাইনবাবগঞ্জ শহরের উপরাজারামপুর মোড়ে চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী মহাসড়কে রাস্তা পারাপারের সময় ঢাকাগামী একটি বাসের ধাক্কায় গোলাম মোস্তফা (৭২) নামের এক বৃদ্ধ গুরুতর আহত হন। সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।