সড়কে ঠেলাগাড়িতে বিপজ্জনক বৈদ্যুতিক ট্রান্সফরমার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালী শহরের সরকারি কলেজ সড়কের পাশে রাখা একটি ঠেলাগাড়ি। ঠেলাগাড়ির ওপরে খাঁচায় ভরা ১১ হাজার ভোল্টের একটি বৈদ্যুতিক ট্রান্সফরমার। খাঁচায় ছোট একটা সাইনবোর্ড লাগানো। তাতে লেখা ‘বিপজ্জনক’। কিন্তু মানুষ এই ট্রান্সফরমারের পাশ দিয়ে অবাধে চলাচল করছেন।
গত রোববার সকালে সরেজমিনে দেখা গেছে, পটুয়াখালী সরকারি কলেজের প্রধান ফটক থেকে দক্ষিণে কলেজের সীমানাপ্রাচীর এবং বিএডিসি (বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন) মসজিদের সামনের সড়কে একটি বৈদ্যুতিক খুঁটির পাশে এই ভ্রাম্যমাণ ট্রান্সফরমারটি রাখা। লোকজনকে সাবধান করতে শুধু একটি সাইনবোর্ড এবং দুটি টুকরো লাল কাপড় ট্রান্সফরমারের লোহার খাঁচায় ঝুলিয়ে দেওয়া হয়েছে। চারপাশে কোনো বেড়াও দিয়ে দেওয়া হয়নি। এর পাশ ঘেঁষে অনেক মানুষ চলাচল করছে।
এলাকাবাসী ইমাম হোসেন বলেন, লোহার খাঁচাবন্দী ট্রান্সফরমারটির পাশে তাঁদের বাসা। বিপজ্জনক চিহ্ন পথচারীরা দেখতে পান না। অনেকে খেয়ালও করেন না। এক সপ্তাহ হয়ে গেলে তারপরও ভ্রাম্যমাণ ট্রান্সফরমারটি সরানো হচ্ছে না।
পটুয়াখালী সরকারি কলেজের বিবিএ প্রথম বর্ষের ছাত্রী তানজিলা রাব্বী সাওদা বলেন, কলেজের খুব কাছে এই ভ্রাম্যমাণ ট্রান্সফরমারটি। এ ছাড়া এ এলাকায় দুটি বিদ্যালয়ও আছে। ওই দুই বিদ্যালয়ের শিক্ষার্থীরাও এ সড়ক ব্যবহার করে। শিশুরা খেলার ছলে এতে হাত দিতে পারে। তাই হাঁটার সময় যেকোনো দুর্ঘটনা ঘটতে পারে।
স্থানীয় বাসিন্দা সূত্র জানায়, সড়কের মধ্যে এভাবে ঠেলাগাড়িতে ট্রান্সফরমার রাখার বিষয়টি স্বাভাবিক নয়। অনেকে তাই ঠেলাগাড়িতে কী আছে তা হয়তো খেয়ালই করেন না। ট্রান্সফরমার রাখার ঠেলাগাড়িটাও উঁচু না। এটা সড়ক থেকে সরিয়ে দেওয়া উচিত। আর যদি সরাতে দেরি হয় তাহলে ট্রান্সফরমারটির আশপাশে বেড়া দিয়ে দেওয়া জরুরি।
ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ওজোপাডিকো) পটুয়াখালীর এক কর্মকর্তা বলেন, ২২ আগস্ট কলেজ রোড এলাকার ট্রান্সফরমারটি পুড়ে নষ্ট হয়ে যায়। এতে ওই এলাকার বিদ্যুৎ চলে যায়। এই অবস্থায় জরুরি বিদ্যুৎসেবা দেওয়ার জন্য সেখানে ঠেলাগাড়ির করে একটি অস্থায়ী ‘ভ্রাম্যমাণ ট্রান্সফরমার’ রাখা হয়।
ওজোপাডিকোর পটুয়াখালীর নির্বাহী প্রকৌশলী (বিক্রয় ও বিতরণ বিভাগ) মো. আবদুস সালেক খান বলেন, স্থানীয় লোকজনের বিদ্যুৎ-দুর্ভোগ কমাতে ভ্রাম্যমাণ ট্রান্সফরমার সড়কে বসানো হয়েছে। নতুন ট্রান্সফরমার বরাদ্দ পাওয়া গেছে। দ্রুত সেখানে একটি ট্রান্সফরমার স্থাপন করে ভ্রাম্যমাণ ট্রান্সফরমারটি সরিয়ে নেওয়া হবে।