সড়কে টোল ধার্যের সিদ্ধান্তে ১৪ দলে ক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সড়কে চলতে হলেও টোল ধার্য করার সিদ্ধান্তে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪-দলীয় জোটের শরিকেরা। তাঁদের অভিমত, কারোর সঙ্গে কোনো আলোচনা ছাড়া এ ধরনের সিদ্ধান্ত নেওয়া ঠিক হয়নি। এতে সরকারের জনপ্রিয়তা শূন্যের কোঠায় নেমে আসবে। ক্ষোভের সৃষ্টি হবে।
জানতে চাইলে সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া প্রথম আলোকে বলেন, ‘আমার কাছে মনে হয়—এ সিদ্ধান্ত নেওয়ার আগে জনগণের মতামত নেওয়া উচিত ছিল। এ সিদ্ধান্তের ফলে জনগণের মধ্যে ক্ষোভের সৃষ্টি হবে।’
জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সাধারণ সম্পাদক শরীফ নুরুল আম্বিয়া বলেন, ‘এ ধরনের নিয়ম চীনে আছে। তবে এখন আর আছে কি না জানি না। তবে সাইকেল চালাতে গেলেও টোল দিতে হবে এমন সিদ্ধান্ত নেওয়ার আগে জনগণ কী ভাবছে সেটা জানা উচিত ছিল।’
কমিউনিস্ট কেন্দ্রের আহ্বায়ক ওয়াজেদুল ইসলাম খান বলেন, ‘পৃথিবীর ইতিহাসে কোথাও শুনিনি সাইকেল চালাতে গেলেও টোল দিতে হয়। বড় বড় যানবাহনের ক্ষেত্রে হতে পারে। জনজীবনের ওপর প্রভাব পড়ে এমন সিদ্ধান্ত যেন না নেওয়া হয়। অবিলম্বে এ সিদ্ধান্ত বিবেচনার জন্য সরকারের প্রতি আহ্বান জানাই।’
গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক নূরুর রহমান সেলিম প্রথম আলোকে বলেন, ‘রাস্তায় টোল আদায়ের সিদ্ধান্ত একটা আত্মঘাতী সিদ্ধান্ত। সাধারণ মানুষের ওপর বাড়তি চাপ সৃষ্টি হবে। ক্ষোভ প্রকাশ করছি। সরকারের কাছে অনুরোধ করব অবিলম্বে এ সিদ্ধান্ত প্রত্যাহার করার জন্য।’
মন্ত্রিপরিষদ বৈঠকে আজ সড়ক ও জনপথ অধিদপ্তরের অধীনে সারা দেশের জাতীয়, আঞ্চলিক, জেলা ও গুরুত্বপূর্ণ সড়ক-মহাসড়ক যানবাহন চলাচলের জন্য টোল আদায়ের সিদ্ধান্ত নেওয়া হয়। এই টোলের পরিমাণ সর্বোচ্চ এক হাজার টাকা। সর্বনিম্ন পাঁচ টাকা। বড় বাস-ট্রাকের পাশাপাশি সাইকেল ব্যবহারের জন্যও টোল দিতে হবে। সড়ক ও সেতু থেকে আদায় করা টোল সড়ক উন্নয়ন তহবিলে যাবে; যা দিয়ে সড়ক কাঠামোর উন্নয়ন ও রক্ষণাবেক্ষণ করা হবে।