>সিটি করপোরেশন নির্বাচন শেষ হয়েছে দেড় বছর হলো। এই সময়ে রাজধানীর অনেক স্থানেই লেগেছে উন্নয়নের ছোঁয়া। আবার কোথাও এখনো কোনো কাজই হয়নি। নির্বাচিত কাউন্সিলররাই বা কী করছেন? আবার নতুন করে যেসব এলাকা অন্তর্ভুক্ত হয়েছে, সেসব এলাকায় হাতই দেয়নি দুটি করপোরেশন। এ নিয়ে ভোটারদের মধ্যে আছে নানা ক্ষোভ-আক্ষেপ। এলাকার সমস্যা, সম্ভাবনা, অভাব-অভিযোগ, সুবিধা-অসুবিধা নিয়ে নিয়মিত প্রকাশিত হবে ওয়ার্ডের চালচিত্র

মিরপুর ১১ নম্বর সেকশনের বাউনিয়া বাঁধ নতুন সড়কের এক পাশে গড়ে উঠেছে অবৈধ ট্রাক-পিকআপ স্ট্যান্ড। সড়কের অন্য পাশে রিকশা ও গাড়ি মেরামতের দোকান। কালশী নতুন সড়কটিরও প্রায় একই চিত্র। ফুটপাতে গড়ে উঠেছে শতাধিক দোকান। রাস্তার অংশও চলে গেছে দখলকারীদের দখলে।
দখলের এই চিত্র ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৫ নম্বর ওয়ার্ডের। গতকাল রোববার ওয়ার্ড ঘুরে দেখা যায়, অনেক সড়কে অবৈধভাবে দোকানপাট গড়ে উঠেছে। ওয়ার্ডের সাংবাদিক কলোনির পাশ দিয়ে বয়ে যাওয়া খালে ময়লা-আবর্জনার পুরু স্তর জমেছে। ছোট বাচ্চারা খালের ওপর ব্যাডমিন্টন, ক্রিকেট খেলে। আর বৃষ্টি হলেই খালের দুই পাড় প্লাবিত হয়ে সৃষ্টি হয় জলাবদ্ধতা।
মিরপুর ১১ নম্বর সেকশনের ব্লক এ, বি, ডি, ই, এফ (সাংবাদিক আবাসিক এলাকা), পলাশনগর, বাউনিয়া বাঁধ ও লালমাটিয়া এই ওয়ার্ডের অন্তর্ভুক্ত। ওয়ার্ডে আছে আটকে পড়া পাকিস্তানিদের একাধিক ক্যাম্প। প্রায় ৭২ হাজার ভোটারের এই ওয়ার্ডে দুই লক্ষাধিক লোকের বাস।
সড়কে অবৈধ ট্রাকস্ট্যান্ড
মিরপুর ১১ নম্বর সেকশনের কালশী মোড় থেকে বাউনিয়া বাঁধ এলাকায় প্রবেশের সড়কটি বাউনিয়া বাঁধ নতুন রাস্তা নামে পরিচিত। গতকাল দেখা যায়, সড়কের এক পাশজুড়ে সারি সারি ট্রাক-পিকআপ রাখা। কয়েক শ মিটার দূরের লালমাটিয়া টেম্পোস্ট্যান্ড পর্যন্ত এমন ট্রাক-পিকআপের সারি চোখে পড়ে। সড়কটি প্রস্থে বেশ বড় হলেও রাস্তার অনেকখানি জুড়ে একাধিক সারিতে এসব ট্রাক-পিকআপ রাখায় তা সংকুচিত হয়ে পড়েছে। সড়কের এপাশে নেই কোনো ফুটপাত। এমনভাবে ট্রাক-পিকআপ রাখা হয়েছে যে সাধারণের চলাচলের কোনো উপায় নেই। সড়কের আরেক পাশে গড়ে উঠেছে গাড়ি ও রিকশা মেরামতের দোকান। সড়কের ওপরে সারি করে রিকশা ও গাড়ি রেখে চলছে মেরামতের কাজ।
ট্রাকস্ট্যান্ডের পাশে গড়ে তোলা হয়েছে বাংলাদেশ আন্তজেলা ট্রাকচালক ইউনিয়নের শাখা কার্যালয়। ট্রাকচালক ইউনিয়নের কেন্দ্রীয় দপ্তরের সাধারণ সম্পাদক আহমদ আলী বলেন, ‘ট্রাকস্ট্যান্ড অনুমোদিত না। কিন্তু ঢাকার ভেতরে জরুরি পরিবহনে এসব যানবাহন দরকার। আমরা সরকারের কাছে স্থায়ী জায়গার জন্য আবেদন করেছি। স্থায়ী ব্যবস্থা হলে আমরা সরে যাব।’
ফুটপাতজুড়ে দোকানপাট
২০১৪ সালে টি-২০ বিশ্বকাপ উপলক্ষে মিরপুরের কালশী সড়কটি সংস্কার করা হয়। সড়ক প্রশস্ত করার পাশাপাশি দুই পাশেই ফুটপাত নির্মাণ করা হয়। সংস্কারের পর থেকেই ফুটপাত বেদখল হয়ে গেছে। বাধ্য হয়ে লোকজন ব্যস্ত সড়ক দিয়ে হাঁটছেন।
