সড়কে ঝরে গেল তিন প্রাণ
রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় গতকাল বৃহস্পতিবার ট্রাকচাপায় এক স্কুলছাত্র এবং বগুড়ার শেরপুর উপজেলায় যাত্রীবাহী বাসের চাপায় এক নারী নিহত হয়েছেন। একই দিন নওগাঁর রানীনগরে মোটরসাইকেল থেকে সড়কে ছিটকে পড়ে মারা গেছেন একজন স্কুলশিক্ষক।
প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:
রাজশাহী: গোদাগাড়ী থানার ওসি এস এম আবু ফরহাদ জানান, উপজেলা সদরের রামনগর এলাকার রমজান আলীর ছেলে ও স্থানীয় একটি স্কুলের নবম শ্রেণির ছাত্র নাজমুল হক (১৪) প্রাইভেট পড়তে যাচ্ছিল। ভোর ছয়টার দিকে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে গোদাগাড়ী উপজেলা সদরের হলের মোড়ে মহাসড়ক পার হতে গেলে দ্রুতগতির একটি ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
শেরপুর (বগুড়া): শেরপুর থানার এসআই ডেভিড হিমাদ্রী বর্মা জানান, মোটরসাইকেলে বগুড়া শহরের দিকে যাচ্ছিলেন বগুড়া সদরের রহমান নগর এলাকার ফাতেমা বেগম (২২) ও তাঁর স্বামী আরিফুল ইসলাম (৩৫)। পথে দশ মাইল এলাকায় মোটরসাইকেলটিকে চাপা দেয় একটি বাস। গুরুতর আহত ফাতেমা দুপুর ১২টার দিকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। আরিফুল ওই হাসপাতালে চিকিৎসাধীন।
আদমদীঘি (বগুড়া): রানীনগর থানার এসআই মামুনুর রশিদ জানান, উপজেলার ভান্ডারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও করজ গ্রামের দাসের আলী মল্লিকের ছেলে হামিদুল ইসলাম (৪৫) গতকাল দুপুরে উপজেলা সদর থেকে বাড়ি ফিরছিলেন। রানীনগর-আবাদপুকুর সড়কের ছয়বাড়িয়া ব্রিজ এলাকায় তিনি মোটরসাইকেলসহ সড়কে ছিটকে পড়েন। হামিদুলকে রানীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।