চট্টগ্রাম নগরের ঢাকা-ট্রাংক রোড (ডিটি রোড) এলাকায় সিডিএর সম্প্রসারণ প্রকল্পের রাস্তার এক পাশ দখল করে রেখেছে ট্রাক, লরি প্রভৃতি ভারী যানবাহন। এদিকে সিডিএর উচ্ছেদ অভিযানের প্রায় এক মাসের মধ্যে আবারও ওই এলাকার বিভিন্ন ফুটপাত দখল হয়ে গেছে। ফলে বিভিন্ন যানবাহনের যাত্রী ও পথচারীদের অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হচ্ছে।চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) এই সড়ক প্রকল্পের পরিচালক মোহাম্মদ মাহফুজুর রহমান বলেন, ‘আমরা সম্প্রসারিত সড়কের যানবাহন চলাচল যতটা সম্ভব স্বাভাবিক রাখতে রাস্তার ওপর থেকে ট্রাকগুলো সরিয়ে নিতে পুলিশের ট্রাফিক বিভাগের সহযোগিতা চেয়েছি। আগামী জুনের মধ্যে আমাদের পুরো কাজ শেষ হবে বলে আশা করছি।’ঘটনাস্থলে গিয়ে দেখা গেছে, আসকারাবাদ, মনসুরাবাদ, ঈদগা, কাঁচা রাস্তার মোড়, বারো কোয়ার্টার প্রভৃতি জায়গায় সড়কের এক পাশ দখল করে রেখেছে বেশ কিছু ট্রাক-লরি। সেখানেই এগুলো মেরামত করা হচ্ছে। এসব এলাকায় সিডিএর সড়ক বিভাজকের কাজ চলছে। কোথাও রাস্তার কাজের জন্য পাথর-বালু জমিয়ে রাখা হয়েছে। এর মধ্য দিয়েই বিভিন্ন যান চলাচল করছে। কিন্তু রাস্তার এক পাশে ট্রাকগুলো সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকায় সেই পথ দিয়ে কোনো যানবাহন চলতে পারছে না। বাধ্য হয়েই যানবাহনকে রাস্তার এক পাশ ব্যবহার করতে হচ্ছে। এতে যানজট লেগেই থাকে।মনসুরাবাদ এলাকার মনু মিয়া বলেন, ‘সিডিএর কাজ কোন বছর শেষ হবে জানি না। সিডিএর কাজ শুরুর পর তারা স্থায়ীভাবে রাস্তার এক পাশের দখল নিয়েছে। তাই এখানে দিন-রাতই যানজট লেগে থাকে।’চট্টগ্রাম মহানগর ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক আমীর পারভেজ বলেন, ‘আমাদের সমিতির কোনো ট্রাক এসব এলাকায় দাঁড়ায় না। কারণ, দীর্ঘক্ষণ রাস্তায় অবস্থান না করার ব্যাপারে আমাদের নির্দেশনা রয়েছে। এগুলোর বেশির ভাগই বিভিন্ন জেলা থেকে আসা পণ্যবাহী ট্রাক। নগরে একটি স্থায়ী ট্রাক টার্মিনাল থাকলে এ ধরনের সমস্যা হতো না।’চট্টগ্রাম মহানগর পুলিশের সহকারী উপকমিশনার (এডিসি-যানবাহন) বলেন, ‘আমরা চেষ্টা করছি যানজট সমস্যা নিরসনের।’জানা যায়, গত ২৪ মার্চ সিডিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আশরাফুল আমিনের নেতৃত্বে ডিটি রোডের বিভিন্ন রাস্তা ও ফুটপাত থেকে অবৈধ দোকানপাট উচ্ছেদ করা হয়। উচ্ছেদ অভিযানের প্রায় এক মাসের মাথায় এসব এলাকার বিভিন্ন ফুটপাত দখল হয়ে গেছে। বিশেষ করে মনসুরাবাদ ওয়াপদা কলোনির সামনে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের মেরামত কারখানার পাশ থেকে ফুটপাতের একটি বিশাল অংশ দখল করে বিভিন্ন ভ্রাম্যমাণ আসবাবের (আলনা, খাট-পালঙ্ক প্রভৃতি) দোকান বসানো হয়েছে। ঈদগা এলাকায় ফুটপাতে বসেছে ফল ও সবজির দোকান।এ ব্যাপারে সিডিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আশরাফুল আমিন প্রথম আলোকে বলেন, ‘আমাদের প্রথমবারের অভিযানের পর বিভিন্ন এলাকার সড়কের গুরুত্ব বিবেচনা করে সেখানে পুনঃপুন অভিযান পরিচালনার পরিকল্পনা রয়েছে। দ্বিতীয়বারের অভিযানে জরিমানা বেড়ে যাবে এবং মালামালও জব্দ করা হবে।’