কালশী নতুন সড়কের প্রবেশমুখে মিরপুর ১১ নম্বর ট্রাফিক পুলিশ বক্সের পাশে গড়ে উঠেছে চা-শিঙাড়া ও ফলের দোকান। তারপরই আছে স্যানিটারি সামগ্রী। ফুটপাতের ওপরে সিএনজিচালিত অটোরিকশার রঙের কাজ চলছে। পাশে চলছে লেপ-তোশক বানানো। তার সামনে করাতকলের কাঠের গুঁড়ি রাখা। আছে লোহালক্কড়, আসবাবের দোকানের বিভিন্ন সামগ্রী।
স্থানীয় বাসিন্দা শফিকুল ইসলাম বলেন, ‘রাস্তা সংস্কার হতে না হতেই ফুটপাত দখল হয়ে গেছে। এখন আস্তে আস্তে রাস্তাও দখল করছে। হাঁটার জায়গাটুকুও খালি নেই। বাধ্য হয়ে রাস্তায় নামছি। দখল থামানোর যেন কেউ নেই।’
খাল না মাঠ বোঝা দায়
কালশী সড়কের দ্য ইঞ্জিনিয়ার্স সিভিল টাওয়ারের পশ্চিম পাশের কালভার্ট থেকে শুরু করে শেখ কামাল উচ্চবিদ্যালয়ের উত্তর পাশের কালভার্ট পর্যন্ত খাল ভরে আছে শক্ত আবর্জনায়। খালের ওপর দিয়ে দিব্যি হাঁটাচলা করা যায়। খালের পশ্চিম পাশে আছে সাংবাদিক কলোনি আর পূর্ব পাশে আদর্শ নগর।
প্লাস্টিক, পলিথিন, কাপড়, সেলুনের ময়লা, বোতল, আবর্জনা, বস্তা, কাগজসহ বারোয়ারি বর্জ্যে খাল ভরে আছে। গৃহস্থালি বর্জ্যও বিস্তর। গোটা এলাকার বাতাসেই মিশে আছে উৎকট গন্ধ। খাল দিয়ে পানি প্রবাহিত হচ্ছে না। বাচ্চারা খালের ওপর দৌড়ায়, খেলাধুলা করে। বুনো লতাগুল্ম জন্মে।
স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, বৃষ্টির দিনে খালপাড়ের বাসিন্দাদের ভোগান্তি চরমে ওঠে। দুই পাড় ছাপিয়ে পানিতে ভেসে যায় আশপাশের এলাকা। খালটির দায়িত্ব ঢাকা ওয়াসার। ওয়াসার সংশ্লিষ্ট বিভাগ থেকে জানানো হয়, খালটি বছরে একবার পরিষ্কার করা হয়। স্থানীয় বাসিন্দারা আবর্জনা ফেলায় দ্রুতই আবর্জনা জমে যায়।
জলাশয়ে ঝুঁকিপূর্ণ বসবাস
বাউনিয়া বাঁধ এলাকায় ঝিলের ওপরে গড়ে উঠেছে কয়েক শ ঘরবাড়ি। পানিতে ডুবে থাকা বাঁশের খুঁটির ওপর কাঠের পাটাতন ও টিনের বেড়া দিয়ে তৈরি ঘরগুলোর মধ্যে কিছু আবার দোতলা। বাউনিয়া বাঁধের এ এবং সি-ব্লক ও বাজার রোড এলাকায় জলাশয়ের ওপরে এসব ঘর নিয়ে গড়ে উঠেছে একাধিক বস্তি। টিন, কাঠ ও বাঁশ দিয়ে তৈরি অবৈধ এসব ঘর দেবে গিয়ে যেকোনো সময় ঘটতে পারে বড় ধরনের কোনো দুর্ঘটনা।
বাউনিয়া বাঁধ বাজার রোডের এক পাশে কলাবাগান বস্তি। এই রাস্তা ধরে কিছুটা সামনে এগোলেই পুকুরপাড় বস্তি। দুটি বস্তিতে ঘর আছে কয়েক শ। সব ঘরই জলাশয়ের ওপরে বানানো। বস্তির বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, এলাকার কিছুটা সামর্থ্যবান ও প্রভাবশালী লোকজনের অনেকেই এসব ঘর ভাড়া দিয়ে ব্যবসা করে থাকেন।
বর্তমান ওয়ার্ড কাউন্সিলর আবদুর রউফ আগেও ওয়ার্ডের সাবেক কমিশনার ছিলেন। তিনি ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতিও। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের একটি প্রশিক্ষণে ঢাকার বাইরে থাকায় তাঁর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। ওয়ার্ডের নানান বিষয়ে কাউন্সিলর কার্যালয়ের সচিব আবু সাঈদ প্রথম আলোকে বলেন, ফুটপাত দখলমুক্ত করতে তালিকা করে সম্পত্তি বিভাগে পাঠানো হয়েছে। ওয়াসাকে বছরে একাধিকবার খাল পরিষ্কার করতে অনুরোধ জানানো হয়েছে।