সড়কে ঝাঁকুনি, যাত্রীদের ত্রাহি দশা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জায়গায় জায়গায় কার্পেটিং উঠে গেছে। সৃষ্টি হয়েছে বড় বড় গর্তের। চলাচল করতে গিয়ে ঝাঁকুনিতে ত্রাহি দশা যাত্রীদের। নতুন গাড়ি নামানোর কয়েক দিনের মধ্যে ফিটনেস নষ্ট হয়ে যায়। সিরাজগঞ্জ শহরে প্রবেশের একমাত্র আঞ্চলিক সড়কটির ২২ কিলোমিটারজুড়ে রাস্তার এই সঙিন দশা বহুদিনের।
সিরাজগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তা ও যাত্রীরা জানান, সিরাজগঞ্জ শহরে প্রবেশের জন্য বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়ক থেকে নলকা ও কড্ডার মোড়—এই দুটি স্থান মূল প্রবেশপথ হিসেবে ব্যবহৃত হচ্ছে। ১০ বছর আগে এই সড়কটি আঞ্চলিক সড়ক হিসেবে নামকরণ করা হয়। তবে এটি নামেই আঞ্চলিক সড়ক। উত্তরবঙ্গের সব যানবাহন নলকা দিয়ে এবং ঢাকাসহ পূর্ববঙ্গের সব জেলার যানবাহন কড্ডার মোড় দিয়ে সিরাজগঞ্জ শহরে প্রবেশ করে থাকে।
গত দুই দিন সরেজমিনে দেখা দেছে, নলকা থেকে শহর পর্যন্ত ১৬ কিলোমিটার সড়কের নলকা, ভদ্রঘাট, কুটিরচর, চণ্ডীদাসগাতী, শিলন্দা, শিয়ালকোল এবং কড্ডার মোড় থেকে শহর পর্যন্ত ছয় কিলোমিটার সড়কের সদানন্দপুর, কোনাগাতী, কাশিয়াহাটা, বনবাড়িয়া, পাইকপাড়া, রামগাতী, মিরপুর এলাকায় সড়কের কয়েক মিটার পরপর কার্পেটিং উঠে গর্তের সৃষ্টি হয়েছে। যান চলাচলের সময় প্রচণ্ড ঝাঁকুনির সৃষ্টি হয়। ছোটখাটো যানগুলো মাঝেমধ্যে উল্টে পড়ে যাত্রী আহত হন।
ভদ্রঘাট এলাকার আবুল হাশেম বলেন, তিন দিন আগে অটোরিকশায় করে এক গর্ভবতীকে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়ার সময় প্রচণ্ড ঝাঁকুনিতে রাস্তার মধ্যেই সন্তান প্রসব হয়।
বাসচালক আমির হোসেন, ২০০৭ সালে সড়কটি মেরামত করা হয়। এরপর কয়েক দফায় শুধু গর্তগুলো মেরামত করা হলেও দুই সপ্তাহের ব্যবধানে তা আবার আগের অবস্থায় ফিরে যাচ্ছে। প্রতিদিন গাড়ির ক্ষতি হচ্ছে। এ ছাড়া ছোটখাটো দুর্ঘটনা নিত্যদিনের চিত্র হয়ে দাঁড়িয়েছে।
সিরাজগঞ্জ বাস-মিনিবাস-কোচ মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান বলেন, দীর্ঘদিন ধরে স্থায়ীভাবে সংস্কার না করায় সড়ক দিয়ে যানবাহন চলাচল কঠিন হয়ে পড়েছে। সড়কটি মেরামত না করা হলে অচিরেই বড় ধরনের দুর্ঘটনা ঘটবে, এতে কোনো সন্দেহ নেই। এ বিষয়ে সড়ক ও জনপথ বিভাগে অভিযোগ করা হলেও তারা কোনো ব্যবস্থাই গ্রহণ করছে না।
সড়ক ও জনপথ বিভাগের সিরাজগঞ্জের নির্বাহী প্রকৌশলী আবু হেনা মোস্তফা কামাল বলেন, স্থায়ীভাবে মেরামত না করে কেবল গর্তগুলো মেরামত করে চলমান রাখা হয়েছে। সড়কটি পুরোনো হওয়ায় কার্পেটিং ও পাথর উঠে যাচ্ছে। নলকা থেকে শহর হয়ে মূলিবাড়ী পর্যন্ত ২২ কিলোমিটার আঞ্চলিক এই সড়কটি ডাবল লেনে করার জন্য একটি প্রকল্প তৈরি করে অনুমোদনের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। প্রকল্পটি পাস হলে বরাদ্দ সাপেক্ষে দরপত্র আহ্বান করা হবে।