সড়কে ঝরে গেল ১১ প্রাণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায় গতকাল শনিবার নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে পাঁচজন নিহত ও ৩৫ জন আহত হয়। একই দিন সড়ক দুর্ঘটনায় গাজীপুর, টাঙ্গাইল ও সিরাজগঞ্জে আরও সাতজন নিহত হয়।
প্রথম আলোর প্রতিনিধিদের পাঠানো খবর:
মুন্সিগঞ্জ: ঢাকা-মাওয়া মহাসড়কের শ্রীনগর হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা থেকে টুঙ্গিপাড়াগামী একটি বাস গতকাল বিকেল পাঁচটার দিকে শ্রীনগর উপজেলার দোগাছি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের গাছের সঙ্গে ধাক্কা খায়। এ সময় বাসের ভেতরে থাকা ৪০ জনের সবাইকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়। এ সময় পাঁচজনের মৃত্যু হয়। তবে গতকাল রাত সাড়ে আটটায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত তাদের পরিচয় জানা যায়নি।
ঢাকা-মাওয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির সার্জেন্ট ডেরিক স্টেফেন কুইয়া বলেন, পাঁচজনের মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
গাজীপুর: নগরের নাওজোর এলাকায় ট্রাক ও লেগুনার সংঘর্ষে এক শিশুসহ দুজন নিহত হয়। তাদের পরিচয় পাওয়া যায়নি। নাওজোর হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. মোজাম্মেল হক বলেন, সকাল পৌনে ছয়টার দিকে নাওজোড় এলাকায় একটি যাত্রীবাহী লেগুনাকে পেছন থেকে ধাক্কা দেয় একটি ট্রাক। এতে ঘটনাস্থলেই লেগুনার দুই যাত্রী নিহত ও এক নারী যাত্রী আহত হন। আহত নারীকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। লাশ দুটি উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
সিরাজগঞ্জ: গতকাল ভোরে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার মান্নাননগর এলাকার ৮ নম্বর সেতুর কাছে একটি ট্রাক উল্টে তার নিচে চাপা পড়ে দুজন যাত্রী মারা যান। আহত হয় আরও ১০ জন। নিহত ব্যক্তিরা হলেন চাঁপাইনবাবগঞ্জের নুরুল ইসলাম (১৮) ও জামাল (৩৫)।
হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি আবদুল কাদের জিলানী বলেন, হাটিকুমরুল গোলচত্বর থেকে ২০-২৫ জন যাত্রী নিয়ে নাটোর যাওয়ার পথে মান্নাননগর এলাকার সেতুর কাছে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি উল্টে যায়। আহত লোকজনকে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। লাশগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
টাঙ্গাইল ও সখীপুর: জেলার সখীপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের চালক হাবিবুর রহমান (২৫) নিহত ও আরোহী হাবিবুরের চাচা আজাহার আলী (৩০) গুরুতর আহত হন। গতকাল বেলা তিনটার দিকে সখীপুর-ঢাকা সড়কের শোলাপ্রতিমা এলাকায় এ ঘটনা ঘটে। আজাহারকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। হাবিবুর মোটরসাইকেলে যাত্রী বহন করে জীবিকা নির্বাহ করতেন।
সখীপুর থানার পুলিশ সূত্রে জানা যায়, হাবিবুর বাড়ি থেকে মোটরসাইকেলে আজাহারকে সঙ্গে নিয়ে সখীপুরে ঈদের বাজার করতে যাচ্ছিলেন। সখীপুর-ঢাকা সড়কের শোলাপ্রতিমা এলাকায় দ্রুতগতির একটি ট্রাক পেছন থেকে ধাক্কা দিলে মোটরসাইকেলটি রাস্তার পাশে ছিটকে পড়ে। এ সময় হাবিবুর ঘটনাস্থলেই মারা যান।
এদিকে বেলা সাড়ে তিনটার দিকে জেলার মধুপুরে ট্রাকচাপায় মোটরসাইকেলের এক আরোহী নিহত হন। নিহত ব্যক্তির নাম রফিকুল ইসলাম (৩৫)। তিনি একটি ওষুধ কোম্পানির কর্মকর্তা ছিলেন।
রফিকুল ইসলাম ময়মনসিংহ থেকে মোটরসাইকেলে করে সিরাজগঞ্জের নিজ বাড়িতে যাচ্ছিলেন। টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের জেলখানারবাইদ এলাকায় একটি ট্রাক তাঁকে চাপা দিলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।