
যশোর শহরের ব্যস্ততম খাজুরা বাসস্ট্যান্ড এলাকায় মহাসড়কের দুই পাশে বালুভর্তি ট্রাক রেখে ব্যবসা চলছে। সড়কের জায়গায় রাখা হচ্ছে বাসও। এতে করে ঢাকা ও খুলনার মধ্যে চলাচলের একমাত্র এই জাতীয় মহাসড়কে সারাক্ষণ যানজট-জনজট লেগেই থাকে।
দক্ষিণবঙ্গ পরিবহন মালিক সমিতির আহ্বায়ক ও ঈগল পরিবহনের স্বত্বাধিকারী পবিত্র কাপুড়িয়া প্রথম আলোকে বলেন, খাজুরা স্ট্যান্ড দিয়ে প্রতিদিন ৬০০ বাস ঢাকা-খুলনা মহাসড়কে যাতায়াত করে। মাগুরা ও ফরিদপুরের মধ্যে স্থানীয়ভাবে আরও শতাধিক বাস চলাচল করে। রাস্তার ওপরে যত্রতত্র ট্রাক ও বাস রাখার কারণে প্রায়ই ছোটখাটো দুর্ঘটনা ঘটছে। চলাচলে ভোগান্তি বাড়ছে। স্ট্যান্ডটি দখলমুক্ত হওয়া দরকার।
সম্প্রতি খাজুরা বাসস্ট্যান্ড এলাকায় গিয়ে দেখা গেছে, উত্তর প্রান্ত থেকে যশোর শহরের এ প্রবেশদ্বারে ঢাকা-খুলনা পথে চলাচলকারী সব পরিবহনের কাউন্টার রয়েছে। দূরপাল্লার এসব পরিবহন এখানে দাঁড়িয়ে যাত্রী তুলছে ও নামাচ্ছে। স্ট্যান্ডের মোড়েই সড়কের ওপর থেমে আছে বালুভর্তি অন্তত ২৫টি ট্রাক। বালুসহ নির্মাণসামগ্রী রাখা হয়েছে রাস্তার পাশেই। সেখানেই বালু বেচাকেনা চলছে। মোড় থেকে ঢাকার দিকে অন্তত এক কিলোমিটার সড়কজুড়ে দুই পাশে এলোমেলোভাবে রাখা আছে শতাধিক ট্রাক ও বাস। রাস্তা সরু হয়ে আসায় এখানে এসে যানবাহন থেমে যাচ্ছে। ফলে এক কিলোমিটার সড়ক পার হতে যাত্রী ও পথচারীদের নাকাল হতে হচ্ছে।
পাশের পাঁচবাড়িয়া গ্রামের বাসিন্দা ইদ্রিস আলী বলেন, ‘কর্মক্ষেত্রে যাওয়ার জন্য প্রতিদিন সকাল সাড়ে আটটার দিকে বাড়ি থেকে খাজুরা স্ট্যান্ড হয়ে শহরের দিকে আসতে হয়। কিন্তু রাস্তার ওপরে এমনভাবে গাড়ি রাখা হয়, অন্য কোনো যানবাহন আর চলাচল করতে পারে না। পাঁচ মিনিটের এ পথ পার হতে আধা ঘণ্টা সময় লেগে যাচ্ছে। কর্মস্থলে গিয়ে প্রতিদিনই কর্তৃপক্ষের বকা শুনতে হচ্ছে।’
এর ওপর বাসস্ট্যান্ড মোড়ের গতিরোধকে ট্রাক ও পিকআপ থামিয়ে ২০ টাকা করে চাঁদা তুলছেন মোটর শ্রমিক ইউনিয়নের কর্মীরা। চাঁদা তোলার সময় সড়কে যানবাহনের দীর্ঘ সারি পড়ে যাচ্ছে।
এ প্রসঙ্গে মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আজিজুল আলম সম্প্রতি প্রথম আলোকে বলেছিলেন, শ্রমিকদের উন্নয়নের জন্য ওই চাঁদা নেওয়া হয়। এ জন্য মন্ত্রণালয়ের অনুমোদন আছে বলে দাবি করেন তিনি।
খাজুরা বাসস্ট্যান্ডটি যশোর সদর উপজেলার উপশহর ইউনিয়ন পরিষদের (ইউপি) মধ্যে পড়েছে। কিন্তু সেখান থেকে কর ও টোল আদায় করে যশোর পৌরসভা কর্তৃপক্ষ। এ নিয়ে ইউপির চেয়ারম্যান ও পৌরসভার মেয়রের মধ্যে দ্বন্দ্ব রয়েছে। তাঁরা দুজনই ক্ষমতাসীন দলের সমর্থক।
উপশহর ইউপির চেয়ারম্যান এহসানুর রহমান প্রথম আলোকে বলেন, তাঁর এলাকার মধ্যে হওয়ায় খাজুরা বাসস্ট্যান্ডকে দখল ও যানজটমুক্ত করা তাঁরই দায়িত্ব। কিন্তু পৌর কর্তৃপক্ষ কর ও টোল আদায় করায় কেউ তাঁর কথা শোনে না। বিষয়টি নিয়ে তিনি মেয়র মহোদয়ের সঙ্গে একাধিকবার কথা বলেছেন। কিন্তু কোনো কাজ হয়নি।
যশোর পৌরসভার মেয়র জহিরুল ইসলাম চাকলাদার জেলা ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদকও। তিনি প্রথম আলোকে বলেন, ‘স্থানীয় কিছু উঠতি ব্যবসায়ী রাস্তার ওপরে যানবাহন রাখেন। ট্রাকস্ট্যান্ড নামে ওখানে একটি জায়গা রয়েছে। সেখানে কিছু ট্রাকে করে বালু কেনাবেচা হতে পারে। ট্রাক মালিক সমিতির নেতা হিসেবে আমার কিছু করার রয়েছে, এটা সত্য। বিষয়টি শুনলাম। ব্যবস্থা নেওয়া হবে।’ ওই স্ট্যান্ড থেকে পৌরসভা টোল আদায় করে না দাবি করেন তিনি।
যশোর হাইওয়ে পুলিশের সহকারী সুপার (এএসপি) মোজাম্মেল হক প্রথম আলোকে গত বুধবার দুপুরে বলেন, ‘এলাকাটি যে পৌরসভার বাইরে তা আমাদের এত দিন জানা ছিল না। যে কারণে আমরা ব্যবস্থা নিতে পারিনি। আপনি জানালেন, এখনই ওসিকে নির্দেশ দিয়ে মহাসড়ক নির্বিঘ্ন রাখার ব্যবস্থা করা হচ্ছে।’